ঋদ্ধিমান সুস্থ, আবহাওয়ার উপর নির্ভর করছে দলের কম্বিনেশন, দ্বিতীয় টেস্টের আগের দিন জানালেন অধিনায়ক কোহলি
মুম্বইয়ে গতকাল অবিরাম বৃষ্টির কারণে বাতিল করতে হয়েছে প্র্যাক্টিস সেশন
আপডেট করা - Dec 2, 2021 4:24 pm

৩রা ডিসেম্বর থেকে মুম্বাইতে শুরু হওয়া দ্বিতীয় টেস্টে ভারতীয় উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহাকে পাওয়া যাওয়ার ব্যাপারে নিশ্চিত বিরাট কোহলি। কানপুরের ড্র ম্যাচে সাহা ঘাড়ে ব্যাথা নিয়েও ব্যাটিং করেছিলেন, তবে উইকেটকিপিং করতে পারেননি। কেএস ভরতকে উইকেটের পিছনে দেখা গিয়েছিল উভয় ইনিংসেই। দলের কম্বিনেশন নির্ভর করবে আবহাওয়ার উপর, জানালেন ক্যাপ্টেন কোহলি।
প্রথম টেস্টে বিশ্রাম নেওয়ার পরে এই ম্যাচে কোহলি ফিরছেন। আকাশ যেহেতু মেঘলা থাকার সম্ভাবনা, তাই আবহাওয়ার পরিস্থিতি দেখেই টিম ম্যানেজমেন্ট প্রথম একাদশের কম্বিনেশন ঠিক করবে। টানা বৃষ্টির কারণে গতকাল ১লা ডিসেম্বর দুই দলই তাদের অনুশীলন বাতিল করতে বাধ্য হয়েছে।
দলের কম্বিনেশন কেমন হবে, সেই নিয়ে অধিনায়কের মতামত
ঋষভ পান্তের অনুপস্থিতিতে ঋদ্ধিমান সাহাই উইকেটকিপার হিসেবে ভারতের প্রথম পছন্দ। মুম্বাই টেস্টের আগে একটি ভার্চুয়াল কনফারেন্সে কোহলি বলেছেন, “সাহাকে এখনও পর্যন্ত ফিট বলা যায় এবং সে ঘাড়ের সমস্যা থেকে সম্পূর্ণরূপে সুস্থ হয়ে উঠেছে।”
তবে সবচেয়ে বড় প্রশ্ন হল: একাদশে কোহলির অন্তর্ভুক্তিতে কে দলের বাইরে যাবেন? রানের স্বল্পতা সত্ত্বেও, চেতেশ্বর পূজারা বা আজিঙ্কা রাহানের বাদ দেওয়ার সম্ভাবনা কম।
শ্রেয়াস আইয়ার কানপুরে প্রথম একাদশে সুযোগ পেয়েছিলেন বেশ কিছু ব্যাটার অনুপস্থিত থাকায়। তবে অভিষেক ম্যাচে ১০৫ ও ৬৫ রানের দুটি মূল্যবান ইনিংস খেলে দেওয়ার পর তাঁর বাদ যাওয়া একপ্রকার অসম্ভব। এই বছরের শুরুর দিকে ব্রিসবেন টেস্টের পর কানপুরে দলে ফেরা মায়াঙ্ক আগরওয়ালকে বাদ দেওয়ার সম্ভাবনা রয়েছে।
“মুম্বাইয়ের আবহাওয়ার কথা মাথায় রেখে আমাদের একাদশের কম্বিনেশন ভাবতে হবে। পাঁচ দিন ধরে এমনই থাকবে কি না তা আগে থেকে বলতে পারা যায় না,” কোহলিকে দলগঠন সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন।
“টিমের সব সদস্যই বোঝেন দল কোথায় রয়েছে। আমাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া আছে এবং কেউ বাদ গেলে সেটা হবে কম্বিনেশনের উপর নির্ভর করে। দলের প্রতি সম্মিলিত আস্থা থাকলে কাজটা খুব একটা কঠিন নয় কারণ আমরা দলকে অগ্রাধিকার দিই,” বিরাট ওই প্রসঙ্গে আরও বলেছেন।
কানপুরে চূড়ান্ত সেশনে ব্যাট করার জন্য কৃতিত্ব দিতেই হবে নিউজিল্যান্ডকে: বিরাট কোহলি
এদিকে, ভারতীয় অধিনায়ক বলেছেন যে কানপুর টেস্টের ফলাফলে তিনি হতাশ নন। শেষ উইকেট জুটি রচিন রবীন্দ্র এবং আজাজ প্যাটেলের অনড় ব্যাটিংয়ে তারা একসঙ্গে ৫২ বল টিকে থেকে ম্যাচ ড্র করে দেয়।
“আমি খেলাটি দেখেছি এবং তারা (নিউজিল্যান্ড) একটি দল হিসাবে যা যা করতে পারে তা করার চেষ্টা করেছিল। জিনক্স (অজিঙ্কা রাহানে) বরাবরই বিরোধী দলকে চাপে রাখার জন্য দুর্দান্ত আইডিয়া নিয়ে আসে যেমনটি সে এই বছরের শুরুতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে করেছিল। তবে কখনও কখনও চূড়ান্ত সেশনে ব্যাট করার জন্য আমাদের প্রতিপক্ষকেও কৃতিত্ব দিতে হয়।”
কোহলি শেষবার ওয়াংখেড়েতে ভারতের হয়ে টেস্ট খেলার সময় ইংল্যান্ডের বিরুদ্ধে একটি দুর্দান্ত ২৩৫ রানের ইনিংস খেলেছিলেন।
“আমি ওয়াংখেড়েতে খেলা উপভোগ করি এবং এখানে আনন্দের স্মৃতি আছে। আপনি সব সময় একই পদ্ধতিতে ব্যাট করতে পারবেন না। পরিস্থিতি অনুযায়ী ব্যাট করতে হবে,” তিনি শেষে বলেছেন।