“অন্তত ফাইনালে ওঠার সম্ভাবনা” – কমনওয়েলথ গেমসে ভারতকে নিয়ে আশাবাদী হরমনপ্রীতের সতীর্থ
তিনি বলেছেন ভারত ও পাকিস্তান যখন খেলবে তখন আবেগ ১০০ গুণ বেশী থাকবে
আপডেট করা - Jul 26, 2022 6:11 pm

কমনওয়েলথ গেমস ২০২২-এর ফাইনালে ভারত উঠতে পারবে, এমনটাই মনে করেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অলরাউন্ডার বেদা কৃষ্ণমূর্তি। এই প্রথম নারী ক্রিকেট বা টি-টোয়েন্টি ফর্ম্যাট মেগা ইভেন্টের অংশ হবে। বার্মিংহ্যামের এজব্যাস্টনে আয়োজিত হতে চলেছে এবারের কমনওয়েলথ গেমস৷
অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলের উপস্থিতি থাকছে টুর্নামেন্টে। তবে, হরমনপ্রীত কউর, স্মৃতি মান্ধানার মতো অভিজ্ঞ খেলোয়াড়দের উপস্থিতির কারণে কৃষ্ণমূর্তি আশাবাদী এই ভারতীয় দলের পক্ষে পদক জয় সম্ভব ।
সোনি স্পোর্টস নেটওয়ার্ক দ্বারা আয়োজিত একটি মিডিয়া আলাপচারিতায় কথা বলতে গিয়ে, বেদা কৃষ্ণমূর্তি ভারতের সম্ভাবনা এবং কোন খেলোয়াড়দের দিকে নজর থাকবে সেই বিষয়ে বলেছেন, “আমরা টি-টোয়েন্টি ফর্ম্যাটে সত্যিই ভালো করছি। হরমনপ্রীত (কউর) ও স্মৃতি (মান্ধানা) দল পরিচালনায় সত্যিই ভালো করছে।”
তিনি যোগ করেছেন, “নারীদের আইপিএল চলাকালীন হরমনপ্রীত তার অধিনায়কত্ব (দক্ষতা) দেখিয়েছিল। সে (ব্যাটার হিসাবে) এককভাবে একটি নির্দিষ্ট দিনে যে কোন দলকে ধ্বংস করতে পারে। আমি তাদের অন্তত ফাইনালে ওঠার সম্ভাবনা দেখছি।”
পূজা বস্ত্রকার গুরুত্বপূর্ণ মুহুর্তে বিশেষ কিছু করে দেখায়: বেদা কৃষ্ণমূর্তি
যে কোনো খেলাই হোক না কেন, ভারত বনাম পাকিস্তান সবসময়ই হাই-ভোল্টেজের ম্যাচ হয়। কমনওয়েলথ গেমসেও গ্রুপ পর্বের ম্যাচে দুটি দল যখন একে অপরের মুখোমুখি হবে, তখনও উত্তেজনার পারদ তুঙ্গে থাকবে। ভারতীয় মেয়েরা সেই ম্যাচ খেলার জন্য কতটা উদ্গ্রীব হবে সে সম্পর্কে কৃষ্ণমূর্তি বলেছেন, “আমি তাদের প্রতি পূর্ণ বিশ্বাস রাখি যে তারা (ভারত) ভালো করবে। ভারত ও পাকিস্তান যখন খেলবে তখন আবেগ ১০০ গুণ বেশী। কে পারফর্ম করবে তা আপনি চিন্তা করবেন না, শুধু জয় পাওয়াই গুরুত্বপূর্ণ। আমি শুনেছি ম্যাচের টিকিট বিক্রি হয়ে গেছে। অনেক আবেগ থাকবে।”
টি-টোয়েন্টি ফর্ম্যাটে শক্তিশালী বোলিং লাইন আপে সমৃদ্ধ দলগুলি প্রায়শই তাদের প্রতিপক্ষর চেয়ে এগিয়ে থাকে। তা ছাড়া, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দলগুলির ব্যাটিং শক্তি ঈর্ষণীয়। ভারতীয় মহিলা দলকে মাঠে তাদের সেরাটা বার করে আনতে হবে।
বেদা কৃষ্ণমূর্তি মনে করেন, উইমেন ইন ব্লু-এর বোলিং আক্রমণে যথেষ্ট বৈচিত্র্য রয়েছে। তিনি পূজা বস্ত্রকারকে এক্স-ফ্যাক্টর হিসাবে চিহ্নিত করেছেন এবং বলেছেন, “সে গুরুত্বপূর্ণ মুহুর্তে কিছু (বিশেষ) করে দেখায়। সে ব্যাট এবং বল উভয় বিভাগেই শ্রীলঙ্কায় ভালো করেছিল এবং এই দলের ফাস্ট বোলিং আক্রমণের নেতা হয়ে উঠেছে।”