মাদুশাঙ্কার পরে এবার চোট পেয়ে ছিটকে গেলেন শ্রীলঙ্কার আরও এক পেসার দুষ্মান্থা চামিরা
চলতি বিশ্বকাপে দুই ম্যাচ খেলে ৪ উইকেট নিয়েছিলেন চামিরা
আপডেট করা - Oct 19, 2022 10:53 am

একটি হার ও একটি জয়ের পরে দুশ্চিন্তায় থাকা শ্রীলঙ্কার সমস্যা আরও বাড়ল কারণ এক্সপ্রেস পেসার দুষ্মান্থা চামিরা টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ থেকে বাদ পড়েছেন৷ শ্রীলঙ্কার জন্য এটি একটি বড় ধাক্কা হিসাবে প্রমাণিত হবে। অস্ট্রেলিয়ার দ্রুত গতির পিচে চামিরার মতো ১৪০+ কিমি/ঘণ্টা গতিতে বোলিং করতে পারা পেসার বিপক্ষকে বিপাকে ফেলতে পারতেন।
চোট পাওয়ার আগে তাঁর শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বিরুদ্ধে বল হাতে দুর্দান্ত ফর্মে ছিলেন চামিরা এবং দলের হয়ে তিন উইকেট নিয়েছিলেন। তবে কাফ মাসলের চোটের কারণে তিনি পুরো চার ওভারের কোটা পূরণ করতে পারেননি। যদিও শুধু চামিরার ক্ষেত্রেই শ্রীলঙ্কার চোট উদ্বেগ শেষ হওয়ার নয়, দানুষ্কা গুণাথিলাকা ও প্রমোদ মাদুশানের ফিটনেস নিয়েও প্রশ্নচিহ্ন রয়েছে এবং হ্যামস্ট্রিং চোটের জন্য দুজনেরই স্ক্যান করাতে হবে।
এদিকে মঙ্গলবার গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বড় জয় পেয়েছে শ্রীলঙ্কা। ম্যাচ জিতলেও শ্রীলঙ্কার ব্যাটিং নিয়ে টিম ম্যানেজমেন্টের উদ্বেগ কমবে না। টপ অর্ডারের তিন ব্যাটার পাথুম নিসাঙ্কা, কুসাল মেন্ডিস ও ধনঞ্জয়া ডি সিলভা রান পেলেও বাকি কোন ব্যাটার সংযুক্ত আরব আমিরাতের মতো তথাকথিত দুর্বল প্রতিপক্ষর বিরুদ্ধেও দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি।
দলের পারফর্ম্যান্সের বিশ্লেষণ করেছেন কোচ ক্রিস সিলভারউড
“আমরা যে তাপমাত্রা অনুভব করছি, তার সাথে ছেলেরা অভ্যস্ত নয়। এটা অবশ্যই কলম্বো নয়। এমনকি আমিও একটু ঠান্ডা অনুভব করছি। এখানে তাড়াতাড়ি আসার পর আমাদের যে প্রস্তুতি ও সুযোগ-সুবিধা দেওয়া হয়েছিল, তা দুর্দান্ত ছিল। ছেলেরা সম্ভাব্য সেরা প্রস্তুতি নিয়েছে। এখানে আসার আগে ক্যান্ডিতে ভালো ক্যাম্প ছিল,” শ্রীলঙ্কার জাতীয় দলের প্রধান কোচ ক্রিস সিলভারউড বলেছেন।
“আমি মনে করি আমরা আজকে বেশ ভালোভাবে সামঞ্জস্য করেছি। প্রথম ম্যাচে আমরা কন্ডিশনগুলি বিশেষ বুঝতে পারিনি। আমরা এই বিপর্যয়কে আড়াল করিনি। এটি এমন কিছু যা আমরা আলোচনায় বেশ সততার সাথে গ্রহণ করেছিলাম,” সিলভারউড আরও যোগ করেছেন।
ব্যাট হাতে নিসাঙ্কার পারফরম্যান্সে সন্তুষ্টিও প্রকাশ করেছেন কোচ। সিলভারউড বলেছেন, “অর্ডারের শীর্ষে থাকা পাথুম একটি সত্যিকারের ম্যাচ জেতানো ইনিংস খেলেছে। সে যা করেছে তার জন্য তার নিজের পারফর্ম্যান্স নিয়ে খুব গর্বিত হওয়া উচিত।”