“আমাদের সেরা এশিয়া কাপগুলির মধ্যে একটি” – ফাইনালের আগে উত্তেজিত দাসুন শানাকা

২০১৪তে শেষবার এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কা

Dasun Shanaka
Dasun Shanaka. (Photo by SURJEET YADAV/AFP via Getty Images)

রবিবার পাকিস্তানের বিরুদ্ধে তাদের এশিয়া কাপ ২০২২ ফাইনালের আগে শ্রীলঙ্কা ক্রিকেট অধিনায়ক দাসুন শানাকা তাঁর দলের এখনও অবধি পারফর্ম্যান্স সম্বন্ধে সন্তুষ্টি প্রকাশ করে বলেছেন যে তাঁরা ফাইনাল খেলতে আগ্রহী। তিনি এও জানিয়েছেন দল হিসেবে শ্রীলঙ্কার এটি অন্যতম সেরা এশিয়া কাপ অভিযান।

সুপার ফোর পর্বে ভারত, আফগানিস্তান ও পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে উঠেছে শ্রীলঙ্কা। অর্থনৈতিক সংকটের কারণে তাদের দেশে এখন কঠিন পরিস্থিতি। যে এশিয়া কাপ তাদের নিজেদের দেশে খেলার কথা ছিল, সেটিই এখন তাদের খেলতে হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। এত সমস্যা সত্ত্বেও দ্বীপরাষ্ট্র অনবদ্য পারফর্ম করে ফাইনালে জায়গা করে নিয়েছে।

আমরা এশিয়া কাপ ফাইনালের জন্য অপেক্ষা করছি: দাসুন শানাকা

আফগানিস্তানের কাছে তাদের প্রথম ম্যাচে হারার পর তাঁর দলের প্রত্যাবর্তন দেখে শানাকা বলেছেন যে তাঁরা পাকিস্তানের বিপক্ষে ফাইনাল খেলতে পেরে উত্তেজিত। “একটি দল হিসেবে আমরা ফাইনাল খেলতে খুব উত্তেজিত এবং পাকিস্তান খুব ভালো দল। সব ম্যাচই উত্তেজক হয়েছে এবং আমরা ফাইনালের জন্য অপেক্ষা করছি,” ম্যাচের প্রাক্কালে শ্রীলঙ্কা অধিনায়ক বলেছেন।

“পিছনে ফিরে তাকালে, একটি টুর্নামেন্টের প্রেক্ষিতে, এটি আমাদের সেরা এশিয়া কাপগুলির মধ্যে একটি এবং আমরা ফাইনালের জন্য অপেক্ষা করছি,” তিনি আরও যোগ করেছেন। শ্রীলঙ্কাকে অনবদ্যভাবে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি শানাকা টুর্নামেন্টে ব্যাট হাতে ১০৯ রান করার পাশাপাশি ২টি উইকেটও নিয়েছেন বোলিং করতে এসে।

এর আগে শ্রীলঙ্কা মোট এগারোবার এশিয়া কাপ ফাইনাল খেলে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছিল। ১৯৮৬তে তারা প্রথমবার চ্যাম্পিয়ন হয়। তারপরে তারা ১৯৯৭, ২০০৪, ২০০৮ ও ২০১৪তে জয়ী হয়েছিল। শেষবার যখন তারা চ্যাম্পিয়ন হয়েছিল তখনও ফাইনালে প্রতিপক্ষ ছিল পাকিস্তান।

মাত্র এক মাসের মধ্যে ট-২০ বিশ্বকাপ শুরু হবে। তার আগে শ্রীলঙ্কা এশিয়া কাপে তাদের পারফর্ম্যান্সের কারণে উজ্জীবিত থাকবে। সম্প্রতি তারা খুব বেশী সাফল্য পায়নি। তাই এশিয়া কাপে চ্যাম্পিয়ন হতে পারলে সেই আত্মবিশ্বাস সম্বল করে অস্ট্রেলিয়ায় নামবে তারা।

close whatsapp