প্রোটিয়াদের দেশে বর্ষবরণের উৎসবে বিরুস্কা ও টিম ইন্ডিয়া
আপডেট করা - Jan 1, 2022 2:52 pm

দক্ষিণ আফ্রিকার দূর্গ সেঞ্চুরিয়ন। এতদিন এশিয়ার কোনও দল সেই দূর্গ জয় করতে পারেনি। বছর শেষের ঠিক একদিন আগে সেই অসাধ্যই সাধন করেছে টিম ইন্ডিয়া। তাই নতুন বছরের আনন্দটা যে দ্বিগুন হবে তা তো বলাই বাহুল্য। সিরিজের প্রথম টেস্ট জয়ের সঙ্গেই নতুন বছর উদযাপনের আনন্দে ভাসলেন বিরাট কোহলি সহ টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা।
টি টয়োন্টি বিশ্বকাপে ব্যর্থতা। যা নিয়ে কাটাছেড়া এখনও পর্যন্ত থামেনি। যার কেন্দ্রে রয়েছেন অবশ্যই ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকা সফরের আগে বোর্ড-কোহলি সংঘাত ঘিরে বিতর্কে উত্তাল ছিল ভারতীয় ক্রিকেট মহল। বিরাট কোহলির মন্তব্য। পাল্টা বোর্ডের যুক্তি। যা নিয়ে প্রোটিয়া সফরের আগে পরিস্থিতি বেশ সরগরমই ছিল। আর সেজন্যই দক্ষিণ আফ্রিকা সফর ঘিরে উত্তেজনার গ্রাফটাও ছিল উর্ধ্বমুখী।
করোনার ভ্রুকিটি থাকা সত্ত্বেও শেষপর্যন্ত প্রোটিয়াদের মাটিতে সিরিজ খেলতে নেমেছিল ভারত। আর প্রথম টেস্টই ছিল বক্সিং ডে টেস্ট। ভারত তো বটেই, গোটা বিশ্বের চোখ ছিল এই ম্যাচের দিকে। সেঞ্চুরিয়নে ভারত কী পারবে জিততে, এই প্রশ্নই ঘোরাফেরা করছিল ক্রিকেটমহলে। অবশেষে বছরের শেষে সাফল্য এসেছে বিরাট বাহিনীর।
দ্বিতীয় টেস্টে নামার আগে বর্ষবরণে মেতে ভারতীয় দল
আর সেই জয়ের সেলিব্রেশন হবে না তাও আবার হয় নাকি। একে সেঞ্চুরিয়নের মাটিতে প্রথম টেস্ট জয়। আর তার দুদিন পরই বর্ষবরণের উত্সব। ৩০ সেপ্টেম্বর সেঞ্চুরিয়নে টেস্ট জয়ের পর থেকেই শুরু হয়ে গিয়েছিল জয়ের সেলিব্রেশনটা। ড্রেসিংরুমে ফিরেই বিরাট কোহলিরা মেতেছিলেন জয়ের সেলিব্রেশনে। টিম হোটেলে ফেরার পর হোটেলকর্মীদের সঙ্গে নাচতে দেখা গিয়েছিল বিরাট কোহলিকে। যে নাচের তালে পা মিলিয়েছিলেন সদ্য ভারতীয় দলের কোচের দায়িত্ব পাওয়া রাহুল দ্রাবিড়ও। সেই রেশটাই বর্ষবরণের দিনও দেখা গেল ভারতীয় দলের অন্দরে।
সম্পূর্ণ বায়ো বাবলে থাকলেও, দক্ষিণ আফ্রিকায় ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে তাদের পরিবারের সদস্যদেরও থাকার অনুমতি দেওয়া হয়েছে। টানা কোয়ারেন্টাইনের নিয়মের জন্যই এই সিদ্ধান্ত নিয়েছিলেন বোর্ড কর্তারা। সতীর্থ এবং পরিবারের সদস্যদের নিয়েই বর্ষবরণের উত্সবে মেতেছেন বিরাট কোহলিরা। আপাতত সমস্ত বিতর্ক দূরে সরিয়ে স্ত্রীয়ের সঙ্গে বর্ষবরণের উত্সবে মেতে বিরাট কোহলি ও অনুস্কা শর্মা।