পার্টিতে মহিলার সঙ্গে এক খেলোয়াড়ের অভব্য আচরণ; দিল্লি ক্যাপিটালসের উপর আরোপ হল কড়া নিষেধাজ্ঞা

রাত ১০টার পরে খেলোয়াড়দের ঘরে বহিরাগতদের প্রবেশ নিষেধ

Delhi Capitals
Delhi Capitals. (Photo Source: IPL/BCCI)

দিল্লি-ভিত্তিক আইপিএল ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস (ডিসি) তাদের স্কোয়াডের খেলোয়াড়দের জন্য কঠোর আচরণবিধি আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে। জানা গেছে যে একজন খেলোয়াড় একটি ফ্র্যাঞ্চাইজি পার্টিতে একজন মহিলার সঙ্গে দুর্ব্যবহার করেছেন এবং সেই নিয়ে অভিযোগ উঠতেই কড়া হাতে পরিস্থিতি সামাল দিতে নেমেছে ক্যাপিটালস।

সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে জয়ের পরে ২৪শে এপ্রিল, সোমবার, ফ্র্যাঞ্চাইজি দ্বারা আয়োজিত একটি পার্টির সময়ে ওই ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছিল বলে জানা যাচ্ছে। পরিস্থিতির দিকে নজর দিয়েছে ক্যাপিটালস ম্যানেজমেন্ট এবং কিছু নির্দেশিকা প্রযুক্ত হয়েছে। খেলোয়াড়দের ঘরে স্কোয়াডের বাইরের ব্যক্তিদের আসতে হলে অনুমতি নিতে হবে।

আচরণ বিধি লঙ্ঘনের ফলে জরিমানা বা চুক্তি বাতিল হতে পারে

ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য ডিসি প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। আচরণবিধি অনুসারে রাত ১০টার পরে খেলোয়াড়রা তাঁদের ঘরে কোনো ব্যক্তিকে নিয়ে আসার অনুমতি পাবেন না। আচরণবিধি লঙ্ঘন করা হলে চুক্তি বাতিল বা জরিমানা করা হবে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে।

খেলোয়াড় ও কোচিং স্টাফের সদস্যরা যখন ম্যাচের জন্য ভ্রমণ করেন, তখন তাঁদের স্ত্রী/সঙ্গীদের নিয়ে আসার অনুমতি দেওয়া হয়। নিয়ম অনুসারে খেলোয়াড় ও কোচিং স্টাফের সদস্যদের নিজেদেরকেই তাঁদের সঙ্গীর ভ্রমণ সংক্রান্ত ব্যয় বহন করতে হবে। খেলোয়াড়ের সঙ্গে কতজন সদস্য যোগ দেবেন, তাও আগে থেকে ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তাদের অবহিত করতে হবে।

“খেলোয়াড়রা রাত ১০টার পরে তাঁদের পরিচিতদের নিজেদের ঘরে আনতে পারবেন না এবং যদি তাঁরা তাঁদের অতিথিদের আপ্যায়ন করতে চান তবে সেটি টিম হোটেলের রেস্তোরাঁ বা কফি শপে হতে হবে। খেলোয়াড়দের ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তাদের জানাতে হবে যখন তাঁরা কারও সঙ্গে দেখা করার জন্য হোটেল ছাড়বেন। যে কোনো বিধি লঙ্ঘনের ফলে জরিমানা বা চুক্তি বাতিল হতে পারে,” ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী আচরণবিধিতে জানানো হয়েছে।

ডেভিড ওয়ার্নার ও তাঁর সতীর্থদের আইপিএল ২০২৩ অভিযানের বিপর্যয়কর সূচনা হয়েছিল টানা পাঁচটি হারের মাধ্যমে। যদিও গত দুটি ম্যাচে তারা জিতেছে। ২৪শে এপ্রিল হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সানরাইজার্সের বিরুদ্ধে তাদের আগের ম্যাচে জয়ের পরে, ২৯শে এপ্রিল (শনিবার) আবারও দুই দল মুখোমুখি হবে। ডিসি তাদের জয়ের গতি বজায় রেখে পয়েন্ট তালিকায় উপরের দিকে উঠে আসতে চায়বে।

close whatsapp