রোহিতের খারাপ ফর্মের জন্য মানসিক সমস্যাকে দায়ী করলেন সেহওয়াগ
দশ ইনিংসে মাত্র ১৮৪ রান করেছেন রোহিত
আপডেট করা - May 9, 2023 5:02 pm

মুম্বাই ইন্ডিয়ান্স (এমআই)তাদের পরিচিত ফর্মে নেই আইপিএল ২০২৩-এ এবং তাঁদের অধিনায়ক রোহিত শর্মার ফর্ম নিয়েও উদ্বেগ রয়েছে। ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দর সেহওয়াগ বিশ্বাস করেন যে এমআইয়ের অধিনায়ক রোহিত শর্মা “মানসিক সমস্যা”-য় ভুগছেন এবং তাঁর ব্যাটিংয়ে টেকনিকের কোনো সমস্যা নেই।
রোহিত আইপিএল ২০২৩-এ ধারাবাহিকভাবে রান পেতে ব্যর্থ হয়েছেন। এখনও অবধি ১২৬.৮৯ স্ট্রাইক রেটে ১৮.৪০ গড়ে মাত্র ১৮৪ রান করেছেন। শেষ দুই ম্যাচে খাতা খুলতে পারেননি তিনি। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে শেষ ম্যাচের সময়ে রোহিত আইপিএলে তাঁর ১৬তম ডাক নথিভুক্ত করেছিলেন, যা আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশী।
স্টার স্পোর্টসের ক্রিকেট লাইভে সেহওয়াগ বলেছেন, “বোলারদের কারণে রোহিত শর্মা সমস্যায় পড়ছে না। তার সমস্যা নিজের সঙ্গে। মানসিক অবরোধ রয়েছে তার। তার ব্যাটিং টেকনিক নিয়ে কোনো সমস্যা নেই। তার মনে কিছু বিভ্রান্তি চলছে। কিন্তু যেদিন সেটা চলে যাবে, সে আগের সব ম্যাচের ব্যর্থতা ভুলিয়ে দেবে।”
পাঁচবারের চ্যাম্পিয়ন এমআই পাঁচ হার ও পাঁচ জয়ের পরে ১০ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে। তাদের আগের ম্যাচে মুম্বাই চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ছয় উইকেটে হেরেছিল। পাওয়ারপ্লেতেই তিন উইকেট হারানোর পরে ইনিংস পুনরুদ্ধার করা সম্ভব হয়নি এবং এমআই মাত্র ১৩৯/৮ করতে পেরেছিল। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ১৭.৪ ওভারেই লক্ষ্য অতিক্রম করেছিল চেন্নাই।
এমআইয়ের ওপেনিং কম্বিনেশনটি বিভ্রান্তিকর মনে হচ্ছে: অ্যারন ফিঞ্চ
অস্ট্রেলিয়ার প্রাক্তন ব্যাটার অ্যারন ফিঞ্চ মনে করেছেন সেই ম্যাচে যথাক্রমে ৬ এবং ৭ রান করা ক্যামেরন গ্রিন ও ঈশান কিষান বিভ্রান্ত ছিলেন এবং প্রতিপক্ষের ওপেনার রুতুরাজ গায়কওয়াড়ের ইনিংস দেখে মুম্বাইয়ের ওপেনারদের শেখা উচিৎ।
“এমআইয়ের ওপেনিং কম্বিনেশনটি বিভ্রান্তিকর মনে হচ্ছে। তারা অনেক বেশী ঝুঁকি নিচ্ছে। তারা সব বল হিট করতে চায়ছিল। রুতুরাজ গায়কোয়াড়ের কাছ থেকে তাদের শেখা উচিৎ। সে ক্রিজে খুব শান্ত থাকে এবং আলগা বল মারতে পারে,” ফিঞ্চ বলেছেন।
রোহিত যেখানে সমস্যায় পড়ছেন, সেখানে বিরাট কোহলি ব্যাট হাতে নিয়মিত রান করছেন। আইপিএল ২০২৩-এ এখনও পর্যন্ত ৪১৯ রান সংগ্রহ করেছেন, যদিও তাঁর স্ট্রাইক রেট মাঝে মাঝেই প্রশ্নবিদ্ধ হয়েছে।
তাঁর ধারাবাহিকতার প্রশংসা করে প্রাক্তন দক্ষিণ আফ্রিকান স্পিনার ইমরান তাহির বলেছেন, “বিরাট কোহলির মধ্যে সবসময় রান করার তাগিদ ছিল। এক মরসুমে, দুই বা তিন মরসুমে ধারাবাহিকভাবে রান করা যায়, কিন্তু কেউ যদি টানা পনেরো মরসুমে এটি করতে সফল হয়, তবে সেই খেলোয়াড়ের কঠোর পরিশ্রম ও নিষ্ঠাকে কৃতিত্ব দিতে হবে। গত পনেরো বছরে বিরাট যা করেছে তা সত্যিই প্রশংসনীয়।”