“কভার ড্রাইভ খেলার জন্য বিরাটকে আরও ভালো বল বাছতে হবে” – ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর
সেঞ্চুরিয়নে দুই ইনিংসেই কভার ড্রাইভ খেলতে গিয়ে আউট হন কোহলি
আপডেট করা - Dec 30, 2021 12:49 pm

ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর মনে করেন যে বিরাট কোহলি কভার ড্রাইভ খেলে বারবার আউট হলেও তাঁর ওই শট খেলা কমিয়ে দেওয়ার দরকার নেই। বুধবার (২৯শে ডিসেম্বর) সেঞ্চুরিয়নে ভারতীয় অধিনায়ক আবারও কভার ড্রাইভ খেলতে গিয়ে উইকেটকিপার কুইন্টন ডি ককের হাতে ক্যাচ তুলে দিয়ে আউট হন। প্রথম ইনিংসেও কোহলি অফ-স্টাম্পের বাইরের ওয়াইড ডেলিভারি তাড়া করতে গিয়ে বল ব্যাটের কোণায় লেগে স্লিপের হাতে গিয়ে ওঠে।
গত কয়েক মাস বা তারও বেশি সময় ধরে ৩৩ বছর বয়সী অভিজ্ঞ ব্যাটার এভাবে আউট হওয়া প্রায় অভ্যাসে পরিণত করেছেন। তাঁর ভক্ত ও ক্রিকেট বিশেষজ্ঞরা তাঁকে কভার ড্রাইভ কমানোর পরামর্শ দিচ্ছেন। এই শট কোহলিকে এক সময় অনেক রান এনে দিয়েছে, কিন্তু এখন এই শটই কোহলির পতন ডেকে আনছেন।
বিক্রম রাঠৌর মনে করেন বিরাটের শক্তিই দুর্বলতায় পরিণত হয়েছে
অনেকেই আবার কোহলিকে সচিন তেন্ডুলকরের ২০০৪-এ খেলা সিডনি টেস্টের ২৪১ রানের ইনিংসটির কথা স্মরণ করিয়ে দিচ্ছেন, যে ইনিংসে মাস্টার ব্লাস্টার একটিও কভার ড্রাইভ না মেরে দ্বিশতরানের ইনিংসটি গড়েছিলেন।
কিন্তু রাঠৌর মনে করেন যে কোহলির কভার ড্রাইভ খেলা চালিয়ে যাওয়া উচিত এবং এটাও বলেছেন যে এই ধরনের শট খেলা এবং না খেলা নিয়ে নেটে আলোচনা হয়েছে। এই প্রসঙ্গে তিনি বলেছেন, “এগুলি এমন শট যা তাকে (কোহলি) প্রচুর রান এনে দেয় এবং এটি তার স্কোরিং শট। তাকে সেই শটটি খেলতে হবে এবং আমি মনে করি প্রায়শই একজনের শক্তিই দুর্বলতায় পরিণত হয়।”
“আপনি যদি একটি নির্দিষ্ট শট না খেলেন, আপনি সেই শট খেলে যেমন আউট হবেন না, তেমনই আপনি ওই শটে কখনো রানও পাবেন না। এখন আলোচনা জরুরী সেই শটটি কখন খেলতে হবে সেই নিয়ে,” বুধবার দিনের খেলা শেষ হওয়ার পরে তিনি বলেছিলেন।
যদিও, বিক্রম রাঠৌর মনে করেন যে বিরাট কোহলিসহ ভারতীয় ব্যাটারদের নিজেদের কৌশল দৃঢ় করা দরকার। তিনি জানিয়েছেন ভারত অধিনায়ককে কভার ড্রাইভ খেলার সময় সতর্ক হয়ে আরও ভাল বল বাছাই করতে হবে। “ওই শটটি খেলার কি সঠিক সময় ছিল? আমরা যদি আমাদের গেম-প্ল্যানকে আরেকটু শক্ত করতে পারি, সেটাই ভালো হবে। এই শটটি সে (কোহলি) ভাল খেলে এবং তাকে সেই শটটি চালিয়ে যেতে হবে তবে তাকে আরও ভালো বল বাছাই করতে হবে,” তিনি যোগ করেছেন।
এদিকে, টিম ইন্ডিয়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে জয় থেকে ছয় উইকেট দূরে। অন্যদিকে, জয়ের থেকে দক্ষিণ আফ্রিকা ২১১ রান দূরে। প্রোটিয়ারা চতুর্থ দিন ৯৪/৪-এ শেষ করেছে। তাদের অধিনায়ক ডিন এলগার ৫২ রানে অপরাজিত। এখন দেখার বৃহস্পতিবার সেঞ্চুরিয়নে আবহাওয়া ঠিক থাকে কিনা।