অভিষেক শর্মার হাত ধরেই চেন্নাইয়ের বিরুদ্ধে আইপিএলে সূর্যোদয় হায়দরাবাদের

Abhishek Sharma and Kane Williamson
Abhishek Sharma and Kane Williamson. (Photo Source: IPL/BCCI)

অভিষেক শর্মার দুরন্ত পারফরম্যান্স, আর তাতেই এবারের আইপিএলে প্রথম জয় ছিনিয়ে নিল সানরাইজার্স হায়দরাবাদ। চেন্নাই সুপার কিংস একের পর এক ম্যাচ হেরেই চলেছে। শনিবারের মেগা লড়াইয়ে চেন্নাই সুপার কিংসকে ৮ উইকেটে হারিয়ে দিল সানরাইজার্স হায়দরাবাদ। আর তাতেই হয়ত খানিকটা স্বস্তির আবহ এবার সানরাইজার্স হায়দরাবাদ শিবিরে। আইপিএলের শুরুটা ভালভাবে না করতে পারলেও, অবশেষে কেন উইলিয়ামসনরা প্রথমবার জয়ের মুখ দেখল।

এবারের আইপিএলের শুরু থেকেই বেশকিছু তরুণ ক্রিকেটারের দিকে নজর ছিল সকলের। তাদের মধ্যেই একজন ছিলেন অভিষেক শর্মা। কিন্তু ক্যাশ রীচ লিগের শুরুতে সেভাবে পারফরম্যান্স দেখাতে পারেননি তিনি। অবশেষে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধেই জ্বলে উঠলেন এই তরুণ তারকা ক্রিকেটার। ব্যাট হাতে এদিন চেন্নাইকে একাই শেষ করে দিলেন তিনি। সঙ্গে অবশ্যই যোগ্য সঙ্গত কেন উইলিয়ামসনের। ৫০ বলে ৭৫ রানের ঝোরো ইনিংস খেলেন অভিষেক শর্মা।

আইপিএলে প্রথম জয় পেল সানরাইজার্স হায়দরাবাদ

টস জিতে এদিন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক কেন উইলিয়ামসন। শুরু থেকেই লক্ষ্য ছিল চেন্নাই সুপার কিংসকে কম রানের মধ্যে আটকে রাখা। আর সেই উদ্দেশ্যে অবশ্যই চেন্নাইয়ের ওপেনার রবিন উথাপ্পা এবং জাদেজার দিকেই সবচেয়ে বেশী নজর ছিল সানরাইজার্স হায়দরাবাদের বোলারদের। আর সেই কাজটাই করে দেখাতে পেরেছে তারা।

বল হাতে শুরু থেকেই চেন্নাই সুপার কিংসের ওপর চাপ রাখতে শুরু করেছিল সানরাইজার্স হায়দরাবাদ। উথাপ্পা থেকে রুতুরাজ গোয়কোয়াড়রা কেউই এদিন ক্রিজে দাঁড়াতে পারেননি। রবিন উথাপ্পা ফেরেন ১৫ রানে এবং রুতুরাজ গায়কোয়াড় ফেরেন ১৬ রানে। মোঈন আলি ৪৮ রানের ইনিংস না খেললে হয়ত এদিন ১০০ রানের গন্ডী টপকানোও সম্ভব হত না চেন্নাই সুপার কিংসের। এদিনও ব্যাট হাতে সেভাবে সফল নন রবীন্দ্র জাদেজা। আক্রমণাত্মক মেজাজে খেলা শুরু করলেও, ভুবনেশ্বর কুমারের বলে ২৩ রানেই থামতে হয় তাঁকে। এদিন বল হাতে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখান ওয়াশিংটন সুন্দর এবং টি নটরাজন।

দুই তারকা বোলারই এদিন ২টি করে উইকেট নেয়। আর তাদের দাপটেই ১৫৪ রানে শেষ হয়ে যায় চেন্নাই সুপার কিংস। কম রানের লক্ষ্য। যদিও ডি ওয়াই পটেল স্টেডিয়ামে এই রানও কখোনও কখনও সমস্যায় ফেলতে পারে ব্যাটারদের। যদিও সানরাইজার্সকে এদিন সেই সমস্যার মুখে পড়তে হয়নি। আর কারণটা হলেন অভিষেক শর্মা।

ম্যাচের শুরু থেকেই এদিন তিনি ছিলেন আক্রমণাত্মক মেজাজে। কেন উইলিয়ামসনের সঙ্গে তাঁর ৮৯ রানের পার্টনারশিপটাই সানরাইজার্স হায়দরাবাদের জয়ের ভিতটা গড়ে দিয়েছিল। যদিও উইলিয়ামসনকে ফিরতে হয় এদিন ৩২ রানেই। বাকিটা রাহুল ত্রিপাঠিকে সঙ্গে নিয়ে সামলে দেন অভিষেক শর্মা। যদিও শেষপর্যন্ত মাঠে থাকতে পারেননি তিনি। কিন্তু ৭৫ রানের ইনিংসটা খেলে জয়টা পাকা করে দিয়েই মাঠ ছাড়েন  তাঁর গোটা ইনিংসটি সাজানো ৫টি চার ও তিনটি ছয় দিয়ে। ১৪ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় সানরাইজার্স হায়দরাবাদ।

close whatsapp