রুতুরাজ গায়কোয়াড় কৃতজ্ঞ ধোনির পেপ টকের প্রতি

অকপটে জানালেন ধোনি আশ্বস্ত করার পর স্নায়ু শান্ত রেখে মাঠে নামতে পারতেন

Ruturaj Gaikwad
Ruturaj Gaikwad. (Photo Source: IPL/BCCI)

আইপিএল ২০২১-এর অরেঞ্জ ক্যাপ বিজয়ী রুতুরাজ গায়কোয়াড় জানিয়েছেন যে ব্যাটিং অবস্থান নির্বিশেষে তিনি সর্বদা “ফিনিশার”-এর ভূমিকা পালন করতে চান এবং ম্যাচ শেষ করে আসার ভাবনা রাখেন। 

টাইমস অফ ইন্ডিয়ার সঙ্গে একটি সাক্ষাৎকারে, তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল অভ্যস্ত মিডল অর্ডার পজিশন ছেড়ে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) হয়ে আইপিএলে ওপেন করা প্রসঙ্গে। 

ম্যাচ শেষ করে আসার দিকে মনোনিবেশ করেছি – রুতুরাজ গায়কোয়াড় 

উত্তরে রুতুরাজ গায়কোয়াড় বলেছেন যে মানসিকতা স্থির থাকায় তাঁর শুধুমাত্র “কয়েকটি সামঞ্জস্য” দরকার ছিল। তিনি তাঁর অধিনায়ক এবং ভারতের সর্বকালের সেরা ফিনিশার এমএস ধোনির কাছ থেকে ওপেনার হিসেবে কীভাবে ফিনিশার হওয়া যায় সেই সংক্রান্ত পরামর্শ নেওয়ার কথা স্বীকার করেছেন। 

রুতুরাজ গায়কোয়াড় বলেছেন, “আমি সবসময় খেলা শেষ করার দিকে মনোনিবেশ করেছি। আমি সেই মানসিকতায় অভ্যস্ত। তবে মূল কথা হল আমি সবসময় বিষয়গুলি সহজ রাখার চেষ্টা করি। আমি পরিস্থিতি অনুযায়ী আমার ব্যাটিংয়ে কয়েকটি ছোটখাটো পরিবর্তন করেছি, যার ফল পেয়েছি। এমন একটি বা দুটি ম্যাচ ছিল যখন ধোনি আমার কাছে এসে আমাকে বলেছিল যে যখন খেলাটি আমার নিয়ন্ত্রণে থাকবে, তখন আমার চেষ্টা করা উচিত খেলাটা শেষ করে আসার। এমন নয় যে একজন ওপেনারকে মাত্র ১০-১২ ওভার খেলতে হবে।” 

রুতুরাজ গায়কোয়াড়ের উপর এমএস ধোনির প্রভাব শুধুমাত্র ফিনিশিং দক্ষতার মধ্যে সীমাবদ্ধ থাকেনি। ২৪ বছর বয়সী রুতুরাজ প্রাক্তন ভারত অধিনায়কের “পেপ টক” সম্পর্কেও কথা বলেছেন যা তাঁকে আইপিএল ২০২০-তে সিএসকের হয়ে একটি সংঘর্ষপূর্ণ অভিষেককে দূরে সরিয়ে রাখতে সাহায্য করেছিল।

ধোনির কথা তাঁকে আত্মবিশ্বাস দিয়েছে 

২০২১ আইপিএলের শীর্ষস্থানীয় রান অর্জনকারী রুতুরাজ গায়কোয়াড় যোগ করেছেন, “আমি বেশি রান করতে পারিনি কিন্তু ধোনি ভাই আমাকে একটি পেপ টক দিয়েছিলেন। তিনি আমাকে বলেছিলেন যে “আমার দলে জায়গা নিয়ে চিন্তা করার দরকার নেই”। তিনি বুঝিয়েছিলেন শুরুটা আমার জন্য কঠিন হয়েছে এবং তারা (সিএসকে ম্যানেজমেন্ট) আমার প্রতিভা জানে। ঘরোয়া ক্রিকেটে আমি কেমন পারফর্ম করছি তারা জানে।”

আস্থা জুগিয়ে ধোনির তাঁর পাশে থাকা প্রসঙ্গে রুতুরাজ আরও বলেছেন, “তিনি আমাকে সিএসকের হয়ে খেলা উপভোগ করতে বলেছিলেন। এই কথাগুলো আমাকে আত্মবিশ্বাস দিয়েছে। কথাগুলো আমার স্নায়ুকে শান্ত করতে সাহায্য করেছিল কারণ আমি বুঝতে পেরেছিলাম যে ধোনি আমাকে সমর্থন করছেন। তাই আমি মাঠে আমার সময় উপভোগ করতে শুরু করেছিলাম এবং স্বাধীনতার সাথে ব্যাটিং করেছি। আমার সেরাটা বেরিয়ে এসেছিল। এই আইপিএলে এসে আমার সামর্থ্যের উপর অনেক আস্থা ছিল, যদিও আমি ভাবিনি যে আমি অরেঞ্জ ক্যাপ জিতব।”  

মহারাষ্ট্র-জাত রুতুরাজ গায়কোয়াড় এবারের আইপিএলে ১৬ ইনিংসে ৪৫.৩৫ গড়ে ৬৩৫ রান করেছেন ১৩২.১২ স্ট্রাইক রেটে। ফাফ ডু প্লেসির সাথে তাঁর ওপেনিং পার্টনারশিপ সিএসকের চতুর্থ আইপিএল শিরোপা জয়ে বড় অবদান রেখেছে। 

আসন্ন টি-২০ সিরিজে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একাদশে নির্বাচিত হলে রুতুরাজ গায়কোয়াড়ের মানসিকতা এবং আইপিএল অভিজ্ঞতা কাজে আসবে। 

রোহিত শর্মা এবং কেএল রাহুলের উপস্থিতিতে তাঁকে আবারও মিডল অর্ডারে যেতে হতে পারে। তবে তা নিয়ে তিনি খুব বেশি চিন্তিত নন।

এই প্রসঙ্গে তিনি বলেছেন, “আমি ভারতীয় দলে আমার ব্যাটিং পজিশন নিয়ে ভাবিনি। একজন পেশাদার হিসেবে আমি মানিয়ে নিতে প্রস্তুত। যে বিষয়গুলো আমার নিয়ন্ত্রণে আছে সেগুলোতে ফোকাস করতে চাই। আমি ভালো এমনিতেই সুযোগ পাব। কে কোথায় ব্যাটিং করবে তা অনেক কৌশলের উপর নির্ভর করে এবং আমি সেসব সম্পর্কে সত্যিই ভাবি না।” 

close whatsapp