কেকেআর অথবা রয়্যাল চ্যালেঞ্জার্সের নেতা হতে পারেন শ্রেয়স, মনে করছেন আকাশ চোপড়া

Shreyas Iyer
Shreyas Iyer. (Photo by Pankaj Nangia/Getty Images)

আসন্ন আইপিএলে সবচেয়ে দামী ক্রিকেটার কে হতে চলেছেন। এই নিয়ে বিভিন্ন ক্রিকেটারের মুখেই নানান জনের নাম শোনাযাচ্ছে। তেমনই নিজের পছন্দের ক্রিকেটার বেছে নিলেন আকাশ চোপড়া। তাঁর মতে আইসন্ন আইপিএলে সবচেয়ে বেশী দাম পেতে চলেছেন শ্রেয়স আইয়ার। শুধু তাই নয় কোন দুই দলের মধ্যে তাঁকে নিয়ে সবচেয়ে বেশী লড়াই হতে পারে তা নিয়েও ভবিষ্যদ্বাণী শোনা গেল প্রাক্তন এই ক্রিকেটারের মুখে। তিনি মনে করছেন আইপিএলের মেগা নিলামে শ্রেয়স আইয়ারকে অধিনায়ক করার জন্য ঝাপাতে পারে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গলুরু।

এবারের আইপিএল শুরু হওয়ার অনেক আগে থেকেই শ্রেয়স আইয়ারকে নিয়ে চর্চা শুরু হয়েছে। শোনাযাচ্ছিল শ্রেয়সকে নাতি অধিনায়ক হিসাবে দলে নিতে চাইছে কলকাতা নাইট রাইডার্স। আসন্ন আইপিএলের আগে দলের বেশীরভাগ তারকাকেই ছেড়ে দিয়েছে নাইটরা। গতবারের অধিনায়ক মর্গ্যানের পাশাপাশি দীনেশ কার্তিককেও ছেড়ে দিয়েছে তারা। শোনা গিয়েছিল আয়ারকেই নাকি দলে নিতে চাইছে তারা।

একইরকমভাবে আরও কিছু ফ্র্যাঞ্চাইজির নামও শোনাযাচ্ছিল। তবে আকাশ চোপড়া মনে করছেন  নাইট রাইডার্স কিংবা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতেই এবার যেতে চলছেন শ্রেয়স আইয়ার। আকাশ চোপড়া তাঁর ইউটিউব চ্যানেলে বলেন, “আমার মনে হয় শ্রেয়স আইয়ার কলকাতা নাইট রাইডার্স অথবা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক হতে চলছেন। পঞ্জাব তাঁকে নেওয়ার ব্যপারে খুব একটা আগ্রহ দেখাবে না”।

আসন্ন আইপিএলের নিলামের জন্য সেরা দশ মার্কি ক্রিকেটারদের মধ্যে রয়েছে শ্রেয়স আইয়ারের নাম। চারজন দেশীয় তারকার মধ্যে নিজের জায়গা করে নিয়েছেন তিনি। বেশ কয়েক মরসুম ধরেই দুরন্ত পারফরম্যান্স দেখাচ্ছেন শ্রেয়স আইয়ার। এমনকী টেস্টের মঞ্চেও নিজের দক্ষতা প্রমান করেছেন তিনি। ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে অভিষেক টেস্টেই সেঞ্চুরী করেছিলেন শ্রেয়স। একইরকমভাবে টি টোয়েন্টি ক্রিকেটেও যথেষ্ট সাফল্য পেয়েছেন শ্রেয়স আইয়ার।

২০২০ সালে দিল্লি ক্যাপিটালসের অধিনায়কও হয়েছিলেন এই তরুণ ক্রিকেটার। তবে গত মরসুমের শুরুতে চোটের জন্য খেলতে পারেননি শ্রেয়স আইয়ার। প্রথম পর্বে চোটের জন্য মাঠের বাইরে ছিলেন। দ্বিতীয় পর্বে দলে ফিরলেও, শ্রেয়স খেলেছিলেন ঋষভ পন্থের নেতৃত্বে। আর শ্রেয়সের পারফরম্যান্স দেখার পরই তাঁকে সবচেয়ে দামী ক্রিকেটার হিসাবে ভাবতে শুরু করেছেন আকাশ চোপড়া।

তিনি মনে করেন, “মার্কিদের তালিকায় সবচেয়ে দামী ক্রিকেটার হতে চলেছেন শ্রেয়স আইয়ার। এই তালিকায় যেহেতু ঈশান কিষাণ নেই, তাই শ্রেয়সের সবচেয়ে দামী ক্রিকেটার হওয়ার পথে কোনও বাধা নেই। ঈশান কিষাণ থাকলে লড়াইটা হাড্ডহাড্ডি হত। এক্ষেত্রে শ্রেয়সকে নেওয়ার জন্য সকলেই ঝাপাবে”।

গত মঙ্গলবারই আইপিএলের নিলামের জন্য ৫৯০ জনের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বোর্ড। সেখানেই সেরা দশ মার্কি ক্রিকেটারদের মধ্যে রয়েছেন শ্রেয়স আইয়ার। তাঁর বেস প্রাইজও ২ কোটি টাকা। এখন শুধু দেখার নাইট রাইডার্স নাকি বিরাট কোহলির দলের নেতা হন তিনি।

close whatsapp