“সূর্যকুমার যাদব অবশ্যই ওডিআই বিশ্বকাপের দলের অংশ হবেন” – এমএসকে প্রসাদ
আপডেট করা - Aug 11, 2023 2:08 pm

ভারতীয় দলের প্রাক্তন প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ মনে করছেন যে ওডিআই ক্রিকেটে সূর্যকুমার যাদবের ফর্ম নিয়ে প্রশ্ন থাকা সত্ত্বেও তিনি ওডিআই বিশ্বকাপের দলের অংশ হবেন। ঋষভ পন্থ, কেএল রাহুল এবং শ্রেয়াস আইয়ারের চোটের কারণে ওডিআই ক্রিকেটে ভারতীয় দলকে অনেক সমস্যার মুখোমুখি হতে হয়েছে। ওডিআই বিশ্বকাপ ২০২৩ শুরু হতে আর বেশিদিন বাকি নেই। বিশ্বকাপে সব দেশই নিজেদের সেরা দল নামাতে চায়, কিন্তু চোটজনিত সমস্যা থাকার কারণে ভারত সেটা পারবে কিনা সেটাই এখন দেখার বিষয়।
২০২১ সালের জুলাই মাসে ওডিআই ক্রিকেটে অভিষেক করেছিলেন সূর্যকুমার যাদব। সেই সময় থেকে এখনও পর্যন্ত তিনি ২৬টি ওডিআই ম্যাচ খেলেছেন এবং মাত্র ৫১১ রান সংগ্রহ করতে পেরেছেন। টি-২০ ক্রিকেটে প্রভাব বিস্তার করতে পারলেও ৫০ ওভারের ফরম্যাটে এখনও পর্যন্ত সফলতা অর্জন করতে পারেননি এই ৩২ বছর বয়সী ব্যাটার।
টিম ম্যানেজমেন্ট সূর্যকুমার যাদবের কাছ থেকে টি-২০-এর মতো ওডিআই ক্রিকেটেও ভালো পারফরম্যান্স আশা করেছিল। তিনি একটানা অনেকগুলি ম্যাচে সুযোগও পেয়েছিলেন। কিন্তু এই প্রতিভাবান ব্যাটার সেই সুযোগগুলিকে সঠিকভাবে কাজে লাগাতে পারেননি।
ইন্ডিয়া টুডেকে এমএসকে প্রসাদ বলেন, “আমি ১০০ শতাংশ নিশ্চিত যে সূর্যকুমার বিশ্বকাপে যাবে। কেউ যদি টি-২০ ফরম্যাটে এক নম্বর খেলোয়াড় হতে পারে, তার মানে তার বিশেষ প্রতিভা আছে যা আমরা টি-২০-তে দেখেছি, তিনি আইপিএলে ভালো খেলেছেন এবং দেশের হয়েও ভালো খেলেছেন। আমরা সবাই তার প্রতিভার ব্যাপারে জানি। তিনি নিশ্চয়ই সফল হবেন।”
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজে খুব বেশি রান করতে পারেননি সূর্যকুমার যাদব
সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলেছে ভারত। এই সিরিজে ২-১ ব্যবধানে জয় পেয়েছে ভারতীয় দল। প্ৰথম ম্যাচে ভারত জয় পেয়েছিল। এরপর দ্বিতীয় ম্যাচে অসাধারণভাবে কামব্যাক করেছিল শাই হোপের নেতৃত্বাধীন দল। শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ২০০ রানে পরাজিত করে সিরিজ জিতে নিয়েছিল ভারতীয় দল।
এই সিরিজে তিন ম্যাচ মিলিয়ে ৭৮ রান করেছিলেন সূর্যকুমার যাদব। প্ৰথম এবং দ্বিতীয় ম্যাচের তিনি যথাক্রমে ২৫ বলে ১৯ রান এবং ২৫ বলে ২৪ রান করেছিলেন। এরপর তৃতীয় ম্যাচে তিনি ৩০ রানের গন্ডি পার করতে সক্ষম হয়েছিলেন। সেই ম্যাচে তিনি ৩০ বলে ৩৫ রান করেছিলেন।