পৃথ্বী শ খেলবেন কি প্রথম টি-২০তে, আপডেট দিলেন অধিনায়ক হার্দিক
দেড় বছর পরে ভারতের টি-২০ দলে ফিরেছেন পৃথ্বী
আপডেট করা - Jan 27, 2023 10:59 am

অধিনায়ক হার্দিক পান্ডিয়া নিশ্চিত করেছেন যে ২৭শে জানুয়ারি, শুক্রবার, রাঁচীর জেএসসিএ আন্তর্জাতিক স্টেডিয়াম কমপ্লেক্সে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে ভারতের ওপেনার হবেন ঈশান কিষান ও শুবমান গিল, এবং পৃথ্বী শ-কে তাঁর সুযোগের জন্য অপেক্ষা করতে হবে।
রাঁচীতে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি খেলবে ভারতীয় দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারতীয়দের হাতে হোয়াইটওয়াশ হওয়ার পরে কুড়ি ওভারের ফর্ম্যাটে নামছে নিউজিল্যান্ড। ভারতীয় স্কোয়াডে মূলত অনভিজ্ঞ ক্রিকেটারদের ভীড়। স্কোয়াডে থাকা জিতেশ শর্মার এখনও টি-২০ আন্তর্জাতিক অভিষেক হয়নি, এবং রাহুল ত্রিপাঠী, শিবম মাভিরা সবেমাত্র একটি টি-২০ সিরিজ খেলেছেন।
সৈয়দ মুশতাক আলি ট্রফির দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন পৃথ্বী শ
অধিনায়ক হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে থাকা খেলোয়াড়দের ছাপ ফেলার এটি একটি দুর্দান্ত সুযোগ রয়েছে। ভারতীয় দল হার্দিকের নেতৃত্বে এখনও অবধি কোনো টি-টোয়েন্টি সিরিজে পরাজয় স্বীকার করেনি। প্রথম টি-টোয়েন্টির প্রাক্কালে মিডিয়াকে সম্বোধন করার সময় হার্দিক বলেছিলেন যে তরুণ পৃথ্বী শকে তাঁর সুযোগের জন্য অপেক্ষা করতে হবে। তিনি আরও নিশ্চিত করেছেন যে ভারতীয় দলের হয়ে দুই ওপেনার হবেন ঈশান কিষান ও শুবমান গিল। কব্জির চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন রুতুরাজ গায়কওয়াড়।
অনেক ক্রিকেটপ্রেমী এবং ক্রিকেট বিশেষজ্ঞরা পৃথ্বী শ’র ভারতীয় দলে ফিরে আসার জন্য অপেক্ষা করছেন। তিনি ঘরোয়া টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে ছিলেন এবং তাঁর পারফর্ম্যান্সের জন্য পুরস্কৃত হয়েছেন। ঘরোয়া টি-২০ টুর্নামেন্ট ২০২২ সৈয়দ মুশতাক আলি ট্রফিতে ১০ ম্যাচে ১৮১.৪২ স্ট্রাইক রেটে ৩৩২ রান করে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন।
অন্যদিকে, শ্রীলঙ্কার বিরুদ্ধে এই মাসের শুরুতেই টি-টোয়েন্টি আন্তর্জাতিকে অভিষেক হয়েছিল গিলের। তবে সেই সিরিজে বিশেষ ছাপ ফেলতে না পারলেও ওডিআই ফর্ম্যাটে অনবদ্য ফর্মে আছেন গিল। বিগত চার ওডিআই ইনিংসে তিনটি সেঞ্চুরি করেছেন যার মধ্যে সম্প্রতি নিউ জিল্যান্ডের বিপক্ষে একটি অসামান্য ডাবল সেঞ্চুরিও রয়েছে।
ভারতীয় দলে বেশ কিছু সিনিয়র খেলোয়াড় নেই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজের আগে রোহিত শর্মা, বিরাট কোহলি, কেএল রাহুলদের বিরতি দেওয়া হয়েছে। ম্যাচের আগে রাঁচীর জেএসসিএ আন্তর্জাতিক স্টেডিয়াম কমপ্লেক্সে স্কোয়াডের সদস্যদের সঙ্গে দেখা করতে এসেছিলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক এমএস ধোনি।