রাজস্থানের ‘মূল্যবান সম্পদ’ সঞ্জু স্যামসনকে ধরে রাখার ব্যাপারে বেশী ভাবতে হয়নি, বললেন দলের ডিরেক্টর কুমার সাঙ্গাকারা

সাঙ্গাকারার মতে তারকা হয়ে ওঠার সবরকম সম্ভাবনা আছে যশস্বী জয়সোয়ালের

Sanju Samson
Sanju Samson. (Photo Source: IPL/BCCI)

রাজস্থান রয়্যালস (আরআর) আইপিএল ২০২২ মেগা নিলামের আগে তিনজন খেলোয়াড়কে ধরে রেখেছে। ইংলিশ ব্যাটার জস বাটলার এবং তরুণ প্রতিভা যশস্বী জয়সওয়ালের পাশাপাশি তারা গত মরসুমের অধিনায়ক সঞ্জু স্যামসনকেও ধরে রেখেছে। দলের তিনটি রিটেনশন সম্পর্কে কথা বলতে গিয়ে আরআরের ডিরেক্টর অফ ক্রিকেট কুমার সাঙ্গাকারা বলেছেন যে স্যামসনকে ধরে রাখার ব্যাপারে তাঁদের বিশেষ ভাবতে হয়নি কারণ তিনি দলের ‘মূল্যবান সম্পদ’ এবং ‘দীর্ঘমেয়াদী নেতা’।  

এটি উল্লেখ্য যে আরআরের আইপিএল ২০২১ মরসুম খুব একটা সফল না হলেও, ব্যাট হাতে স্যামসনের জন্য একটি দুর্দান্ত মরসুম ছিল যেখানে তিনি ৪০-এর বেশি গড়ে ১৪ ম্যাচে ৪৮৪ রান করেছিলেন। সাঙ্গাকারা যোগ করেছেন যে কেরালার এই ক্রিকেটার একজন ব্যতিক্রমী খেলোয়াড় এবং ফ্র্যাঞ্চাইজির কাছে একটি মূল্যবান সম্পদ। স্যামসনকে আরআর ১৪ কোটি টাকায় ধরে রেখেছে। 

সঞ্জু স্যামসন বারবার দেখিয়েছেন তিনি আরআরের মূল্যবান সম্পদ: কুমার সাঙ্গাকারা

“আমরা আমাদের নবগঠিত ডেটা অ্যানালিটিক টিমের সাথে কাজ করার সময় কঠোর পরিশ্রম করেছি, ভারতে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের সমস্ত অংশীদারদের সহায়তা নিয়ে আমরা অবশেষে সিদ্ধান্ত নিয়েছিলাম সঞ্জু স্যামসনকে অবশ্যই ধরে রাখতে হবে। তাঁকে পুনরায় রাখার ব্যাপারে বিশেষ ভাবনাচিন্তা করতে হয়নি। আমাদের অধিনায়ক হওয়ার জন্য সেই পয়লা নম্বর প্রার্থী। তিনি রাজস্থান রয়্যালসের এই ইউনিটের দীর্ঘমেয়াদী নেতা হতে চলেছেন। তিনি একজন ব্যতিক্রমী খেলোয়াড় এবং তিনি বারবার দেখিয়েছেন যে তিনি আরআরের মূল্যবান সম্পদ,” আরআরের পোস্ট করা একটি ভিডিওতে কুমার সাঙ্গাকারা বলেছেন।  

দলের দ্বিতীয় বাছাই হিসেবে ১০ কোটি টাকায় ধরে রাখা হয়েছে ইংল্যান্ডের বিস্ফোরক ব্যাটার জস বাটলারকে। তৃতীয় বাছাই ছিলেন আনক্যাপড যশস্বী জয়সওয়াল। আটটি দলের ধরে রাখা খেলোয়াড়দের মধ্যে দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় যশস্বী। সাঙ্গাকারা যশস্বীকে কঠোর পরিশ্রমী ছাত্র হিসেবে অভিহিত করে বলেছেন, এই ক্রিকেটারের তারকা হয়ে ওঠার সবরকম সম্ভাবনা আছে। 

“আমরা যশস্বী জয়সওয়ালকে ধরে রেখেছি, তরুণ ভারতীয় ওপেনার, তারকা হয়ে ওঠার সবরকম মশলা মজুত আছে। আগের বছর তার ভালো কেটেছিল, সে অত্যন্ত প্রতিভাবান। সে খুব দ্রুত শিখতে পারে, সে খুব কঠোর পরিশ্রমীও এবং সে আমাদের আনক্যাপড রিটেনশন,” আরআরের তরুণ সম্ভাবনা যশস্বী জয়সওয়াল সম্পর্কে সাঙ্গাকারা বলেছেন।    

close whatsapp