আইপিএলে অশ্বিনের থেকে পরামর্শ গ্রহণ করতে আগ্রহী রিয়ান পরাগ

আবার রাজস্থান রয়্যালসে ফিরে আসতে পেরে খুশি রিয়ান

Riyan Parag
Riyan Parag. (Photo Source: Twitter)

রাজস্থান রয়্যালস (আরআর) অলরাউন্ডার রিয়ান পরাগ আইপিএল ২০২২ মরসুমের আগে অভিজ্ঞ অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের কাছ থেকে অনেক কিছু শেখার জন্য মুখিয়ে আছেন। অশ্বিনকে আরআর মেগা নিলামে ৫ কোটি টাকার বিনিময়ে কিনেছিল এবং তিনি আসায় দল তাঁর অভিজ্ঞতা দলের অনেক তরুণকে সাহায্য করবে।

৩৫ বছর বয়সী অফ স্পিনার সম্প্রতি কপিল দেবের রেকর্ড ভেঙে টেস্টে ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন। রিয়ান পরাগ লাল বলের ক্রিকেটের বোলিংয়ে উন্নত হওয়ার জন্য অশ্বিনের কাছ থেকে শিখতে আগ্রহী।

সাদা বলের টুর্নামেন্টে লাল বল নিয়ে আসছেন রিয়ান

বুধবার পিটিআই-এর সাথে কথা বলার সময়, রিয়ানকে জিজ্ঞাসা করা হয় তিনি কার কাছ থেকে পরামর্শ পেতে আগ্রহী। তার উত্তরে তিনি বলেছেন, “সেটা অবশ্যই হবে অশ্বিন … যদি সর্বকালের সেরা না হয়, তবে সে বিশ্বের সেরা অফ-স্পিনারদের একজন। আমি অবশ্যই টুর্নামেন্টে আমার সাথে একটি লাল বল নিয়ে যাওয়ার চেষ্টা করব যাতে আমি তার কাছ কয়েকটি টিপস পেতে পারি।”

তরুণ অলরাউন্ডার বোঝেন যে সাদা বলের ক্রিকেটে সফল হতে হলে তাঁর আস্তিনে বেশ কিছু বৈচিত্র্য থাকা দরকার। অশ্বিনের কাছ থেকে কিছু কৌশল শিখতে আগ্রহী হওয়া সম্পর্কে তিনি বলেছেন, “তবে সাদা বল নিয়েও, আমি মনে করি যদি আমি তার মস্তিষ্কের বৈচিত্র্য এবং সমস্ত রহস্য উদ্ঘাটন করতে পারি, তবে আমার মনে হয় এই মরসুমের পরে আমার সাদা বলের বোলিং আরও ভালো হতে চলেছে।” 

রিয়ান পরাগ গত তিন মরসুম ধরে আরআর-এর সাথে যুক্ত ছিলেন এবং আইপিএল ২০২২-এর নিলামে ফ্র্যাঞ্চাইজি ৩.৮ কোটি টাকা দিয়ে তাঁকে কিনেছিল। তাঁর প্রিয় ফ্র্যাঞ্চাইজি তাঁর প্রতি আবার বিশ্বাস দেখানোয় ২০ বছর বয়সী খুশি হয়েছেন।

তাদের আস্থার প্রতিদান দেওয়ার জন্য দৃঢ়প্রতিজ্ঞ রিয়ান বলেছেন, “আমি রয়্যালসে আমার আইপিএল যাত্রা শুরু করেছিলাম, এবং আমি আনন্দিত যে আমাকে আবার কেনা হয়েছে। আমি জানি যে চারটি দল নিলামে জড়িত ছিল এবং এটা দেখে ভালো লাগলো কারণ এর মানে আমি কিছু হলেও ঠিকঠাক পারফর্ম করেছি। এই দলটি আমার কাছে এজন্যই খুব গুরুত্বপূর্ণ কারণ এখানকার পরিবেশ একেবারে পারিবারিক, এখানে সবাই যত্ন নেয়, সবাই খুব বন্ধুত্বপূর্ণ।”

অসমের হয়ে এবারের রঞ্জি ট্রফিতে সাফল্য পেয়েছেন রিয়ান। ছয় ইনিংসে তিনি ৯১ রানের সর্বোচ্চ স্কোরসহ মোট ২৯৩ রান সংগ্রহ করেন এবং সাত উইকেটও নিতে সক্ষম হন। 

close whatsapp