চতুর্থ টেস্টে বিরাট কোহলি অসুস্থ ছিলেন না বলেই জানালেন রোহিত শর্মা
আপডেট করা - Mar 13, 2023 8:07 pm

বর্ডার-গাভাস্কার ট্রফি ২০২৩- ২-১ ব্যবধানে জয়ী হয়েছে ভারত। বিরাট কোহলি চতুর্থ ম্যাচে নিজের ২৮তম টেস্ট শতরানটি করেন। বিরাট কোহলি অসুস্থ অবস্থায় এই শতরানটি করেছেন এমন কথাই প্রথমে শোনা যাচ্ছিল। কিন্তু ভারতের অধিনায়ক রোহিত শর্মা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে বিরাট অসুস্থ ছিলেন না।
১২০৫ দিন পর টেস্ট ক্রিকেটে শতরান করার পর বিরাট কোহলির স্ত্রী তথা বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানান যে বিরাট কোহলি অসুস্থ ছিলেন তা সত্ত্বেও তিনি এই মাইলফলকটিতে পৌঁছাতে সক্ষম হয়েছেন। তিনি বলেন যে বিরাট সবসময় তাকে অনুপ্রেরণা দেয়।
অনুষ্কা শর্মা তার ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, “অসুস্থতার মধ্যেও এত সংযমের সাথে খেলছে। আমাকে সবসময় অনুপ্রেরণা দেয়।”
অভিজ্ঞ ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের স্ত্রী প্রীতি নারায়ণ অনুষ্কা শর্মার এই বক্তব্যকে পুনর্ব্যক্ত করেন। তিনি অনুষ্কার ইনস্টাগ্রাম স্টোরিকে সমর্থন করেন এবং বলেন যে জ্বরের সাথে লড়াই করা অবস্থায় বিরাট কোহলি এই সাফল্যটি অর্জন করেছেন।
প্রীতি নারায়ণ বিরাট কোহলির ৭৫তম শতরান উদযাপন করার ছবি ইনস্টাগ্রামে স্টোরিতে দেন এবং তাতে ক্যাপশন দেন, “যখন আপনার জ্বর সেরে যায় এবং টাডা!”
তবে ভারত বনাম অস্ট্রেলিয়া চতুর্থ টেস্টটি শেষ হওয়ার পরে রোহিত শর্মাকে যখন সংবাদ সম্মেলনে যখন এই ব্যাপারে জিজ্ঞেস করা হয় তখন তিনি বলেন যে তার মনে হয় না যে বিরাট কোহলি অসুস্থ ছিলেন। এছাড়াও তিনি বলেন যে সোশ্যাল মিডিয়াতে দেখা সব জিনিস বিশ্বাস না করতে।
রোহিত বলেন, “আপনি সোশ্যাল মিডিয়ায় যা দেখেন তা বিশ্বাস করবেন না। এটা ভাববেন না যে বিরাট অসুস্থ ছিলেন, তার শুধু একটু কাশি হচ্ছিল।”
দেখে মনে হচ্ছিল না যে তিনি অসুস্থ ছিলেন: অক্ষর প্যাটেল
ভারতীয় দলের বাঁ-হাতি স্পিনার অক্ষর প্যাটেল বলেন, “আমি জানি না। সে যেভাবে উইকেটের মধ্যে দৌড়াচ্ছিল, তাতে মনে হচ্ছিল না তিনি অসুস্থ। এত গরম আবহাওয়ার মধ্যেও তিনি এত বড় পার্টনারশিপ করেছেন এবং এত ভালো দৌড়েছেন। তার সাথে ব্যাটিং করাটা অসাধারণ ছিল।”
ভারত ইতিমধ্যেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডাব্লুউটিসি) ফাইনালে চলে গেছে। প্ৰথম দল হিসেবে পরপর দুবার ডাব্লুউটিসির ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করল ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে মুখোমুখি হবে ভারত।