“মিথ্যা বলে এটিকে ন্যায্যতা দেওয়ার প্রয়োজন নেই” – রান আউট বিতর্কে দীপ্তিকে ন্যক্কারজনক আক্রমণ হিদার নাইটের
দীপ্তি শর্মা জানিয়েছিলেন ক্রিজ ছাড়ার ব্যাপারে চার্লি ডিনকে আগে সতর্ক করা হয়েছিল
আপডেট করা - Sep 26, 2022 6:56 pm

২৪শে সেপ্টেম্বর লর্ড’স ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ড মহিলা দলের বিরুদ্ধে ভারত মহিলা দলের জয় পেয়ে ওডিআই সিরিজ ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করার চেয়েও বেশী আলোচনা হচ্ছে সেই ম্যাচে দীপ্তি শর্মার করা রান আউট নিয়ে। ৪৪তম ওভারের চতুর্থ ডেলিভারিতে দীপ্তি বল ছাড়ার আগেই নন-স্ট্রাইকার প্রান্তে দাঁড়ানো ইংল্যান্ডের চার্লি ডিন ক্রিজ ছেড়ে বেরিয়ে যাওয়ায় বোলার তাঁকে রান আউট করেন এবং ভারত ১৬ রানে ম্যাচ জেতে।
রান আউট করার পদ্ধতি সম্পূর্ণ বৈধ হওয়া সত্ত্বেও বিশ্ব ক্রিকেটের অনেকেই, বিশেষ করে ইংল্যান্ড দলের বর্তমান ও প্রাক্তন সদস্যরা অখুশি ছিলেন এবং তাঁরা স্পিরিট অফ দ্য ক্রিকেটকে ঢাল হিসাবে ব্যবহার করে ভারতীয় ক্রিকেটারদের উপস্থিত বুদ্ধিকে খাটো করার চেষ্টা করছিলেন। সেই সিরিজের পরে সদ্য দেশে ফেরা ভারতীয় দলের সদস্য দীপ্তি জানিয়েছেন ডিনকে পূর্বে সাবধান করা হয়েছিল আগে থেকেই ক্রিজ না ছাড়ার ব্যাপারে।
বোলার ডেলিভারি করার আগেই নন-স্ট্রাইকিং প্রান্তে দাঁড়ানো কোন ব্যাটার ক্রিজ ছেড়ে বেরিয়ে গেলে সম্পূর্ণ আইনের আওতায় থেকেই তাঁকে রান আউট করা যাবে, তবুও দীপ্তিসহ দলের বাকি সদস্যরা ডিনকে এই ব্যাপারে আগাম সাবধান করেছিলেন। “এটি আমাদের পরিকল্পনার একটি অংশ ছিল। আমরা আগেও এ বিষয়ে সতর্ক করেছিলাম, কিন্তু ডেলিভারির আগে সে ক্রিজ ছেড়ে চলে যায়। আমরা কেবল নিয়ম এবং নির্দেশিকা অনুসরণ করেছি। প্রতিটি দলই জিততে চায় এবং আমরা জয় দিয়ে সিরিজ শেষ করে ঝুলন গোস্বামীকে যথাযথ বিদায় দিতে চেয়েছিলাম,” কলকাতায় ফিরে জানিয়েছেন অলরাউন্ডার দীপ্তি।
দুটি টুইট করে হিদার নাইট তীব্র আক্রমণ শানিয়েছেন
যদিও তাঁর এই বিবৃতি ইংল্যান্ডের নিয়মিত অধিনায়ক হিদার নাইটের পছন্দ হয়নি এবং তাঁর মনে হয়েছে দীপ্তি মিথ্যার আশ্রয় নিয়েছেন। চোট এবং তার পরে অস্ত্রোপচারের কারণে সদ্য সমাপ্ত সিরিজে খেলতে না পারা নাইট একটি টুইট করে বলেছেন ভারতীয় দলের পক্ষ থেকে কোন সতর্কীকরণ ছিল না।
“খেলা শেষ, চার্লিকে বৈধভাবে আউট করা হয়েছিল। ম্যাচ ও সিরিজের সুযোগ্য বিজয়ী ছিল ভারত। কিন্তু কোন সতর্কবার্তা দেওয়া হয়নি। দেওয়ার দরকারও নেই, তার জন্য আউট হওয়ার ধরণ কম বৈধ হয়ে যায় না,” নাইট টুইট করেছেন।
1/2 The game is over, Charlie was dismissed legitimately. India were deserved winners of the match and the series. But no warnings were given. They don’t need to be given, so it hasn’t made the dismissal any less legitimate… https://t.co/TOTdJ3HgJe
— Heather Knight (@Heatherknight55) September 26, 2022
“কিন্তু যদি তারা রান আউট করার সিদ্ধান্ত নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে তবে ভারতের সতর্কতা সম্পর্কে মিথ্যা বলে এটিকে ন্যায্যতা দেওয়ার প্রয়োজন বোধ করা উচিত নয়,” তিনি যোগ করেছেন।
2/2 But if they’re comfortable with the decision to affect the run out, India shouldn’t feel the need to justify it by lying about warnings 🤷🏼♀️ https://t.co/TOTdJ3HgJe
— Heather Knight (@Heatherknight55) September 26, 2022
রবিবার ক্রিকেটের বিধি সংক্রান্ত বিষয় পরিচালনা করা মেরিলবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) ইংল্যান্ড বনাম ভারত তৃতীয় ওডিআইয়ের রান আউট নিয়ে বিবৃতি দিয়ে আউট হওয়ার ধরণটিকে সম্পূর্ণ বৈধ আখ্যা দেওয়ার পরেও বিতর্ক থামার কোন লক্ষণ আপাতত দেখা যাচ্ছে না।