কার্তিককে ধোনির পরিবর্ত হিসেবে দেখতে চান শাস্ত্রী
উইকেটকিপার-ব্যাটার হিসেবে যদি পান্তকে খেলানো হয়, তবু কার্তিককে ফিনিশারের ভূমিকায় চাইছেন শাস্ত্রী
আপডেট করা - Jun 5, 2022 10:56 am

এমএস ধোনি ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন এবং ভারতীয় দল এখনও তাঁর মতো একজন যোগ্য ফিনিশার খুঁজে পায়নি। কিন্তু ৩৭ বছর বয়সী দীনেশ কার্তিকের সাম্প্রতিক ফর্ম ইঙ্গিত দেয় যে তিনি সেই শূন্যস্থান পূরণ করতে প্রস্তুত। প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রীও মনে করেন কার্তিককে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের ফিনিশার হিসেবে ব্যবহার করা উচিত।
এই উইকেটকিপার-ব্যাটার ভারতের হয়ে ২০০৪ সালে আত্মপ্রকাশ করেন এবং ২০০৬ সালে ভারতের প্রথম টি-টোয়েন্টি জয়ের নায়ক ছিলেন। পরবর্তী কালে এমএস ধোনি উইকেটকিপার ও ফিনিশার হিসেবে বিশ্বের অন্যতম সেরা পারফর্মার হয়ে ওঠায় জাতীয় দলে কার্তিক সীমিত সুযোগ পান। তবে সাম্প্রতিক সময়ে স্বপ্নের ফর্মে ব্যাটিং করছেন এই ব্যাটার। সম্প্রতি সমাপ্ত আইপিএলে আরসিবি-র হয়ে তাঁর ভূমিকা ধোনির মতোই ছিল, এবং তিনি তাঁর দলের জন্য ফিনিশারের ভূমিকা দুর্দান্তভাবে পালন করেছিলেন। কার্তিক ১৬ ম্যাচে ১৮৩.৩৩-এর অনবদ্য স্ট্রাইক রেটে ৩৩০ রান করার পরে জাতীয় দলে ডাক পেয়েছেন।
এমন একজন উইকেটকিপার দরকার যে এমএস ধোনির ভূমিকা পালন করবে, বলেছেন রবি শাস্ত্রী
রবি শাস্ত্রী এই বিষয়ে তাঁর মতামত দিয়ে বলেছেন যে কার্তিককে এই বছরের শেষের দিকে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকার জন্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন টি-২০ সিরিজে সুযোগের সদ্ব্যবহার করতে হবে। “এটা তার সুযোগ। যদি সে এই ম্যাচগুলিতে সুযোগ পায়, তাকে ভারতের হয়ে পারফর্ম করতেই হবে। আমরা জানি তার অভিজ্ঞতা আছে, তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ,” শাস্ত্রী স্টার স্পোর্টসকে বলেছেন।
যদিও ভারত ইতিমধ্যেই ঋষভ পান্তের মতো একজন বিস্ফোরক উইকেটকিপার ব্যাটার পেয়েছে, তবে শাস্ত্রী বিশ্বাস করেন যে পান্তকে ব্যাটিং ক্রমের উপরের দিকে ব্যাটিং করতে পাঠানো উচিত। তিনি ফিনিশার হিসাবে কার্তিককেই বেছে নিয়েছেন, যা ধোনি দীর্ঘদিন ধরে করছিলেন।
“আপনাকে দলের দৃষ্টিকোণ থেকে দেখতে হবে, তারা কী খুঁজছে? তারা কি এমন একজন কিপার চায় যে অর্ডারের শীর্ষে ব্যাট করবে নাকি তারা এমন একজন কিপার চায় যে ফিনিশার হবে? আমি পরেরটাই বাছব। এটাকে এমনভাবে দেখা যাক যে আপনার এমন একজন উইকেটকিপার দরকার যে এমএস ধোনির ভূমিকা পালন করবে। ইতিমধ্যেই ঋষভ পান্ত আছে যে টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম চার বা পাঁচে ব্যাট করতে পারে, তবে আপনি এমন কাউকে চান যে একটি খেলা ধরে রাখতে এবং শেষ করতে পারে কারণ এমএস (ধোনি) ছেড়ে দেওয়ার ফলে এখন খুব বেশী ফিনিশার নেই। সুতরাং, আমি মনে করি সেখানেই তার সম্ভাবনা সবচেয়ে ভালো,” তিনি যোগ করেছেন।