ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জয়ের মঞ্চে জোড়া মাইলস্টোনের মালিক রোহিত শর্মা
আপডেট করা - Aug 7, 2022 2:11 pm

ফ্লোরিডার মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জয় হয়ে গিয়েছে। অক্ষর পটেলের অল রাউন্ড পারফরম্যান্সে ভর করে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করে চতুর্থ ম্যাচেই জয় ছিনিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া। সেইসঙ্গে একম্যাচ বাকি থাকতে সিরিজও হয়ে গিয়েছে তাদের। সিরিজ জের এই মঞ্চেই জোড়া মাইলস্টোনের মালিক হয়েছেন রোহিত শর্মা। শাহিদ আফ্রিদির রেকর্ড ভাঙার পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে ১৬,০০০ রানের মালিক হয়েছেন রোহিত শর্মা। আর তাতেই সকলে আপ্লুত।
দ্য হিটম্যান মাঠে থাকা মানেই, ছয় ও চারের বন্যা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চতুর্থ ম্যাচেও রোহিত শর্মার ব্যাট থেকে সেই ঝলকই পাওয়া গিয়েছে। ১৬ বলে ৩৩ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেছেন দ্য হিটম্যান। আর সেই পারফরম্যান্সের সঙ্গেই কেরিয়ারের এক বিশেষ মাইলস্টোন ছুঁয়েছেন তিনি। ইউনিভার্স বসের ঠিক পরের জায়গাতেই নিজের জায়গা পাকা করে ফেলেছেন রোহিত শর্মা। আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ ছয়ের মালিক হয়েছেন রোহিত শর্মা।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এদিন প্রথমে ব্যাটিং করার সুযোগ পেয়েছিল ভারতীয় দল। সেখানেই বিধ্বংসী মেজাজে ছিলেন রোহিত শর্মা। ১৬ বলে ৩৩ রানের ইনিংসের মধ্যেই ৩টি ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার। সেইসঙ্গে তাঁর স্ট্রাইকরেট ছিল ২০৩। রোহিত যদি ম্যাচের শেষপর্যন্ত খেলতেন তবে হয়ত কেরিয়ারের আরেকটি সেঞ্চুরী এদিনই করে ফেলতে পারতেন। যদিও তা হয়নি। কিন্তু শাহিদ আফ্রিদিকে টপকে সেই জায়গা দখল করে নিয়েছেন দ্য হিটম্যান। ৩টি ছয় মারার সঙ্গেই বিশ্ব ক্রিকেটে এখন ৪৭৭টি ছয়ের মালিক রোহিত শর্মা।
সেই তালিকায় সবার ওপরে অবশ্য রয়েছেন ক্রিস গেইল। ৫৫৩টি ছয় মেরে এখনও পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ছয়ের মালিক তিনি। ঠিক তাঁর পরের স্থানেই বসে রয়েছেন রোহিত শর্মা। শাহিদ আফ্রিদি এতদিন ৪৭৬টি ছয় মেরে দ্বিতীয় স্থানে ছিলেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চতুর্থ টি টোয়েন্টিতেই সেই জায়গাটাই দখল করে নিলেন রোহিত শর্মা।
আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ছয়
ক্রিস গেইল – ৫৫৩
রোহিত শর্মা – ৪৭৭
শাহিদ আফ্রিদি – ৪৭৬
শুধু ছয় হাঁকানোর রেকর্ডই নয়। একইসঙ্গে নতুন আরেকটা মাইলস্টোনও গড়েছেন ভারতীয় দলের তারকা অধিনায়ক। আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ হাজার মালিক হয়েছেন তিনি। ক্যারিবিয়ান বধের মঞ্চেই কেরিয়ারের অন্যতম সেরা দুটো প্রাপ্তি রোহিত শর্মার। অধিনায়ক হিসাবে সিরিজ জয়ের ধারা তাঁর অব্যহত। রবিবার পঞ্চম টি টোয়েন্টিতে নামবে তারা। সেখানে চলবে এশিয়া কাপের পরীক্ষা নীরিক্ষা।