“তিনি তাঁর অন্তর থেকে আরসিবিকে সর্বস্ব দিয়েছেন” – মাইক হেসন জানালেন কেন কোহলি নেতৃত্ব ছাড়লেন

ডু প্লেসিকে অধিনায়ক করার আগে কোহলির থেকে পরামর্শ চাওয়া হয়েছিল

Virat Kohli
Virat Kohli. (Photo Source: IPL/BCCI)

২৬শে মার্চ থেকে শুরু হওয়া আইপিএলের মাত্র দুই সপ্তাহ আগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের নতুন অধিনায়ক মনোনীত করা হয়েছে ফাফ ডু প্লেসিকে। তিনি বিরাট কোহলির পদে আসীন হবেন। কোহলি ২০১৩ থেকে ২০২১ সাল পর্যন্ত মোট নয়টি মরসুমে ফ্র্যাঞ্চাইজির নেতৃত্ব দিয়েছিলেন।

এদিকে, আরসিবির ডিরেক্টর অফ ক্রিকেট অপারেশনস মাইক হেসন একজন নেতা হিসাবে ফ্র্যাঞ্চাইজির হয়ে কোহলির অবদানের প্রশংসা করেছেন। সেই সঙ্গে, হেসন এটাও স্পষ্ট করেছেন যে বিরাট এবং দলের প্রাক্তন ব্যাটিং তারকা এবি ডি ভিলিয়ার্স উভয়েই পরবর্তী অধিনায়ক হিসাবে ফাফ ডু প্লেসির নাম সুপারিশ করেছেন। 

অধিনায়ক হিসেবে বিরাট এই ফ্র্যাঞ্চাইজিকে সবকিছু দিয়েছেন: মাইক হেসন

“অধিনায়ক হিসেবে বিরাট এই ফ্র্যাঞ্চাইজিকে সবকিছুই দিয়েছেন। তিনি তাঁর অন্তর থেকে সর্বস্ব দিয়েছেন। যখন আপনি একটি ভূমিকা থেকে পদত্যাগ করেন, তখন স্পষ্টতই আপনি একটি বিরতি চান। তিনি একজন সিনিয়র খেলোয়াড় এবং একজন ব্যাটার হিসাবে আরসিবিতে তাঁর সময় উপভোগ করতে চান এবং আমরা তাঁর এই সিদ্ধান্তের প্রতি খুব শ্রদ্ধাশীল,” আরসিবি আনবক্স ইভেন্টে বক্তব্য রাখার সময় হেসন বলেছেন। 

“নেতৃত্বে পরিবর্তন এসেছে মানে এই নয় যে তাঁর আরসিবির হয়ে ম্যাচ জিততে চাওয়ার পরিস্থিতি পরিবর্তিত হয়েছে। আমরা বিরাটের সাথে নেতৃত্বের বিকল্পগুলি নিয়ে কথা বলেছিলাম এবং ফাফ এমন একজন ছিলেন যার সম্পর্কে তিনি সত্যিই আগ্রহী ছিলেন। আমি এবি ডি ভিলিয়ার্সের থেকেও মত নিয়েছি সে কী ভাবছে জানার জন্য,” তিনি যোগ করেছেন।

অভিজ্ঞ দক্ষিণ আফ্রিকান ব্যাটার ২০২১ সংস্করণের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়া সত্ত্বেও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস দ্বারা ছেড়ে দিয়েছিল। গত মরসুমে ডু প্লেসি ১৬ ম্যাচে ৬৩৩ রান সংগ্রহ করেছিলেন এবং সিএসকের চতুর্থ আইপিএল জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর।

গত মাসে আইপিএল ২০২২ মেগা নিলামে তাঁকে ৭ কোটি টাকায় কিনেছিল তিনবারের ফাইনালিস্ট আরসিবি। বেঙ্গালুরু-ভিত্তিক ফ্র্যাঞ্চাইজিকে তাদের প্রথম আইপিএল ট্রফি জয়ে ডু প্লেসি নেতৃত্ব দিতে পারেন কি না সেই দিকে নজর থাকবে সমর্থকদের। ২৭শে মার্চ মুম্বাইয়ে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে আরসিবি তাদের অভিযান শুরু করবে।

close whatsapp