মহিলাদের আইপিএল আয়োজন করার আগে ঘরোয়া ক্রিকেট মজবুত করা জরুরী, মত সাবা করিমের
পুরুষদের ঘরোয়া ক্রিকেট থেকে নিয়মিত প্রতিভা বেরিয়ে এসেছে বলেই আইপিএল সফল হয়েছে বলে মনে করেন সাবা
আপডেট করা - Oct 6, 2021 7:12 am

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সাবা করিম মনে করেন ভারতীয় ক্রিকেট বোর্ড ভবিষ্যতে মহিলাদের আইপিএল আয়োজন করার জন্য নিশ্চয় আগ্রহী হবে। যদিও তাঁর মনে হয়েছে তার আগে একটি মজবুত ঘরোয়া ক্রিকেটের কাঠামো থাকা জরুরী। নাহলে মহিলাদের আইপিএল সফলভাবে আয়োজন করা যাবে না।
২০১৮-তে মহিলাদের ক্রিকেট চ্যালেঞ্জ অনুষ্ঠিত হয়েছিল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ট্রেলব্লেজার ও সুপারনোভার বিরুদ্ধে। পরের বছর মিতালি রাজের নেতৃত্বাধীন ভেলোসিটি নামে একটি তৃতীয় দল অন্তর্ভুক্ত হয়। গত বছর টূর্নামেন্টটি শারজাতে স্থানান্তরিত হয়। সেখানে স্মৃতি মান্ধানার নেতৃত্বাধীন ট্রেলব্লেজার জয়ী হয়।
এই বছর কোভিড পরিস্থিতির কারণে টূর্নামেন্টটি বাতিল করে দিতে হয়। এই মুহূর্তে ভারতীয় মহিলা ক্রিকেট দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি দ্বিপাক্ষিক সিরিজ খেলছে তাদের দেশে। সিরিজটিতে টেস্ট, ওয়ানডে ও টি-২০ তিনটি ফর্ম্যাটই খেলা হচ্ছে।
বিসিসিআইয়ের ক্রিকেট সংক্রান্ত কার্যকলাপের জেনারেল ম্যানেজার হিসেবে কাজ করা সাবা করিম বলেছেন পুরুষদের আইপিএল সফল হতে পেরেছে কারণ ঘরোয়া ক্রিকেট থেকে বছরের পর বছর প্রচুর পরিমাণে প্রতিভা উঠে এসেছে।
সোনি স্পোর্টসের সাথে কথোপকথনে তিনি বলেছেন, “ভবিষ্যতে গিয়ে বিসিসিআই অবশ্যই চাইবে মহিলাদের আইপিএল আয়োজন করতে। কিন্তু আমার মনে হয় তার জন্য একটা মজবুত ঘরোয়া ক্রিকেটের কাঠামো থাকা জরুরী। যেখান থেকে নিয়মিত তরুণ প্রতিভা উঠে এসে আইপিএলের দলগুলিতে জায়গা করে নেবে।”
দু-তিনটি ক্ষেত্রে বিসিসিআইয়ের নজর দেওয়া জরুরী
তাঁর মতে, “পুরুষদের আইপিএল এতো সফল হয়েছে কেন সেটার কারণ খূঁজলে দেখা যাবে বছরের পর বছর ঘরোয়া ক্রিকেট থেকে প্রতিভাবান খেলোয়াড় বেরিয়ে এসেছে এবং তাঁরা আইপিএলের দলগুলিতে জায়গা করে নিয়েছে। নারীদের ক্রিকেটেও সেই একই কাঠামোটা থাকা দরকার।”
তিনি আরো জোড়েন, “দু-তিনটি ক্ষেত্রে বিসিসিআইকে নজর দিতে হবে। ম্যাচের সংখ্যা বাড়াতে হবে, টূর্নামেন্ট বাড়াতে হবে, হয়তো একাধিক দিনের কোন ফর্ম্যাট ঘরোয়া ক্রিকেটে ঢোকাতে হবে। এগুলো করতে পারলে তবেই নতুন প্রজন্মের প্রতিভারা উঠে আসার সুযোগ পাবে।”
বিগত দুই বছরে ভারতীয় দলে বেশ কিছু তরুণ প্রতিভা জায়গা করে নিয়েছেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন শাফালি ভার্মা, হার্লিন দেওল, রিচা ঘোষ, জেমাইমা রড্রিগস, মেঘনা সিং, ইয়াস্তিকা ভাটিয়া। আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পেয়েই এঁরা নিজেদের জাত চিনিয়েছেন। সাবা করিম যে পরিকল্পনাগুলির কথা বলেছেন সেগুলি যদি কার্যকর করা সম্ভব হয় তবে নিঃসন্দেহে আরো বেশ কিছু প্রতিভার উত্থান দেখা সম্ভব হবে।
এই মুহূর্তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে ভারত ওয়ানডেতে ১-২ ব্যবধানে হারলেও, টেস্ট সিরিজে দাপট দেখিয়েছে। বৃষ্টিবিঘ্নিত সিরিজে অস্ট্রেলিয়াকে সবসময়ই মনে হয়েছে হার বাঁচানোর জন্য খেলছে।