আইপিএলের ইতিহাসে সর্বাধিক ছয় মারার তালিকায় পঞ্চম স্থানে উঠে এলেন বিরাট কোহলি

Virat Kohli
Virat Kohli. (Photo Source: BCCI/IPL)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬ তম সংস্করণের ১৫ তম ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) এবং লখনউ সুপার জায়ান্টাস (এলএসজি)। এই ম্যাচে আইপিএলে সর্বাধিক ছয় মারার তালিকায় পঞ্চম স্থানে উঠে এলেন বিরাট কোহলি। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় এলএসজি। বিরাট এবং ডু প্লেসিস দুজনে মিলে প্রথম উইকেটে ৯৬ রানের পার্টনারশিপ করেন। বিরাট ৪৪ বলে ৬১ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৪টি চার এবং ৪টি ছয়। এটি ছিল এবারের আইপিএলে তার দ্বিতীয় অর্ধশতরান। তার প্ৰথম অর্ধশতরানটি আসে মুম্বাই ইন্ডিয়ান্সের (এমআই) বিরুদ্ধে। তিনি সেই ম্যাচে ল ৪৯ বলে ৮২ রান করে অপরাজিত ছিলেন।

আইপিএলে বিরাট কোহলি ২১৮টি ইনিংসে ২২৭টি ছয় মেরেছেন। অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্সের প্রাক্তন খেলোয়াড় কায়রণ পোলার্ড, যিনি এর আগে পঞ্চম স্থানে ছিলেন তিনি ১৭১টি ম্যাচ খেলে ২২৩টি ছয় মেরেছিলেন। ২০২২ সালের মরসুমে খেলার পর তিনি আইপিএল থেকে নিজের অবসর ঘোষণা করেন।

আরসিবির তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি চেন্নাই সুপার কিংসের (সিএসকে) অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ছয়ের সংখ্যা থেকেও খুব বেশি দূরে নেই। আইপিএলে এমএস ধোনি এখনও পর্যন্ত ২৩২টি ছয় মেরেছেন।

তৃতীয় স্থানে রয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। আইপিএলে এখনও অবধি তিনি ২৪১টি ছয় মেরেছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন আরসিবির প্রাক্তন ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স। তিনি ১৭০টি ইনিংসে ২৫১টি ছয় মেরেছিলেন। এই তালিকায় প্ৰথম স্থানে রয়েছেন আরসিবির প্রাক্তন খেলোয়াড় ক্রিস গেইল। তিনি ১৪১টি ইনিংসে ৩৫৭টি ছয় মেরেছিলেন। ধোনি, রোহিত এবং কোহলির পরে আইপিএলে ডেভিড ওয়ার্নারই হলেন আইপিএলের একমাত্র সক্রিয় খেলোয়াড় যিনি ২০০টি ছয় মেরেছেন।

বিরাট কোহলি এবারের আইপিএলে এখনও পর্যন্ত ৯টি ছয় মেরেছেন। আজকের ম্যাচে তার দল প্ৰথমে ব্যাটিং করে ২০ ওভারে ২ উইকেটে ২১২ রান করে। বিরাট বাদে ফ্যাফ ডু প্লেসিস এবং গ্লেন ম্যাক্সওয়েল দুটি অসাধারণ ইনিংস খেলেছেন। ডু প্লেসিস এবং ম্যাক্সওয়েল যথাক্রমে ৪৬ বলে ৭৯* এবং ২৯ বলে ৫৯ রান করেন। রান তাড়া করতে নেমে শুরুটা একদমই ভালোভাবে করতে পারেনি লখনউ সুপার জায়ান্টাস। তারা পাওয়ারপ্লেতে যথাক্রমে কাইল মায়ার্স, দীপক হুডা এবং ক্রুনাল পান্ডিয়ার উইকেট হারিয়েছে।

আইপিএলের ইতিহাসে সর্বাধিক ছয়:

খেলোয়াড়ের নাম ম্যাচ ইনিংস ছয়
ক্রিস গেইল ১৪২ ১৪১ ৩৫৭
এবি ডি ভিলিয়ার্স ১৮৪ ১৭০ ২৫১
রোহিত শর্মা ২২৯ ২২৪ ২৪১
এমএস ধোনি ২৩৭ ২০৮ ২৩২
বিরাট কোহলি ২২৬ ২১৮ ২২৭

close whatsapp