এসআরএইচের বিরুদ্ধে নিকোলাস পুরানের খেলা ইনিংসের প্রশংসা করলেন টম মুডি

Nicholas Pooran
Nicholas Pooran. (Photo Source: IPL)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর ৫৮ তম ম্যাচে এডেন মার্করামের নেতৃত্বাধীন দল সানরাইজার্স হায়দ্রাবাদকে (এসআরএইচ) ৭ উইকেটে পরাজিত করে ক্রুনাল পান্ডিয়ার নেতৃত্বাধীন লখনউ সুপার জায়ান্টাস (এলএসজি)। প্ৰথমে ব্যাটিং করে ২০ ওভারে ৬ উইকেটে ১৮২ রান করেছিল এসআরএইচ। এলএসজি ৪ বল বাকি থাকতেই ৩ উইকেটে ১৮৫ রানে পৌঁছে এই ম্যাচটি জিতে নেয়।

এই ম্যাচটিতে একটি ঝোড়ো ইনিংস খেলেন নিকোলাস পুরান। তিনি মাত্র ১৩ বলে অপরাজিত ৪৪ রান করেন। তার এই দুর্দান্ত ইনিংসে ছিল ৩টি চার এবং ৪টি ছয়। এলএসজির জয়ের পিছনে পুরানের এই ইনিংসের অনেক বড় অবদান ছিল। তিনি এই মরসুমে অসাধারণ ফর্মের সাথে খেলছেন। তিনি এখনও পর্যন্ত ১২টি ম্যাচ খেলে ২৯২ রান করেছেন। তিনি ১৭৩.৮১ স্ট্রাইক রেটে এই রান করেছেন। তার সর্বোচ্চ রান হল ৬২।

প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার টম মুডি এলএসজির এই অভিজ্ঞ ব্যাটারের প্রশংসা করেছেন। তিনি নিজের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে বলেন, “নিকি (নিকোলাস) পুরান অসাধারণভাবে ফিনিশ করেছে, মজার ব্যাপার হল যে গত বছর এসআরএইচ নিলামে তাকে এই কাজটি করার জন্য কিনেছিল।”

প্লেঅফসের অনেকটাই কাছাকাছি পৌঁছে গেছে লখনউ সুপার জায়ান্টাস

কেএল রাহুল ছিটকে যাওয়ায় একটা অনেক বড় ধাক্কা খেয়েছিল এলএসজি। কিন্তু সেই ধাক্কা সামলে নিয়ে প্লেঅফসের অনেকটাই কাছাকাছি পৌঁছে গেছে তারা। নিকোলাস পুরান বাদেও এসআরএইচের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন প্রেরক মানকড় এবং মার্কাস স্টয়নিস। মানকড় এবং স্টয়নিস যথাক্রমে ৪৫ বলে অপরাজিত ৬৪ রান এবং ২৫ বলে ৪০ রান করেন। এই ম্যাচে বল হাতে অধিনায়ক ক্রুনাল পান্ডিয়া খুব ভালো পারফর্ম করেছিলেন। তিনি ৪ ওভারে মাত্র ২৪ রান দিয়ে ২ উইকেট শিকার করেছিলেন। এই ম্যাচে ম্যাচসেরার পুরস্কার পেয়েছিলেন প্রেরক মানকড়।

লখনউ সুপার জায়ান্টাস এই মরসুমে এখনও পর্যন্ত ১২টি ম্যাচ খেলে ১৩ পয়েন্ট সংগ্রহ করেছে। তাদের নেট রান রেট হল +০.৩০৯। এই মুহূর্তে পয়েন্ট তালিকায় তারা চতুর্থ স্থানে রয়েছে।

১৬ই মে, মঙ্গলবার, নিজেদের ঘরের মাঠ একানা ক্রিকেট স্টেডিয়ামে রোহিত শর্মার নেতৃত্বাধীন দল মুম্বাই ইন্ডিয়ান্সের (এমআই) বিরুদ্ধে খেলতে নামবে লখনউ সুপার জায়ান্টাস। এমআই এখনও পর্যন্ত ১২টি ম্যাচ খেলে ৭টি ম্যাচে জয় পেয়েছে। তাদের নেট রান রেট হল -০.১১৭। এই মুহূর্তে পয়েন্ট তালিকায় তারা তৃতীয় স্থানে রয়েছে। এই দুই দলের লড়াইয়ে শেষমেশ কোন দল জয়ী হয় সেটাই এখন দেখার বিষয়।

close whatsapp