১০ কোটি টাকার মানহানির মামলার আইনি নোটিশ পাঠানো হল শোয়েব আখতারকে

৪৬ বছর বয়সী প্রাক্তন পেসার টুইট করে জানালেন গোটা ঘটনায় তিনি হতাশ

Shoaib Akhtar
Shoaib Akhtar. (Photo by FAROOQ NAEEM/AFP via Getty Images)

সেই ক্রিকেটার জীবন থেকে বিতর্ক শোয়েব আখতারের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত। সম্প্রতি ক্রিকেট বিশেষজ্ঞ হিসেবে একটি টিভি চ্যানেলে ঝামেলায় জড়িয়ে পড়ার পর পারস্পরিক সমঝোতায় বিবাদ মিটে গেলেও, এখন মনে হচ্ছে ওই ঘটনাকে কেন্দ্র করে অনেক জল গড়ানো বাকি।

চুক্তি ভঙ্গের দায়ে পাকিস্তানের জনপ্রিয় টিভি চ্যানেল পিটিভি স্পোর্টস শোয়েব আখতারের নামে মামলা করে আইনি নোটিশ পাঠিয়েছে। যদিও প্রাক্তন পেসার তাতে বিন্দুমাত্র বিচলিত হচ্ছেন না। আইনজীবীর মাধ্যমে মানহানির এই মামলা লড়তে প্রস্তুত তিনিও।

ক্ষতিপূরণ বাবদ শোয়েবের কাছ থেকে ১০ কোটি টাকা দাবি করেছে পিটিভি স্পোর্টস। যদিও শোয়েব এই দাবির সামনে বশ্যতা স্বীকার করছেন না। তিনি আইনি লড়াই চালিয়ে নিয়ে গিয়ে ঘটনার শেষ দেখে ছাড়তে বদ্ধপরিকর।

শোয়েব আইনি লড়াই চালিয়ে যাবেন

“ধারা ২২ অনুসারে, উভয় পক্ষের কাছেই তিন মাসের লিখিত নোটিশ অনুযায়ী দায়িত্বপূরণ করে চুক্তি বাতিল করার অধিকার থাকবে বা তার পরিবর্তে অর্থ প্রদান করতে হবে। শোয়েব আখতার ২৬শে অক্টোবর সম্প্রচার চলাকালীন পদত্যাগ করার ফলে পিটিভির বিশাল আর্থিক ক্ষতি হয়েছে,” এক্সপ্রেস ট্রিবিউনের রিপোর্ট অনুযায়ী নোটিশে লেখা রয়েছে।

টুইটারে শোয়েব বলেন, ‘পুরো ব্যাপারটা ভীষণ হতাশার। আমি পিটিভির হয়ে কাজ করার সময় আমার সম্মান রক্ষা করতে তো পারলামই না উপরন্তু তারা আমাকে টাকার জন্য নোটিশ পাঠিয়েছে। কিন্তু আমি লড়াকু মেজাজের মানুষ, ছেড়ে দেবো না আমিও। আইনি লড়াইয়ে যাব। আইনজীবী সালমান খান নিয়াজি আমার হয়ে আদালতে লড়াই চালিয়ে যাবেন।” 

গত ২৬ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের জয়ের পরপরই পিটিভির সঙ্গে বিতর্ক শুরু হয় শোয়েবের। সেই চ্যানেলে আয়োজিত ‘গেম অন হ্যায়’ নামক অনুষ্ঠানে উপস্থাপক ক্রীড়া আলোচনার এক ফাঁকে শোয়েবকে অনুষ্ঠান ছেড়ে চলে যেতে বলেন।

পাকিস্তানি কিংবদন্তি পেসার অপমানিত বোধ করে অনুষ্ঠানের মাঝেই বেরিয়ে যান। সেই ঘটনার পর ওই অনুষ্ঠানে আর আসেননি শোয়েব। যদিও পিটিভির সঙ্গে তাঁর চুক্তি অনুযায়ী তাঁর আসা বাধ্যতামূলক ছিল। 

রাগে অনুষ্ঠানের মাঝপথে বেরিয়ে যাওয়ায় দারুণ খেসারত দিতে হচ্ছে শোয়েবকে। সেই অনুষ্ঠানে চুক্তি অনুযায়ী নির্ধারিত সময় অবধি শোয়েবের না থাকা এবং কোনো নোটিশ না দিয়েই কাজ থেকে সরে যাওয়ার কারণে চ্যানেলের বিপুল আর্থিক ক্ষতি হয়েছে বলে মত পিটিভির পক্ষ থেকে।  

শুধু আর্থিক ক্ষতিই নয়, পিটিভির মতো এমন জনপ্রিয় চ্যানেলের সুনামেও আঘাত হেনেছে রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের এমন বিদায়। এ কারণে ক্ষতিপূরণের পাশাপাশি মানহানির মামলাও করেছে পিটিভি।

close whatsapp