আকাশ চোপড়া পরামর্শ দিলেন মার্ক উডের পরিবর্ত হিসেবে কোন ভারতীয় পেসারদের কথা ভাবতে পারে লখনউ

কনুইয়ের চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেছেন উড

Mark Wood
Mark Wood. (Photo Source: Twitter)

প্রাক্তন ভারতীয় ব্যাটার আকাশ চোপড়া মনে করেন যে মার্ক উডের চোটের পরে লখনউ সুপার জায়ান্টস (এলএসজি) কিছু ভারতীয় খেলোয়াড়ের দিকে নজর দিতে পারে। ইংলিশ পেসার কনুইতে আঘাতের কারণে আইপিএল ২০২২-এর অংশ হবেন না। তিনি অনির্দিষ্টকালের জন্য প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে চলে গেছেন।

নতুন ফ্র্যাঞ্চাইজি এখনও ৩২ বছর বয়সী স্পিডস্টারের বদলির নাম ঘোষণা করেনি। গত মাসে দুই দিনের আইপিএল ২০২২ মেগা নিলামে উডকে ৭.৫ কোটি টাকায় কেনা হয়েছিল। তাঁর সঙ্গে আভেশ খানের একটি ঘাতক পেস বোলিং জুটি গড়ে ওঠার অপেক্ষায় ছিল ফ্র্যাঞ্চাইজি। 

ইশান্ত শর্মা একটি বিকল্প: আকাশ চোপড়া 

আকাশ স্বীকার করেছেন যে খুব বেশী বদলি ক্রিকেটার নেই। প্রাক্তন খেলোয়াড় কয়েকজন ভারতীয় খেলোয়াড়ের নাম দিয়েছেন যাঁদের কথা ফ্র্যাঞ্চাইজি বিবেচনা করতে পারে। তিনি তাঁর ইউটিউব চ্যানেলে বলেছেন, “কিছু ভারতীয় বিকল্প রয়েছে যেমন কুলবন্ত খেজরোলিয়া, ধাওয়াল কুলকার্নি এবং সন্দীপ ওয়ারিয়ার। এই খেলোয়াড়রা নিলামে অবিক্রিত হওয়ার পরে বিকল্প হিসাবে আইপিএলে আসতে পারে। এমনকি ইশান্ত শর্মাও একটি বিকল্প। এই সময়ে, সত্যিই খুব বেশী নাম নেই।”

বাঁ-হাতি পেসার কুলবন্ত খেজরোলিয়াকে শেষবার আইপিএল ২০১৯-এ আরসিবি-র হয়ে খেলতে দেখা গিয়েছিল৷ গত বছর শ্রীলঙ্কা সফরে জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া সত্ত্বেও, সন্দীপ ওয়ারিয়ারের জন্য এই বছর কোন ক্রেতা খুঁকে পাওয়া যায়নি।

১.৫ কোটি টাকা ন্যূনতম মূল্যের ইশান্ত শর্মা অবিক্রিত থাকার পর রঞ্জি ট্রফিতে দিল্লির হয়ে ঘরোয়া সার্কিটে ফিরে গিয়েছিলেন। অভিজ্ঞ পেসার জাতীয় দল থেকেও বাদ পড়েছেন।

চোপড়া উল্লেখ করেছেন যে টুর্নামেন্টের প্রাথমিক পর্যায়ে বিদেশী খেলোয়াড়দের অভাব কীভাবে দিল্লি ক্যাপিটালস এবং লখনউ সুপার জায়ান্টসকে প্রভাবিত করতে পারে। বেশ কিছু বিদেশী খেলোয়াড় তাঁদের জাতীয় দলের সঙ্গে যুক্ত থাকবেন এবং ফলস্বরূপ, ২৬শে মার্চ থেকে শুরু হওয়া লিগের প্রাথমিক পর্বে খেলতে পারবেন না।

এই প্রসঙ্গে চোপড়া বলেছেন, “আপনি যদি দিল্লি ক্যাপিটালসের দিকে তাকান, সেখানে মাত্র তিনজন বিদেশী খেলোয়াড় থাকবে। লখনউ সুপার জায়ান্টসও একই সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। তারা যখন টুর্নামেন্ট শুরু করবে, তখন তাদের বেশ কয়েকজন খেলোয়াড়কে পাওয়া যাবে না।”

কুইন্টন ডি কক, জেসন হোল্ডার, কাইল মেয়ার্স, মার্ক উড এবং মার্কাস স্টয়নিস লখনউ সুপার জায়ান্টসের হয়ে টুর্নামেন্টের শুরুর কয়েকটি ম্যাচে থাকবেন না। অন্যদিকে দিল্লি ক্যাপিটালসের হয়ে অনুপস্থিত থাকবেন ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, মুস্তাফিজুর রহমান ও লুঙ্গি ঙ্গিডি। 

close whatsapp