১০০০ তম মাইলস্টোন ম্যাচের আগে টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা বার্তা সচিন তেন্ডুলকরের
আপডেট করা - Feb 4, 2022 9:32 pm

আগামী ৬ ফেব্রুয়ারী ক্রিকেটের মঞ্চে নতুন ইতিহাসের স্বাক্ষী হতে চলেছে ভারতীয় দল। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারতীয় ক্রিকেটের ১০০০ তম একদিনের ম্যাচে নামতে চলেছেন বিরাট কোহলি, রোহিত শর্মা। করোনা না থাকলে, এদিন হয়ত বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম কানায় কানায় ভরে থাকত। কিন্তু এই ভয়ঙ্কর ভাইরাসের জন্য খালি গ্যালারীর সামনেই খেলতে হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজকে। আর সেই মাইলস্টোন ম্যাচের আগেই টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা বার্তা সচিন তেন্ডুলকরের। সেইসঙ্গেই তাঁর লেখায় যেন খানিকটা আবেগের টান।
ঘরের মাঠে বছরের প্রথম একদিন ও টি টোয়েন্টি সিরিজ। কিন্তু হঠাত্ করোনার হানায় একসময় সেই সিরিজ হওয়া নিয়েই দেখা দিয়েছিল সংশয়। যদিও শেষপর্যন্ত এই সিরিজ আয়োজনের ব্যপারে গ্রীন সিগনাল দিয়েছিলেন বোর্ড কর্তারা। আর তাতেই স্বস্তি ফিরেছিল ভারতীয় ক্রিকেট মহলে। বোর্ডের বৈঠকে ঠিক হয়েছিল একদিনের সিরিজ হবে আহমেদাবাদে এবং টি টোয়েন্টি সিরিজ হবে কলকাতার ইডেন গার্ডেন্সে।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আগামী রবিবার ঐতিহাসিক ম্যাচে নামবে ভারত। ভারতীয় দলের ১০০০ তম একদিনের ক্রিকেট ম্যাচ। আর সেই মুহূর্তের জন্য ভারতীয় দলকে আগাম শুভেচ্ছা বার্তা সচিন তেন্ডুলকরের। তিনি জানিয়েছেন, “১০০০ তম একদিনের ম্যাচ শুধু আমাদেরই নয় গোটা দেশের কাছে একটা গর্বের ব্যপার। এটা একটা মাইলস্টোন ম্যাচ। এবং আশা করছি ভারতীয় দল আরও শক্তিশালী হয়ে উঠবে। এই ১০০০ তম ম্যাচের জন্য তাদেরকে আন্তরিক শুভেচ্ছা বার্তা জানাই”।
১০০০ তম ম্যাচের আগে বিরাট, রোহিতদের শুভেচ্ছা বার্তা সচিন তেন্ডুলকরের
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেপটাউনে ৯৯৯ তম একদিনের ম্যাচ খেলেছিল ভারত। এখনও পর্যন্ত ৯৯৯টি একদিনের ম্যাচের মধ্যে ৫১৮টি ম্যাচ জিতেছে ভারত। হেরেছে ৪৩১টি ম্যাচ। আর ফলাফল হয়নি ৪১টি ম্যাচে। প্রায় দু দশক আগে ২০০২ সালে ৫০০ তম একদিনের ম্যাচ খেলেছিল ভারত। সেই ম্যাচের স্বাক্ষী ছিলেন সচিন তেন্ডুলকর থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়রাও।
আহামেদাবাদে ভারতের এই মাইলস্টোন ম্যাচে নামার আগে তাই একটু বেশীই আবেগতাড়িত সচিন। ভারতের হয়ে ২০০, ৩০০, ৪০০, ৫০০, ৬০০ এবং ৭০০ ও ৮০০ তম একদিনের ম্যাচ খেলার স্বাক্ষী থেকেছেন তিনি। তাই বিরাট, রোহিতরা যখন এই বিশেষ মাইলস্টোন ম্যাচ খেলতে নামছেন, সেই সময় সচিনের বার্তা, “১০০০ তম একদিনের ম্যাচ সত্যিই মাইলস্টোন। ১৯৭৪ সালে প্রথম একদিনের ম্যাচ খেলেছিল ভারত। সেখান থেকে আজ এই মাইলস্টোন। প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেট তারকাদের হাত ধরেই তা সম্ভব হয়েছে। আর অবশ্যেই অগুন্তী ভারতীয় ক্রিকেটের ভক্তরা তো রয়েছেই”।
করোনার ভয় কাটিয়ে শুক্রবার থেকেই জোর কদমে প্রস্তুতিতে নেমে পড়েছে টিম ইন্ডিয়া। একইসঙ্গে প্রস্তুতিতে নেমে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ শিবিরও। এখন শুধুই ভারতীয় দলের ১০০০ তম ম্যাচ জয়ের অপেক্ষা।