টি-২০ বিশ্বকাপ ২০২২: প্রস্তুতি ম্যাচে পায়ে চোট পাওয়ায় টুর্নামেন্টের বাইরে রিস টপ্লে
পাকিস্তানের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বাউন্ডারি কুশনে চোট পান টপ্লে
আপডেট করা - Oct 19, 2022 1:05 pm

পেসার রিস টপ্লে টুর্নামেন্ট থেকে বাদ পড়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২-এ অভিযান শুরু হওয়ার আগেই একটি বড় ধাক্কার সম্মুখীন হয়েছে ইংল্যান্ড। ২২শে অক্টোবর, শনিবার, আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে টপ্লের না খেলা নিশ্চিত ছিল আগেই, তবে সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে টপ্লে পুরো ইভেন্ট থেকেই বাদ পড়েছেন।
ব্রিসবেনে পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের আগে ফিল্ডিংয়ের সময় এই পেসারের পা মচকে যায় এবং ফলস্বরূপ, তিনি প্রস্তুতি ম্যাচে বোলিং করেননি। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এখনও টপ্লের পরিবর্ত খেলোয়াড়ের নাম ঘোষণা করেনি তবে রিচার্ড গ্লিসন বা টিমাল মিলস সম্ভাব্য পরিবর্ত খেলোয়াড় হতে পারেন।
অ্যাঙ্কলের গুরুতর চোটের কারণে বাদ গেলেন রিস টপ্লে
দ্য টেলিগ্রাফের একটি প্রতিবেদন অনুসারে, বাউন্ডারিতে ফিল্ডিং করার সময় বিজ্ঞাপনের কুশনে বিশ্রীভাবে অবতরণ করার পরে বাঁহাতি ফাস্ট বোলার তাঁর অ্যাঙ্কলে চোট পান। ইংল্যান্ডের পরিকল্পনা ছিল পার্থে আফগানিস্তানের বিরুদ্ধে শনিবারের ম্যাচের আগে যতটা সময় পাওয়া যায় সেই সময়কে টপ্লের পরীক্ষার জন্য ব্যবহার করা হবে। যদিও চোটের স্ক্যানের ফলাফল আসার পর জানা যায় টুর্নামেন্টে একতি ম্যাচেও নামা সম্ভব নয় টপ্লের পক্ষে।
পাওয়ারপ্লেতে বোলিংয়ের ক্ষেত্রে দক্ষতা দেখানো টপ্লের না থাকা ইংলিশ দলের পরিকল্পনাকে নিঃসন্দেহে ক্ষতিগ্রস্ত করবে। ২০১৬ টি-২০ বিশ্বকাপে অংশগ্রহণ করা টপ্লের এটি দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান হত। অতীতে পিঠের চোটের কারণে ২৮ বছর বয়সী পেসার ভুগেছেন, চারটি স্ট্রেস ফ্র্যাকচারের অভিজ্ঞতা রয়েছে তাঁর। কিন্তু চোট কাটিয়ে তিনি ২০২২ সালে একটি দুর্দান্ত প্রত্যাবর্তন করেছিলেন। ইংল্যান্ডের গ্রীষ্মকালীন মরসুমে দলে পুনরায় যোগ দিয়ে টি-টোয়েন্টিতে ১৭ উইকেট সংগ্রহ করেছিলেন।
টি-টোয়েন্টি হোক বা ওয়ানডে, ২০২২ সালে রিস টপ্লে সাফল্যর মুখ দেখেছিলেন এবং সাদা বলের ক্রিকেটে তাঁর পারফর্ম্যান্স অসাধারণ। ইংল্যান্ডের বিশ্বকাপ দলে জায়গা করে নিতে তাঁর অসুবিধা হয়নি। তবে চোটের কারণে টপ্লের পক্ষে আইসিসি ইভেন্টে দলের সঙ্গে থাকা সম্ভব হল না।
জোফ্রা আর্চার তাঁর চোট সংক্রান্ত দীর্ঘ বিরতির জন্য অনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে এবং ইংল্যান্ড দলের নিয়মিত সদস্য ও অন্যতম সেরা ব্যাটার জনি বেয়ারস্টো গল্ফ খেলতে গিয়ে চোট পাওয়ায় ইংল্যান্ড দুই নির্ভরযোগ্য খেলোয়াড়কে হারিয়েছিল। এখন রিস টপ্লে বাদ যাওয়ায় তাদের দুশ্চিন্তা আরও বাড়ল।