এমএস ধোনির অধিনায়কত্বের সাথে হার্দিক পান্ডিয়ার অধিনায়কত্বের তুলনা করলেন সুনীল গাভাস্কার
আপডেট করা - May 27, 2023 2:36 pm

২৮শে মে, রবিবার, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর ফাইনাল ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের (জিটি) মুখোমুখি হবে চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (সিএসকে)। এই দুটি দল এখনও পর্যন্ত ৪ বার একে অপরের বিরুদ্ধে খেলেছে, যার মধ্যে ৩ বার জিতেছে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন দল এবং ১ বার জিতেছে এমএস ধোনির নেতৃত্বাধীন দল।
আইপিএলের ১৬ তম সংস্করণের কোয়ালিফায়ার ১-এ জিটির বিরুদ্ধে এই একমাত্র জয়টি পেয়েছিল সিএসকে। গুজরাট টাইটান্সের কাছে পরপর ২ বার চ্যাম্পিয়ন হওয়ার একটি বড় সুযোগ রয়েছে। আইপিএলের ১৬ তম সংস্করণের উদ্বোধনী ম্যাচে এই দুটি দলই মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে প্ৰথমে ব্যাটিং করে ২০ ওভারে ৭ উইকেটে ১৭৮ রান করেছিল সিএসকে। জিটি ১৯.২ ওভারে ৫ উইকেটে ১৮২ রানে পৌঁছে এই ম্যাচটি জিতে নিয়েছিল। সেই ম্যাচে ম্যাচসেরার পুরস্কার পেয়েছিলেন রশিদ খান।
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কার এমএস ধোনির অধিনায়কত্ব শৈলীর সাথে হার্দিক পান্ডিয়ার অধিনায়কত্ব শৈলীর তুলনা করেছেন। তাদের দুজনের সুসম্পর্কের কথাও তিনি উল্লেখ করেছেন।
স্টার স্পোর্টসকে সুনীল গাভাস্কার বলেন, “তিনি (হার্দিক) এমএসডির (মহেন্দ্র সিং ধোনি) প্রতি তার প্রশংসা এবং স্নেহ সম্পর্কে খুব খোলামেলা, বাকিদের মতোই যারা এমএসডির কেরিয়ার অনুসরণ করেছেন। যখন তারা টস করতে যায়, তাদের মধ্যে বন্ধুত্বটি চোখে পড়ে, তারা হাসাহাসি করে। কিন্তু যখন ম্যাচ শুরু হয়, পরিবেশ একদম পাল্টে যায়। তিনি কত দ্রুত শিখেছেন সেটি দেখানোর জন্য এটি হার্দিক পান্ডিয়ার জন্য একটি খুব ভালো সুযোগ।”
“তিনি দলে যে শান্ততা এনেছেন তা এমএসডির কথা মনে করিয়ে দেয়” – সুনীল গাভাস্কার
সুনীল গাভাস্কার হার্দিক পান্ডিয়ার অধিনায়কত্বের প্রশংসা করেছেন। এছাড়াও চেন্নাই সুপার কিংসের সাথে গুজরাট টাইটান্সের তুলনা করেছেন তিনি।
সুনীল গাভাস্কার বলেন, “গত বছর যখন তিনি প্রথমবারের জন্য অধিনায়ক হয়েছিলেন, তখন কেউ জানত না যে কি আশা করা উচিত কারণ তিনি সবচেয়ে উত্তেজিত এবং উত্তেজনাপূর্ণ ক্রিকেটারদের মধ্যে একজন। কিন্তু সেই উত্তেজনাপূর্ণ অংশ আমরা গত বছর দেখেছি। তিনি দলে যে শান্ততা এনেছেন তা এমএসডির কথা মনে করিয়ে দেয়। এটি একটি সুখী দল, যা আমরা সিএসকেতেও দেখতে পাই। এর জন্য হার্দিককে অনেক কৃতিত্ব নিতে হবে।”