শ্রীলঙ্কার ইতিহাসের ৩০০তম টেস্টে দলকে নেতৃত্ব দিতে পেরে ধন্য দিমুথ করুণারত্নে

মোহালিতে বিরাট কোহলি তাঁর কেরিয়ারের ১০০তম টেস্ট খেলতে চলেছেন

Dimuth Karunaratne
Dimuth Karunaratne. (Photo by ISHARA S. KODIKARA/AFP via Getty Images)

শ্রীলঙ্কার টেস্ট অধিনায়ক দিমুথ করুণারত্নে ভারতের বিরুদ্ধে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য তাঁর উত্তেজনার কথা প্রকাশ করেছেন। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টটি ৪ঠা মার্চ মোহালিতে আয়োজিত হবে। উল্লেখ্য, অষ্টম টেস্ট-খেলিয়ে দেশ হিসেবে ১৯৮২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে কলম্বোতে তাদের ইতিহাসের প্রথম টেস্ট খেলা শ্রীলঙ্কা মোহালিতে তাদের ৩০০তম ম্যাচটি খেলবে।

কাকতালীয়ভাবে, দীর্ঘতম ফর্ম্যাটে শ্রীলঙ্কার ৩০০তম ম্যাচটি হবে প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির ১০০তম টেস্ট ম্যাচ। পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন ঘোষণা করেছে যে ম্যাচটি কোভিড-১৯-এর কথা মাথায় রেখে দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা হবে। টেস্ট সিরিজের আগে ৩৩ বছর বয়সী দিমুথ করুণারত্নে তাঁর চিন্তাভাবনা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন। 

ঐতিহাসিক টেস্টের অংশ হতে পেরে তিনি একদিকে যেমন কৃতজ্ঞ, তেমনই অন্যদিকে দর্শকশূন্য স্টেডিয়ামে এমন একটি টেস্ট খেলতে হওয়ায় তিনি হতাশা প্রকাশ করেছেন। যদিও একইসঙ্গে জানিয়েছেন বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে আয়োজিত হতে চলা দ্বিতীয় টেস্টে দর্শক সমাগমের দিকে তাকিয়ে থাকবেন তিনি।

“৪ মার্চ, আমাদের ৩০০তম টেস্ট ম্যাচ হিসেবে শ্রীলঙ্কা ক্রিকেটের জন্য খুবই বিশেষ দিন৷ এটির অংশ হতে পেরে খুশি এবং ধন্য৷ শুনেছি এটি বিরাট কোহলিরও ১০০তম টেস্ট হতে চলেছে। মোহালিতে কোন ভারতীয় ভক্তদের প্রবেশের অনুমতি দেওয়া হবে না জেনে হতাশ! ব্যাঙ্গালোরের দিকে তাকিয়ে আছি সেখানে ক্রিকেটপাগল ভারতীয় ভক্তরা আসবে,” টুইটারে করুণারত্নে তাঁর মনোভাব ব্যক্ত করেছেন। 

টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কাকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে ভারত

রবিবার ধর্মশালায় সিরিজের তৃতীয় এবং শেষ টি-টোয়েন্টি ম্যাচ জিতে টিম ইন্ডিয়া আরও একটি সিরিজ হোয়াইটওয়াশ করেছে। অধিনায়ক রোহিত শর্মার অধীনে এটি তাদের টানা তৃতীয় টি-টোয়েন্টি সিরিজ জয়। জয়ের জন্য ১৪৭ রান তাড়া করতে গিয়ে, মেন ইন ব্লু মাত্র দ্বিতীয় ওভারে তাদের অধিনায়ক রোহিত শর্মাকে হারিয়ে নড়বড়ে শুরু করেছিল। যদিও আরও একটি হাফ সেঞ্চুরি করে শ্রেয়াস আইয়ার আবারও ত্রাতার ভূমিকায়। মাত্র ১৬.৫ ওভারে চার উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছয় ভারত। তিন ম্যাচে ধারাবাহিকতার জন্য শ্রেয়াস ম্যাচ ও সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

টি-টোয়েন্টি সিরিজ হারার পর, অধিনায়ক দিমুথ করুণারত্নের অধীনে সফরকারীরা সাদা জার্সিতে প্রত্যাবর্তনের জন্য মুখিয়ে থাকবে। করুণারত্নের সঙ্গে লাহিরু থিরিমান্নে, নিরোশান ডিকওয়েল্লা, সুরঙ্গা লাকমালের মতো এমন অনেক অভিজ্ঞ ক্রিকেটার টেস্ট দলে থাকবেন যাঁরা টি-২০ সিরিজে ছিলেন না। এই সিরিজ থেকেই ভারতের পূর্ণ সময়ের টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব নেবেন রোহিত শর্মা। 

close whatsapp