আইসিসি টেস্ট বোলারের তালিকায় দ্বিতীয় র্যাঙ্কে উঠলেন অশ্বিন
উন্নতি হয়েছে জাডেজা, রোহিতের র্যাঙ্কেও
আপডেট করা - Feb 15, 2023 4:38 pm

নাগপুর টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আট উইকেট নিয়ে আইসিসি পুরুষদের টেস্ট বোলার র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন রবিচন্দ্রন অশ্বিন। শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক প্যাট কামিন্সের কাছাকাছি চলে এসেছেন তিনি। মাত্র ২১ পয়েন্ট পিছিয়ে আছেন অফ স্পিনার। প্রথম টেস্টের প্লেয়ার অফ দ্য ম্যাচ রবীন্দ্র জাডেজাও সাম্প্রতিক আইসিসি র্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় উন্নতি লাভ করেছেন।
প্রথম ইনিংসে ৪২ রান দিয়ে ৩ উইকেট নেওয়ার পরে, দ্বিতীয় ইনিংসে অশ্বিন আরও বিধ্বংসী হয়ে ওঠেন এবং ৩৭ রান দিয়ে ৫ উইকেট নেন। এখন ৮৪৬ পয়েন্ট নিয়ে অশ্বিন পিছনে ঠেলে দিয়েছেন জেমস অ্যান্ডারসনকে। বর্ডার-গাভাস্কার ট্রফির বাকী ম্যাচগুলিতে এই আধিপত্য বজায় রাখতে পারলে কামিন্সকে সরিয়ে শীর্ষে উঠে আসতে পারেন অশ্বিন। অশ্বিন ছাড়া শুধু শীর্ষ ১০ বোলারের মধ্যে ভারতীয় হিসেবে আছেন জসপ্রিত বুমরাহ (পঞ্চম)।
এদিকে, জাডেজা ব্যাটিং-বোলিং উভয় বিভাগেই দুর্দান্ত পারফর্ম্যান্সের পরে ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরষ্কার পেয়েছিলেন। তিনি প্রথম ইনিংসে স্টিভেন স্মিথ ও মার্নাস ল্যাবুশেনের বড় উইকেটসহ পাঁচটি উইকেট নিয়েছিলেন। এ ছাড়া তিনি ব্যাট হাতে ৭০ রানের ঝকঝকে ইনিংস খেলায় পুরুষদের টেস্ট অলরাউন্ডার চার্টে তাঁর শীর্ষস্থান পোক্ত করেছেন। বর্তমানে বোলারদের তালিকায় তাঁর স্থান ১৬তম।
পিছলেন ওয়ার্নার, খোয়াজা
টেস্ট অলরাউন্ডারের তালিকায় জাডেজার পরেই অশ্বিনের অবস্থান। নাগপুরে গুরুত্বপূর্ণ ৮৪ রানের ইনিংস খেলা অক্ষর প্যাটেল অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে সপ্তম স্থানে উন্নীত হয়েছেন ছয় ধাপ উঠে।
ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা টেস্ট ব্যাটার র্যাঙ্কিংয়ে দুই ধাপ লাফিয়ে দশম থেকে অষ্টম স্থানে উঠেছেন। তিনি নাগপুরে ২১২ বলে ১২০ রানের ইনিংস খেলেন, যেখানে বাকী ব্যাটাররা রান করতে বিপাকে পড়েছিলেন। রোহিত ছাড়া ঋষভ পান্তই কেবল ভারতীয় হিসেবে টেস্ট ব্যাটিং চার্টের শীর্ষ দশে রয়েছেন।
অস্ট্রেলিয়ার মার্নাস ল্যাবুশেন ও স্টিভেন স্মিথ শীর্ষে আধিপত্য বিস্তার করলেও র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়েছেন ডেভিড ওয়ার্নার ও উসমান খোয়াজা। নাগপুর টেস্টে ১ ও ১০ রানের স্কোর থাকা ওয়ার্নার ছয় ধাপ নেমে ২০তম স্থানে এসেছেন এবং খোয়াজা দুই স্থান নেমে দশম স্থানে দাঁড়িয়ে আছেন।