ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচে ভারতের জয়ের পর কুলদীপ যাদবের প্রশংসা করলেন সঞ্জয় মাঞ্জরেকর

Kuldeep Yadav
Kuldeep Yadav. ( Image Source: Twitter)

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট এবং ওডিআই সিরিজে জয় পাওয়ার পর টি-২০ সিরিজে শুরুটা ভালোভাবে করতে ব্যর্থ হয়েছিল ভারত। রোভম্যান পাওয়েলের নেতৃত্বাধীন দল প্ৰথম এবং দ্বিতীয় ম্যাচে যথাক্রমে ৪ রান এবং ২ উইকেটে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন দলকে পরাজিত করেছিল। এরপর তৃতীয় টি-২০ ম্যাচে অসাধারণভাবে কামব্যাক করেছে ভারতীয় দল।

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকর তৃতীয় ম্যাচে ভারতের জয়ের পর অভিজ্ঞ স্পিনার কুলদীপ যাদবের প্রশংসা করেছেন। কুলদীপ এই ম্যাচে ৪ ওভারে ২৮ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন। তিনি ব্র্যান্ডন কিং, জনসন চার্লস এবং নিকোলাস পুরানকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়েছিলেন।

সঞ্জয় মাঞ্জরেকর টুইট করেছেন, “সূর্য দুর্দান্ত ছিল কিন্তু কুলদীপ আমার কাছে সত্যিকারের ম্যাচ উইনার। পুরান সহ টপ অর্ডারের ৩টি উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ১৫৯-এ সীমাবদ্ধ করেছেন। সাবাস কুলদীপ!”

ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভারে ৫ উইকেটে ১৫৯ রান করতে সক্ষম হয়েছিল। দুই ওপেনার ব্র্যান্ডন কিং এবং কাইল মেয়ার্স যথাক্রমে ৪২ বলে ৪২ রান এবং ২০ বলে ২৫ রান করেন। নিকোলাস পুরান ১২ বলে ২০ রান করতে সক্ষম হন। অধিনায়ক রোভম্যান পাওয়েল ১৯ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন। ভারত ১৩ বল বাকি থাকতেই ৭ উইকেটে ম্যাচটি জিতে নেয়। সূর্যকুমার যাদব ১০টি চার এবং ৪টি ছয় সহ ৪৪ বলে ৮৩ রান করেন। তিলক ভার্মা এবং অধিনায়ক হার্দিক পান্ডিয়া যথাক্রমে ৩৭ বলে ৪৯ রান এবং ১৫ বলে ২০ রান করে অপরাজিত থাকেন।

দ্রুততম ভারতীয় বোলার হিসেবে টি-২০ ক্রিকেটে ৫০টি উইকেট নিলেন কুলদীপ যাদব

ভারতীয় দলের হয়ে দ্রুততম বোলার হিসেবে টি-২০ ক্রিকেটে ৫০টি উইকেট নেওয়ার মাইলফলক স্পর্শ করলেন কুলদীপ যাদব। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচটিতে এই কৃতিত্ব অর্জন করেন তিনি।

কুলদীপ যাদব নিজের ৩০ তম ম্যাচে এই রেকর্ডটি করেন। তার আগে এই রেকর্ড যুজবেন্দ্র চাহালের নামে ছিল। তিনি নিজের ৩৪ তম ম্যাচে ৫০টি উইকেট নেওয়ার মাইলফলক স্পর্শ করেছিলেন। ম্যাচের ১৫ তম ওভারে ব্র্যান্ডন কিংকে আউট করার মাধ্যমে এই মাইলফলকটি স্পর্শ করেন কুলদীপ।

১২ই আগস্ট, শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চতুর্থ টি-২০ ম্যাচটি খেলতে নামবে ভারত। এই ম্যাচটিতে কোন দল জয় পায় সেটাই এখন দেখার বিষয়।

close whatsapp