টপ অর্ডারের আগ্রাসী ব্যাটিংয়ের পরে বোল্ট ও চাহালের তাণ্ডব, বড় জয় দিয়ে অভিযান শুরু রয়্যালসের

২২ বলে ৫৪ রান করে ম্যাচের সেরা হন জস বাটলার

Yuzvendra Chahal
Yuzvendra Chahal. (Photo Source: IPL/Twitter)

২০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সানরাইহার্স হায়দ্রাবাদ প্রথম ওভারেই যখন শূন্য রানে দুই উইকেট হারিয়েছিল, তখনই ম্যাচের ফলাফল প্রায় নির্ধারিত হয়ে গিয়েছিল। সেই অবস্থা থেকে ম্যাচে ফিরে আসা সম্ভবও হয়নি নিয়মিত অধিনায়কবিহীন এসআরএইচের। মিডল ওভারে যুজবেন্দ্র চাহালের স্পিনের সামনে আত্মসমর্পণ করার পরে আইপিএল ২০২৩-এ রাজস্থান রয়্যালসের অভিযান শুরু হল একতরফা জয় দিয়ে।

কিউই পেসার ট্রেন্ট বোল্ট মেডেন ও দুই উইকেট নিয়ে ইনিংস শুরু করার পরে আশা করা হয়েছিল নিলামে যে দুই ব্যাটারের জন্য এসআরএইচ বিপুল অর্থ ব্যয় করেছিল, সেই হ্যারি ব্রুক ও মায়াঙ্ক আগরওয়াল দলকে ম্যাচে ফেরাবেন। তবে ব্রুক ২১ বলে ১৩ রানের মন্থর ইনিংস খেলে ড্রেসিং রুমে ফেরেন যুজবেন্দ্র চাহালের প্রথম শিকার হয়ে।

মায়াঙ্ক ক্রিজের এক প্রান্তে টিঁকে থেকে লড়াইয়ের চেষ্টা করলেও চাহালের চতুর ফ্লাইটের সামনে পরাস্ত হয়ে লং অফে ক্যাচ দিয়ে আউট হন। মায়াঙ্ক ও আব্দুল সামাদ ছাড়া সানরাইজার্সের কোনো ব্যাটারই ২০ রানের সীমা ছাড়িয়ে যেতে পারেননি। মাঝের ওভারে চাহাল আদিল রশিদ ও ভুবনেশ্বর কুমারকে আউট করে প্রথম ভারতীয় বোলার হিসেবে টি-২০ ফর্ম্যাটে ৩০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েন।

রাজস্থান রয়্যালসকে ঝোড়ো সূচনা এনে দেন জস বাটলার

এর আগে ইংল্যান্ডের টি-টোয়েন্টি অধিনায়ক জস বাটলার সানরাইজার্স হায়দ্রাবাদের বোলারদের বিরুদ্ধে ধ্বংসযজ্ঞ চালিয়েছিলেন। বাটলার ও তাঁর ওপেনিং যশস্বী জয়সওয়ালের তাণ্ডবের সৌজন্যে রাজস্থান রয়্যালস ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এ তাদের সর্বোচ্চ পাওয়ারপ্লে স্কোর ৮৫/১ তুলেছিল। মাত্র ২২ বলে ৫৪ রান করা বাটলার ষষ্ঠ ওভারের পঞ্চম বলে ফজলহক ফারুকীর বলে বোল্ড হওয়ার আগে ৭টি চার এবং ৩টি বিশাল ছক্কা মেরেছিলেন।

বিস্ফোরক ইংলিশ ব্যাটারের বিদায় সত্ত্বেও, সফরকারীরা স্কোর বোর্ডে রান জমা করতে থাকে মূলত জয়সওয়ালের দ্রুত হাফ সেঞ্চুরির সুবাদে। তাঁকে যোগ্য সহায়তা করেন রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন। জয়সওয়াল ৩৭ বলে ৫৪ রান করে আউট হওয়ার পরে রাজস্থানের গতি রুদ্ধ হয়েছিল।

তবে ৩২ ডেলিভারিতে ৫৫ রান করে অধিনায়ক নিশ্চিত করেছিলেন আরআর যেন ২০০ রানের কমে না থামে। সানরাইজার্স পেসাররা ইনিংসের শেষ প্রান্তে আবার কিছুটা রানের গতি কমাতে সক্ষম হয়েছিলেন। কিন্তু শেষের দিকে শিমরন হেটমায়ারের ১৬ বলে ২২* রাজস্থান রয়্যালসকে এই বছরের প্রতিযোগিতায় প্রথম দল হিসেবে ২০০ রানের সীমা লঙ্ঘন করতে সাহায্য করেছিল।

ম্যাচের শেষে টুইটার যেভাবে প্রতিক্রিয়া দেখাল

close whatsapp