“কাউকে সেঞ্চুরি করতেই হবে” – পুরো ৫০ ওভার ব্যাটিং করাই মূল লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজ কোচ সিমন্সের
তিনি আশাবাদী ওয়েস্ট ইন্ডিজ ভারতকে চ্যালেঞ্জ জানাতে পারবে
আপডেট করা - Jul 21, 2022 1:11 pm

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ সাল থেকে ওয়ানডে ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজ ভয়াবহ ফর্মে রয়েছে। ক্যারিবিয়ান দল তাদের খেলা ১৩টির মধ্যে মোট নয়টি ওয়ানডে সিরিজ হেরেছে। পরিস্থিতি আরও খারাপ হয়েছে যখন বাংলাদেশ ক্যারিবিয়ানদের ঘরের মাঠে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে। নিকোলাস পুরানের নেতৃত্বাধীন দল এখন ফর্মে থাকা ভারতের বিপক্ষে খেলবে।
তাদের সাম্প্রতিক ফর্ম বিবেচনা করলে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সিরিজে জয় লাভ করা কার্যত অসম্ভব মনে হচ্ছে। বাংলাদেশ সিরিজে খেলা রোমারিও শেফার্ড ও অ্যান্ডারসন ফিলিপকে বাদ দিলেও জেসন হোল্ডার ছাড়া অন্য কোন অভিজ্ঞ খেলোয়াড় স্কোয়াডে ফেরেনি। শিমরন হেটমায়ার, রস্টন চেজরা এখনও দলের বাইরে। তবে ওয়েস্ট ইন্ডিজের কোচ ফিল সিমন্স আশাবাদী যে ওয়েস্ট ইন্ডিজ ভারতকে চ্যালেঞ্জ জানাতে পারে।
পোর্ট অফ স্পেনে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের উদ্বোধনী ম্যাচের আগে সিমন্স বলেছেন, “মূল বিষয় হল আমরা কীভাবে আমাদের ৫০ ওভার ব্যাট করি… আমাদের ৫০ ওভার ব্যাট করতে হবে এবং আমাদের ইনিংস ও পার্টনারশিপ একসাথে গড়তে হবে। কাউকে সেঞ্চুরি করতেই হবে এবং দলের ব্যাটিং একসঙ্গে ধরে রাখার উপায় খুঁজে বার করতে হবে।”
ব্যাটারদের দোষ দিতে পারি না: ফিল সিমন্স
বাংলাদেশের বিপক্ষে সাম্প্রতিক তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজ একবারও ২০০ পার করতে পারেনি। কোনো ব্যাটার বেশিক্ষণ সময় নিয়ে ব্যাট করার দায়িত্ব নিতে পারেননি। ভয়ঙ্কর ব্যাটিং প্রদর্শনের ফলে ওয়েস্ট ইন্ডিজ তাদের শেষ ৩৯ ইনিংসের মধ্যে মাত্র ছয়বার পুরো ৫০ ওভার ব্যাট করেছে। সিমন্স যদিও ব্যাটারদের উপর তাঁর আস্থা রেখেছেন।
ওয়েস্ট ইন্ডিজ কোচ মনে করেন বাংলাদেশ সিরিজে পিচগুলো রান কম ওঠার জন্য দায়ী ছিল। “আমি এখানে ব্যাটারদের দোষ দিতে পারি না। আমি মনে করি আপনি ভালো উইকেটে ব্যাটারদের বিচার করেন। নেদারল্যান্ডসে আমাদের ভালো পারফরম্যান্স এবং পাকিস্তানে ভালো পারফরম্যান্স ছিল। আপনি [ঘরের মাঠে] আসেন এবং আপনি অনিশ্চিত উইকেট পান যেখানে রানের জন্য লড়াই করতে হচ্ছে এবং আমরা একমত যে আমাদের একটু কঠিন লড়াই করা উচিত ছিল, কিন্তু আমি [তাদের উপর] দোষ দিতে পারি না। দেখা যাক কী ঘটে। এই উইকেটগুলি [কুইন্স পার্ক ওভালে] সত্যিই ভালো দেখাচ্ছে এবং দেখা যাক তারা কীভাবে খেলে এবং আমরা তারপর তাদের বিচার করতে পারি।”