অ্যান্ডারসনের বিরুদ্ধে পান্তের রিভার্স সুইপ মারার পিছনের পরিকল্পনা ফাঁস করলেন প্রাক্তন কোচ রবি শাস্ত্রী
রিভার্স সুইপটি থেকে দুই রান পান পান্ত
আপডেট করা - Jul 2, 2022 2:27 pm

ভারতীয় উইকেটকিপার-ব্যাটার ঋষভ পান্ত বার্মিংহ্যাম টেস্টের প্রথম দিনে ইংল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি করে ভারতকে বিপদ থেকে উদ্ধার করেছেন এবং এই সেঞ্চুরিটি তাঁর আন্তর্জাতিক কেরিয়ারের অন্যতম সেরা হিসেবে থেকে যাবে। এই শতরানের জন্য যখন বিভিন্ন মহল থেকে প্রশংসা আসছে, তখন ভারতের প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী পান্তের সাথে তাঁর একটি আলোচনা প্রকাশ করে বলেছেন যে সেই কথোপকথন পান্তের খেলায় প্রভাব ফেলেছিল।
পান্ত তাঁর ইনিংস চলাকালীন বিভিন্ন শট খেলেন এবং শটের সেই প্রদর্শনী দ্বারা বিনোদন দেন দর্শকদের। ইংলিশ পেসার জেসম অ্যান্ডারসন ভারতের তিন ব্যাটারকে আউট করলেও, তাঁর স্পেল চলার সময়ও পান্ত শান্ত থাকেননি। অ্যান্ডারসনের বিরুদ্ধে পান্ত দুবার স্টেপ আউট করে স্ট্রেট ড্রাইভ মারেন। তবে যে শট সবাইকে হতবাক করে দিয়েছিল তা হল স্লিপ কর্ডনের উপর দিয়ে একটি রিভার্স সুইপ।
“গত বছর, আমি পান্তের সাথে কথা বলেছিলাম এবং আমি তাকে বলেছিলাম যে তুমি প্রতিবার একইভাবে উইকেট ছুঁড়ে দিয়ে আসো এবং তা দেখে আমি বিরক্ত হয়ে যাচ্ছি, তুমিও কি বিরক্ত হও না? তা হলে তুমি কেন ভিন্ন কিছু চেষ্টা করো না, আরও অসামান্য কিছু একটা… হয়তো রিভার্স সুইপ করার মতো? আর দেখলাম ওর চোখ দুটো জ্বলছে। একজন খেলোয়াড়ের ক্ষমতাকে সমর্থন করা খুবই গুরুত্বপূর্ণ,” স্কাই স্পোর্টসে ধারাভাষ্য দেওয়ার সময় শাস্ত্রী বলেছিলেন।
আইপিএল চলাকালীন এবং এমনকি পরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সময়ও পান্তকে তেমন ছন্দে দেখায়নি। তবে তিনি সবসময়ই দীর্ঘতম ফর্ম্যাটে জ্বলে ওঠেন এবং অসাধারণ পারফরম্যান্স করেন। শুক্রবার ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি ছিল লাল বলের ফর্ম্যাটে তাঁর পঞ্চম শতরান।
“তিনি জ্যাক লিচকে কয়েকবার রিভার্স সুইপ করেছিলেন। পরের টেস্টে অ্যান্ডারসনের বিপক্ষে সেটাই করলেন। সীমিত ওভারের সিরিজে তাদের অন্যতম দ্রুততম বোলার জোফ্রা আর্চারকে রিভার্স সুইপ করে এক ধাপ এগিয়ে গিয়েছিল,” শটের শৈলীর জন্য পান্তের প্রশংসা করার সময় শাস্ত্রী বলেছেন।
আজকে তার ইনিংস পরিচালনা করার পদ্ধতিটি পছন্দ করেছি: রবি শাস্ত্রী
পান্ত যেভাবে ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর ইনিংস পরিচালনা করেছিলেন এবং প্রথম বল থেকেই পরিস্থিতি মূল্যায়ন পেরেছিলেন তা দেখে শাস্ত্রী আনন্দিত। একবার তিনি ধাতস্থ হয়ে গেলে, প্রতিপক্ষের কোন বোলারকেই তিনি ছাড়েননি এবং ধারাবাহিকভাবে দর্শনীয় স্ট্রোক মেরে একটি আগ্রাসী সেঞ্চুরি করেন।
“সে সময় নষ্ট করে না – আমি আজকে তার ইনিংস পরিচালনা করার পদ্ধতিটি পছন্দ করেছি। সে সেই উচ্চ-ঝুঁকির শটগুলি প্রথম দিকে নিতে প্রস্তুত ছিল না। এমনকি যখন সে অ্যান্ডারসনের সামনে স্টেপ আউট করছিল তখনও সেটা পরিমিত ছিল। সে ঠিকই জানত সে কী করছে এবং সে খেলোয়াড় হিসেবে এমনই। সে অবিলম্বে প্রতিপক্ষের উপর চাপ ফিরিয়ে দেয়,” যোগ করেছেন শাস্ত্রী।