ভারতীয় দলের ব্যাটিং নিয়ে চিন্তায় প্রধান কোচ রাহুল দ্রাবিড়
আপডেট করা - Jul 5, 2022 10:00 pm

এগিয়ে থেকে হার। যে ম্যাচ একসময় সকলে ভারতীয় দলের দখলে ভাবতে শুরু করেছিল। সেই ম্যাচেই শেষ দুই ইনিংসে বের করে নিয়ে চলে গেল ইংল্যান্ড। ভারতের হাতের সামনে থেকে এজবাস্টন টেস্ট জিতে সিরিজ ড্র করে ফেলেছে ব্রিটিশরা। আর তাতেই ভারতীয় দলের পারফরম্যান্স নিয়ে ফের হৈচৈ শুরু। নানান প্রশ্ন উঠতেও শুরু করেছে। এবার মুখ খুলেছেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়ও। তৃতীয় ইনিংসে বারবার দলের ব্যাটারদের ব্যর্থতা নিয়ে এবার চিন্তিত তিনি। খানিকটা অসন্তুষ্টও রাহুল দ্রাবিড়।
দক্ষিণ আফ্রিকার পর এবার ইংল্যান্ড। বিদেশের মাটিতে পরপর তিন টেস্টেই ভারতীয় দলের হার দেখতে হয়েছে কোচ রাহুল দ্রাবিড়কে। কেন এমন হচ্ছে সেই কারণ খুঁজতে গিয়েই ভারতীয় দলের ব্যাটিং নিয়ে খানিকটা অখুশি রাহুল দ্রাবিড়। বিশেষ করে তৃতীয় ইনিংসে প্রত্যাকটা টেস্টে ভারতীয় ব্যাটাররা ব্যার্থ হচ্ছে, তা বেশ চিন্তায় রাখছে রাহল দ্রাবিড়কে। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৪১৬ রান করতে পারলেও, তৃতী ইনিংসে ভারত যখন ব্যাটিং করতে নেমেছিল মাত্র ২৪৫ রানেই শেষ হয়ে গিয়েছিল।
এই দৃশ্য শুধু ইংল্যান্ডের বিরুদ্ধে নয়। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় এবং তৃতীয় দুই টেস্টেই দেখা গিয়েছিল। একইসঙ্গে শেষ ইনিংসে ভারতীয় বোলাররাও প্রতিপক্ষের ১০ উইকেট তুলতে ব্যর্থ হচ্ছে। এই সমস্ত ঘটনাই যে রাহুল দ্রাবিড়ের চিন্তা বাড়াচ্ছে তা বলাই বাহুল্য। ইংল্যান্ডের বিরুদ্ধে হারের মঞ্চে সেই কথা এবার উঠেও এল রাহুল দ্রাবিড়ের মুখে।
এজবাস্টনে হেরে ইংল্যান্ডের সঙ্গে ২-২ ফলাফলে সিরিজ ড্র ভারতের
ম্যাচ শেষে রাহুল দ্রাবিড়ে জানিয়েছেন, “প্রতিটা ম্যাচই আমাদের নতুন কিছু শেখায়। এই ম্যাচের পর আমাদের সেদিকে নজর দিতে হবেই। কেন আমরা তৃতীয় ইনিংসে যখন ব্যাটিং করতে নামছি, সেই জায়গায় সফল হতে পারছি না। শুধু ব্যাটাররাই নয়, যেকোনও টেস্টেরই চতুর্থ ইনিংসে আমাদের বোলাররা কেন ১০ উইকেট তুলতে পারছেন না, সেদিকেও নজর দিতে হবে”।
ইংল্যান্ডের প্রথম ইনিংসে ব্যাট হাতে ৪১৬ রান করেছিল ভারত। তেমনই বল হাতেও ভারতীয় বোলাররা ১০ ুইকেট তুলে নিয়েছিল ইংল্যান্ডের। ব্রিটিশদের বিরুদ্ধে লিড নিয়েই ব্যাটিংয়ে নেমেছিল ভারতীয় ব্যাটাররা। কিন্তু ঋষভ পন্থ এবং চেতেশ্বর পূজারার অর্ধশতরান ছাড়া কেউই ইংল্যান্ডের বোলিংয়ের বিরুদ্ধে সফল হতে পারেনি।
বল হাতেও চিত্রটা বদলায়নি। ইংল্যান্ডের তিনব উইকেট তাড়াতাড়ি ভারতীয় বোলাররা তুলে ফেললেও, তারপর কিন্তু সাফল্য অধরাই ছিল তাদের। আর শেষ দুই ইনিংসে ভারতীয় ক্রিকেটারদের এই পারফরম্যান্সই খুশি করতে পারছে না রাহুল দ্রাবিড়কে। আগামী টেস্ট সিরিজে নামার আগে এদিকেই নজর দিতে চান ভারতীয় দলের প্রধান কোচ।