ভারত বনাম অস্ট্রেলিয়া: নাগপুর টেস্ট থেকে ছিটকে গেলেন শ্রেয়াস আইয়ার
শ্রেয়াসের অনুপস্থিতিতে মিডল অর্ডারে খেলতে পারেন কেএল রাহুল বা শুবমান গিল
আপডেট করা - Feb 1, 2023 6:20 pm

৯ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টের আগে বড় ধাক্কা খেল ভারতীয় দল। মিডল অর্ডারে ক্রমশ জায়গা পোক্ত করে ফেলা শ্রেয়াস আইয়ার চোটের কারণে ছিটকে গেছেন। ইএসকপিএনক্রিকইনফোর একটি প্রতিবেদন অনুসারে বুধবার, ১লা ফেব্রুয়ারি, ফিটনেস সংক্রান্ত রিপোর্ট পেতে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি (এনসিএ)-তে গিয়েছিলেন মুম্বাইয়ের ব্যাটার। তখন তাঁকে পরামর্শ দেওয়া হয় রিহ্যাবে আরও কিছু দিন থাকার।
পিঠের সমস্যায় নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ থেকেও ছিটকে গিয়েছিলেন শ্রেয়াস। বাংলাদেশের বিরুদ্ধে গত বছরের শেষে টেস্ট সিরিজের পরে শ্রেয়াসের পিঠের নীচের দিকের অংশে ফুলে গিয়েছিল। এরপরে এনসিএ-তে তাঁকে ইঞ্জেকশন দেওয়া হয়েছিল। বর্ডার-গাভাস্কার ট্রফির প্রস্তুতির জন্য বেঙ্গালুরু থেকে নাগপুরে স্কোয়াডের সদস্যদের সঙ্গে ২রা ফেব্রুয়ারি মিলিত হওয়ার কথা ছিল তাঁর।
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই ব্যাটারের রিহ্যাবের সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিসিসিআইয়ের মেডিক্যাল টিমের পক্ষ থেকে। ১৭ই ফেব্রুয়ারি থেকে দিল্লিতে শুরু হতে চলা দ্বিতীয় টেস্টের জন্য শ্রেয়াস সুস্থ হয়ে দলে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।
মিডল অর্ডারের পাঁচ নম্বর পজিশনে খেলার কথা ছিল শ্রেয়াসের। তবে তাঁর অবর্তমানে সেই পজিশনে দেখা যেতে পারে কেএল রাহুল বা শুবমান গিলকে। রাহুল বা গিল সাধারণত ওপেনার হিসেবে খেললেও, অধিনায়ক রোহিত টেস্ট একাদশে ফিরে আসায় দুজনের একজনকে ওপেনিং পজিশন ছাড়তে হবে। এ ছাড়া বিকল্প হিসেবে আছেন সূর্যকুমার যাদবও।
টেস্ট ফর্ম্যাটে ধারাবাহিকভাবে পারফর্ম করেছেন শ্রেয়াস আইয়ার
এখনও অবধি মাত্র সাতটি টেস্টে খেললেও, শ্রেয়াস লাল বলের ফর্ম্যাটে ধারাবাহিকতা দেখাতে সক্ষম হয়েছেন। ৫৬.৭২-এর প্রশংসনীয় গড়ে ৬২৪ রান করেছেন মিডল অর্ডার ব্যাটার। দুর্ঘটনার কবলে পড়া ঋষভ পান্তের অনুপস্থিতিতে ৬৫.১৩ স্ট্রাইক রেটে রান করা শ্রেয়াস হতে পারতেন ভারতের মূল আগ্রাসী ব্যাটার। ১২টি ইনিংসে ব্যাটিং করার পরেও, শ্রেয়াস একবারও এক অঙ্কের রানে আউট হননি।
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ২০২১-এ শ্রেয়াস টেস্ট কেরিয়ার শুরু করেছিলেন ১০৫ ও ৬৫ রানের স্কোর দিয়ে। বাংলাদেশের বিরুদ্ধে সাম্প্রতিক টেস্ট সিরিজে তিন ইনিংসে ২০২ রান করে সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। শ্রেয়াস স্কোয়াড থেকে ছিটকে গেলেও, তাঁর পরিবর্ত হিসেবে কোনো খেলোয়াড়ের নাম ঘোষণা করা হয়নি।