ন্যাথান লায়নের স্পিন সঙ্গী হিসেবে অ্যাশটন অ্যাগারকে চান প্রাক্তন অস্ট্রেলিয়ান কোচ লেহম্যান
ফিঙ্গার স্পিনারের উপর বেশী ভরসা করতে চান লেহম্যান
আপডেট করা - Jan 23, 2023 12:17 pm

অস্ট্রেলিয়ার প্রাক্তন কোচ ড্যারেন লেহম্যান বলেছেন, আসন্ন ভারত সফরের জন্য তিনি দ্বিতীয় স্পিনার হিসেবে অ্যাশটন অ্যাগারকে একাদশে দেখতে পছন্দ করবেন। ন্যাথান লায়ন স্পিন-বোলিং আক্রমণের নেতৃত্ব দেবেন। লেহম্যান মনে করেন ২০১৭-তে আগের ভারত সফরে স্টিভ ও’কিফ যে প্রভাব ফেলেছিলেন, তেমন প্রভাব অ্যাগারও ফেলবেন। বাঁ-হাতি স্পিনার ও’কিফ পুনের স্পিন-সহায়ক পিচে দুই ইনিংস মিলিয়ে ১২ উইকেট নিয়েছিলেন, যা অজিদের ভারতকে হারাতে সাহায্য করেছিল।
লেহম্যান তখন দলের প্রধান কোচ ছিলেন এবং মনে করেন যে একজন ফিঙ্গার স্পিনার ভারতের স্পিন-বান্ধব পিচে আরও ভালো ফল করবেন। ভারত সফরে যাওয়া ১৮ সদস্যের দলে বাকী দুই স্পিনার হিসেবে আছেন টড মার্ফি ও মিচেল সোয়েপসন।
“সেখানে আগে গিয়েছি বলে আমি ফিঙ্গার স্পিনারকে খেলানোর দিকে বেশী ঝুঁকছি। হাওয়ার মধ্য দিয়ে দ্রুত বোলিং করতে হবে এবং কিছু ডেলিভারি স্পিন করবে এবং কিছু করবে না। লেগ-স্পিনাররা কখনও কখনও খুব বেশী স্পিন করায়। অন্যদিকে ফিঙ্গার স্পিনাররা কিছু স্কিড করায় এবং বল ভিতরে চলে এলে এলবিডাব্লিউ করা যায়,” অস্ট্রেলিয়ার রেডিও স্টেশন সেনকিউতে বলেছেন লেহম্যান।
“এ কারণেই সম্ভবত তারা একজন ফিঙ্গার স্পিনারের দিকে তাকিয়ে আছে। আমরা অবশ্যই এটি চার বছর আগে (২০১৭) করেছিলাম এবং স্টিভ ও’কিফ সেখানে জয় পাওয়া টেস্ট ম্যাচটিতে ভারতকে প্রায় একাই আউট করে দিয়েছিল। তাই আমি আমি আগারের মতো কাউকে দেখব, সে একটু ব্যাট করবে, সেইসঙ্গে দ্বিতীয় স্পিনার হিসাবে বোলিং করবে,” লেহম্যান আরও যোগ করেছেন।
অস্ট্রেলিয়ার স্কোয়াড বেশ ভালো দেখাচ্ছে, লেহম্যান বলেছেন
অস্ট্রেলিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) ফাইনালের জন্য প্রায় যোগ্যতা অর্জন করেই ফেলেছে। ভারতকে ফাইনালে যেতে হলে অন্তত ২-০ বা ২-১ ব্যবধানে সিরিজ জিততে হবে। এদিকে, ফাইনালে তাদের জায়গা নিশ্চিত করতে অস্ট্রেলিয়াকে কেবল ০-৪ হোয়াইটওয়াশ এড়াতে হবে।
অস্ট্রেলিয়া যে ১৮ জনের স্কোয়াড ঘোষণা করেছে তাতে প্রচুর স্পিন বিকল্প থাকায় লেহম্যান খুশি। তিনি মনে করেন যে সোয়েপসনের উপস্থিতি গুরুত্বপূর্ণ হবে কারণ লেগ-স্পিনাররা সাধারণত উইকেট শিকারী হয় এবং যদি পরিস্থিতি উপযুক্ত হয় তবে তিনিও খেলতে পারেন।
“আমি বিশ্বাস করতে পারছি না যে তার (সোয়েপসন) না যাওয়ার বিষয়ে কথা হয়েছে। দলের ভারসাম্য নিয়ে কথা বলুন, আপনি যদি ১৮ জন খেলোয়াড় বাছাই করতে পারেন তবে আপনি একটি সুন্দর ভারসাম্যপূর্ণ স্কোয়াড চান। অধিকাংশ সময় আমরা মাত্র ১৫ জন (খেলোয়াড়) নিই। সেখানে তাদের অতিরিক্ত স্পিনার আছে, প্রচুর বিকল্প আছে, যদিও কোনো ট্যুর গেম নেই। তাই তারা সেখানে জয়ের জন্য সেরা বিকল্পটি নিয়ে কাজ করবে আমি নিশ্চিত। এই স্কোয়াড দেখতে বেশ ভালো লাগছে,” অস্ট্রেলিয়ার প্রাক্তন কোচ যোগ করেছেন।