অধিনায়ক রোহিত শর্মার দলে ফেরাটা স্বস্তি দিচ্ছে হার্দিক পান্ডিয়াকে
আপডেট করা - Jan 12, 2023 5:34 pm

শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে না থাকলেও, একদিনের সিরিজ দিয়েই ভারতীয় দলে ফিরেছেন রোহিত শর্মা। আর ভারকতীয় দলের অধিনায়কের প্রত্যাবর্তনটাই স্বস্তি দিচ্ছে হার্দিক পান্ডিয়াকে। চোট পেয়ে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন হার্দিক। আইপিএল দিয়েই প্রত্যাবর্তনটা হয়েছে তাঁর। আর তাতেই এখন সাফল্যের রাস্তায় হাঁটতে শুরু করেছে হার্দিক পান্ডিয়া। সেই সময় নেতৃত্বের দায়িত্বটা চাপ বাড়াচ্ছে। সেজন্যই রোহিত শর্মার ফিরে আসাটা স্বস্তি দিচ্ছে হার্দিক পান্ডিয়াকে। নিজের পারফরম্যান্সের দিকে নজর দেওয়ার জন্য অনেকটা সময় পাওয়াতেই খুশি এই তারকা ক্রিকেটার।
রোহিত শর্নার অনুপস্থিতিতে এখন বিভিন্ন সিরিজেই ভারতীয় দলের নেতৃত্বর ভার উঠতে দেখা যাচ্ছে হার্দিক পান্ডিয়ার ওপর। সদ্য শেষ হওয়া শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজেও হার্দিক পান্ডিয়ার কাঁধেই উঠেছিল ভারতীয় দলের নেতৃত্বের ভার। এই মুহূর্তে নিজের পারফর্ম্যান্সের ওপরই সবচেয়ে বেশী নজর দিতে চাইছেন হার্দিক পান্ডিয়া। আর সেখানেই নেতৃত্বের দায়িত্ব যে মাঝেমধ্যেই চাপ বাড়িয়ে দিচ্ছে সেটা মানতে কোনও দ্বিধা নেই তাঁর। এমন সময়েই চোট সারিয়ে রোহিত শর্মার ফিরে আসাটা স্বস্তি দিচ্ছে হার্দিক পান্ডিয়াকে।
শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজেই ফিরেছেন রোহিত শর্মা
প্রথমবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলকে নেতৃত্ব দিতে দেখা গিয়েছিল হার্দিক পান্ডিয়াকে। সেই সিরিজেই ভারতীয় দলের জার্সিতে নেতৃত্বের অভিষেক হয়েছিল হার্দিক পান্ডিয়ার। এরপর টি টোয়েন্টি বিশ্বকাপের পর নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ এবং একদিনের সিরিজে নেতৃত্ব সামলেছেন তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধেও টি টোয়েন্টি সিরিজে ভারতীয় দলের নেতৃত্ব সামলেছিলেন হার্দিক পান্ডিয়া। তবে সামনেই রয়েছে বিশ্বকাপ। আর সেই কারণেই এখন নিজের পারফরম্যান্সকে আরও ভাল করার জন্য নিজেকে সময় দেওয়াই প্রধান লক্ষ্য হার্দিক পান্ডিয়ার।
এই প্রসঙ্গে দ্বিতীয় ম্যাচ শুরু হওয়ার আগে হার্দিক পান্ডিয়া জানিয়েছেন, “রোহিত শর্মা ভারতীয় দলে ফিরে এসেছেন, আর সেটাই আমাকে অনেক স্বস্তি দিচ্ছে। এই মুহূর্তে কোনটায় আমার ভাল হবে সেদিকে বিশেষ নজর দিতে পারব আমি এবং নিজের জ্ঞানও সকলের সঙ্গে ভাগ করে নিতে পারব। যদি তাদের আমার পরামর্শ কখনোও প্রয়োজন হয় আমি সবসময়ই সেখানে রয়েছি। এই মুহূর্তে আমার শরীর একেবারেই ভাল রয়েছে। সেইসঙ্গে দলের প্রত্যেকেরই ওয়ার্কলোড ম্যানেজমেন্টের দিকেও নজর দেওয়া হচ্ছে। কারণ ৬ থেকে ৭ মাস পরই রয়েছে বিশ্বকাপ”।
রোহিত শর্মার পরিবর্তে ভারতীয় দলের টি টোয়েন্টি ফর্ম্যাটের অধিনায়ক হওয়ার ব্যপারে কয়েকদিন ধরেই হার্দিক পান্ডিয়ার নাম নিয়ে গুঞ্জন শোনাযাচ্ছে। যদিও হার্দিক পান্ডিয়া যে এখনই সেসব নিয়ে ভাবতে চাইছেন না, তা বেশ স্পষ্ট। নিজেকে যতটা সম্ভব হাল্কা মেজাজেই রাখতে চাইছেন হার্দিক পান্ডিয়া।