২১০ করা ঈশানকে বিশেষ ক্লাবে স্বাগত জানালেন রোহিত
কেবলমাত্র চতুর্থ ভারতীয় ব্যাটার হিসেবে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করেছেন ঈশান
আপডেট করা - Dec 11, 2022 2:47 pm

ভারতের তরুণ আগ্রাসী ওপেনার ঈশান কিষান চট্টগ্রামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশের বিরুদ্ধে ২১০ রানের অনবদ্য ইনিংস খেলার পর খেলোয়াড়দের একটি অভিজাত তালিকায় স্থান করে নিয়েছেন। কেবল চতুর্থ ভারতীয় হিসেবে স্মরণীয় মাইলফলক ছুঁয়েছেন তিনি এবং ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ২০০ রানের ক্লাবে স্বাগত জানিয়েছেন তাঁকে।
বাংলাদেশের বিপক্ষে আগের ম্যাচে অধিনায়ক রোহিত শর্মার চোট পাওয়ায় একাদশে রাখা হয়েছিল ঈশান কিষানকে এবং সিরিজের শেষ ম্যাচে অবিস্মরণীয় ইনিংস খেলেছিলেন। বাংলাদেশী বোলারদের বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন তিনি এবং প্রতিপক্ষের কোন বোলারই তাঁর সামনে কোন প্রতিরোধ গড়তে পারেননি।
মাত্র ৮৫ ডেলিভারিতে তাঁর প্রথম সেঞ্চুরি করার পরে ইনিংসের গতি ত্বরান্বিত করেন। সেঞ্চুরি থেকে ডাবল সেঞ্চুরিতে পৌঁছতে মাত্র ৪১ বল নিয়েছিলেন তিনি। মাত্র ১২৬ বলে ডাবল সেঞ্চুরি পূর্ণ করে তিনি ওডিআইতে ২০০ রানে পৌঁছনো দ্রুততম ব্যাটার হয়েছিলেন। ৫০ ওভারের ফর্ম্যাটে সর্বাধিক ডাবল সেঞ্চুরির রেকর্ডের অধিকারী রোহিত শর্মা তাঁর মুম্বাই ইন্ডিয়ান্সের সতীর্থর ২০০ রান করার কৃতিত্বর প্রতিক্রিয়ায় একটি ফোটো পোস্ট করে লিখেছেন, “ইয়ে ক্লাব কা মাজা আলগ হ্যায় ঈশান কিষান (এই ক্লাবে আসার আলাদাই মজা)।”
আমি ৩০০ রান করার জোনে ছিলাম: ঈশান কিষান
সচিন তেন্ডুলকার, বীরেন্দর সেহওয়াগ এবং রোহিত শর্মার পরে চতুর্থ ভারতীয় হিসেবে ওয়ানডেতে ২০০ রানের সীমা লঙ্ঘন করেছেন ২৪ বছর বয়সী। যদিও তিনি তাঁর ইনিংসে সন্তুষ্ট ছিলেন না এবং তিনি অনুভব করেছিলেন যে ইনিংসের বাকি ওভারগুলি ক্রিজে থাকলে তিনি ৩০০ রান ছুঁতে পারতেন।
“আমি যখন আউট হলাম, তখনও ১৫ ওভার বাকী ছিল। তার মানে ৯০ বল। যদি ৪৫ বল খেলতাম, সেট হয়ে গেলে সেঞ্চুরি করা আরও সহজ। বোলাররা চাপে থাকে। আমি ৩০০ রান করার জোনে ছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত, আমি করিনি… তবে অনেক কিংবদন্তি খেলোয়াড়ের পাশে আমার নাম থাকায় এটি একটি বিশেষ বিষয়,” ম্যাচ-পরবর্তী অনুষ্ঠানে ঈশান কিষান বলেছেন।