পান্ত বেশ কিছু দিনের জন্য ব্যাটিং অর্ডারের চার নম্বর জায়গা পাকা করে ফেলেছেন, মত মঞ্জরেকরের
তৃতীয় ওয়ানডেতে ভারতীয় দলে পরিবর্তন নিয়ে পরামর্শ দিলেন তিনি
আপডেট করা - Jan 23, 2022 1:50 pm

প্রাক্তন ভারতীয় ব্যাটার সঞ্জয় মঞ্জরেকর মনে করেন শুক্রবার পার্লে ঋষভ পান্ত যে পারফরম্যান্স দেখিয়েছেন তার পরে বেশ কিছুদিনের জন্য ওডিআইতে ৪ নম্বর স্থানটি নিজের নামে দখল করে নিলেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে পান্ত ৭১ বলে ৮৫ রান করেন, ইনিংস সাজানো ছিল ১০টি চার ও দুটি ছক্কা দিয়ে। ধাওয়ান ও কোহলি কাছাকাছি সময়ের ব্যবধানে আউট হয়ে যাওয়ার পর কেএল রাহুলের (৫৫) সঙ্গে তৃতীয় উইকেটে ১১৫ রানের জুটি গড়েছিলেন তিনি।
পান্তকে নিয়ে ভুল ভেঙেছে মঞ্জরেকরের
প্যান্টের ইনিংসের প্রসঙ্গ টেনে মঞ্জরেকর ইএসপিএনক্রিকইনফোকে বলেছেন যে বাঁ-হাতি ব্যাটার ৪ নম্বর স্থানে ব্যাটিং করার চ্যালেঞ্জের সাথে খুব ভালোভাবে মানিয়ে নিয়েছেন। তিনি বলেছেন, “দ্বিতীয় ওয়ানডেতে যে পারফরম্যান্স দেখা গেল, তার পরে কিছু সময়ের জন্য সে সেই অবস্থানে থাকবে। আমি তার ব্যাটিং স্টাইল সম্পর্কে কিছুটা সন্দিহান ছিলাম, নিশ্চিত ছিলাম না যে সে ৪ নম্বরের জন্য উপযুক্ত কিনা, কারণ আপনি চান যে ৪ নম্বর ব্যাটারের সমস্ত গিয়ার থাকবে। কিন্তু ঋষভ পান্তের দুটি গিয়ার রয়েছে – হয় ব্লক করা বা মাঠের বাইরে বল মারা। কিন্তু সে যেভাবে ব্যাটিং করেছে, আমার মনে হয় সে বেশ কিছুদিনের জন্য চারেই থাকবে।”
উইকেটকিপার-ব্যাটারের আক্রমণাত্মক ইনিংস সত্ত্বেও, ভারত দ্বিতীয় ওয়ানডেতে সাত উইকেটে হেরে যায়। ২৮৮ রানের প্রতিযোগিতামূলক লক্ষ্য তাড়া করতে নেমে ১১ বল বাকি থাকতেই জিতে যায় দক্ষিণ আফ্রিকা।
একদিনের সিরিজ হেরে যাওয়ায়, কেপ টাউনে শেষ ওডিআইতে পরীক্ষা করার সুযোগ রয়েছে ভারতের সামনে। মেন ইন ব্লু-তে তিনি কী পরিবর্তন দেখতে চান জানতে চাইলে মঞ্জরেকর বেশ কয়েকটি পরামর্শ দেন। তিনি মতামত দিয়েছেন, “আমি দেখতে চাই ভেঙ্কি (ভেঙ্কটেশ) আইয়ার ব্যাটিং অর্ডারে আরও ভাল অবস্থান পাচ্ছে, কারণ এরপর দলে নিজের জায়গা বজায় রাখার চাপ অনুভব করতে শুরু করবে সে। তাই হয়তো ইনিংস ওপেন করবে সে। আমি জয়ন্ত যাদবকে অফ-স্পিনার হিসেবে আসতে দেখতে চাই, ব্যাটিংয়ে আরও কিছুটা মজবুত হবে এবং সূর্যকুমার যাদবকে হয়তো পাঁচ নম্বরে দেখা যাবে।”
৫৬ বছর বয়সী যোগ করেছেন, “এছাড়া, আমি দীপক চাহারকে ফিরে আসতে দেখতে চাই। আর, বুমরাহ বিশ্রাম নিতে চাইলে সিরাজ বা প্রসিদ কৃষ্ণের মতো কেউ আসতে পারে।”