“বিরাট-ফাফ-ম্যাক্সওয়েল এবং তারপরে ফুল স্টপ” – আরসিবির ব্যর্থতার কারণ বিশ্লেষণ দীপ দাশগুপ্তর

মিডল অর্ডার নিয়ে পুরো মরসুমেই ভুগেছে আরসিবি

Virat Kohli & Faf Duplessis
Faf du Plessis and Virat Kohli. (Image Source: IPL/BCCI)

প্রাক্তন ভারতীয় উইকেটকিপার দীপ দাশগুপ্ত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি)-এর ব্যাটিং ইউনিটে ভারসাম্যের অভাব নিয়ে বিশ্লেষন করার সময়ে মূল সমস্যা হিসেবে তুলে ধরেন বিরাট কোহলি, ফাফ ডু প্লেসি ও গ্লেন ম্যাক্সওয়েলের ত্রয়ীর উপরে অতিরিক্ত নির্ভরতাকে। ফ্র্যাঞ্চাইজিটি আইপিএল ২০২৩-এ ষষ্ঠ স্থান অর্জন করেছিল এবং ২০১৯-এর পরে প্রথমবারের জন্য প্লে-অফে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছে।

লিগ পর্বের শেষ দিনে গুজরাত টাইটান্স (জিটি)-এর বিরুদ্ধে আরসিবির একটি জয়ের প্রয়োজন ছিল প্লে-অফে পৌঁছনোর জন্য। তিনবারের ফাইনালিস্ট দল গতবারের চ্যাম্পিয়নদের জন্য ১৯৮ রানের টার্গেট দিলেও পাঁচ বল বাকী থাকতে হেরেছিল।

আরসিবিকে ভারতীয় প্রতিভার উপর বিনিয়োগ করতে হবে: দীপ দাশগুপ্ত

২০২৩ সংস্করণে দলের সবচেয়ে বড় সমস্যাটির প্রসঙ্গে দীপ দাশগুপ্ত ইএসপিএনক্রিকইনফোতে বলেছেন যে টপ অর্ডারে বিরাট কোহলি, ফাফ ডু প্লেসি ও গ্লেন ম্যাক্সওয়েলের পরে দলের ব্যাটিং লাইন-আপে ‘ফুল স্টপ’ পড়ে যায়। ভালো ভারতীয় প্রতিভা তুলে আনার দিকে আরসিবির নজর দেওয়া উচিৎ, মত ভারতীয় দলের প্রাক্তন উইকেটকিপার-ব্যাটারের।

“আমার মতে আরসিবির এই বছরের সমস্যা ছিল বিরাট-ফাফ-ম্যাক্সওয়েল এবং তারপরে ফুল স্টপ। আরসিবির প্রধান মনোযোগের বিষয় হওয়া উচিৎ কিছু সত্যিকারের ভাল ভারতীয় প্রতিভার দিকে তাকানো। তারা পাটিদারের অভাব অনুভব করেছে। তার ফিরে আসা তাদের বেশীরভাগ সমস্যার সমাধান করবে না, কারণ সে এখনও এই স্তরে একটি প্রমাণিত খেলোয়াড় নয়। তাই তাদের সত্যিই কিছু ভারতীয় প্রতিভা দেখতে হবে এবং তাদের উপর বিনিয়োগ করতে হবে,” বলেছেন দীপ।

পায়ের চোটের কারণে পুরো মরসুম থেকেই পাটিদার ছিটকে যাওয়ায় দলের মিডল অর্ডার ক্ষতিগ্রস্ত হয়েছিল। মাহীপাল লোমরোর, অনুজ রাওয়াত, সুয়াশ প্রভুদেসাইদের সুযোগ দেওয়া হলেও, তাঁরা বিশেষ ভরসা যোগাতে পারেননি।

১৪ পয়েন্ট নিয়ে আরসিবি ষষ্ঠ স্থানে শেষ করলেও, বেশ কিছু পারফর্ম্যান্স দলের জন্য ইতিবাচক ছিল। বিরাট কোহলি ও ফাফ ডু প্লেসি টুর্নামেন্টের শুরু থেকেই প্রথম পাঁচ রান সংগ্রাহকের তালিকায় ছিলেন। মহম্মদ সিরাজ নতুন বলে পাওয়ারপ্লেতে দুর্দান্ত পারফর্ম করেছেন। জয়পুরে ক্লিনিক্যাল রাজস্থান রয়্যালসকে ৫৯ রানে অল আউট করে এই মরসুমের সর্বনিম্ন স্কোরে প্রতিপক্ষকে আটকানোর রেকর্ডও করেছিল।

এই মরসুমে আরসিবির জন্য ইতিবাচক ফ্যাক্টর কী ছিল সেই প্রসঙ্গে আলোচনা করার সময়ে টম মুডি বলেছেন, “এই বছর তারা যা করেছে তা নিয়ে অনেক কিছুই পছন্দ করার মতো। বিরাট কোহলি তার সেরা ফর্মে ফিরেছে এবং অর্ডারের শীর্ষে অবিশ্বাস্য ফর্মে ছিল ফাফ ডু প্লেসি। তার নেতৃত্বও দুর্দান্ত। পুরো টুর্নামেন্ট জুড়ে মহম্মদ সিরাজ অসাধারণভাবে বোলিং করেছে। ম্যাক্সওয়েলও যথেষ্ট ভালো করেছে। এগুলো অবশ্যই ভালো দিক।”

close whatsapp