আবারও ব্যাটিংয়ে ধস, প্রথম দিনের শেষে অস্বস্তিতে ভারত
আপডেট করা - Jan 3, 2022 9:57 pm

ম্যাচের আগেই রাহুল দ্রাবিড়ের মুখে আশঙ্কাটার কথা শোনা গিয়েছিল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঠিক সেটাই হল। চুড়ান্ত ব্যর্থ ভারতের মিডল অর্ডার। ওপেনিংয়ে লোকেশ রাহুলের ৫০ এবং শেষের দিকে রবিচন্দ্রন অশ্বিনের ৪৬ রানের সৌজন্যে কোনওরকমে ২০০ রানের গন্ডী পেরোয় ভারত। তা না হলে প্রোটিয়াদের বিরুদ্ধে একশো রান করাও এদিন সম্ভব হত কিনা তা নিশ্চিতভাবে বলা যায়না। প্রথম ইনিংসে ভারত শেষ ২০২ রানে। দিনের শেষে দক্ষিণ আফ্রিকা ১উইকেট ৩৫ রান। প্রথম দিনের শেষে ব্যাটিং ব্যার্থতায় অস্বস্তিতে ভারত।
সেঞ্চুরিয়নে বোলারদের দাপটে প্রথম টেস্ট জিতেছিল ভারত। জোহানেসবার্গে নামার আগেও সেই বোলারদের প্রশংসাই শোনা গিয়েছিল দ্রাবিড়ের মুখে। সেইসঙ্গে মিডল অর্ডারের পারফরম্যান্স নিয়ে আশঙ্কার কথাও শোনা গিয়েছিল ভারতীয় দলের কোচের মুখে। লোকেশ রাহুল ওপেনিংয়ে অর্ধশতরান পেলেও, তাঁকে সঙ্গ দেওয়ার জন্য কেউই ক্রিজে দাঁড়াতে পারলেন না।
পিঠের চোট পেয়ে ম্যাচের দিনই ছিটকে যান বিরাট কোহলি। দায়িত্ব ওঠে লোকেশ রাহুলের কাঁধে। প্রথমবার ভারতীয় টেস্ট দলের দায়িত্ব নিয়ে মাঠে নামেন কর্ণাটকের এই তারকা ব্যাটসম্যান। টস জিতে ব্যাটিং নেন তিনি। লক্ষ্যটা অবশ্যই ছিল বড় রান তোলার। তিনি লড়াইটা চালালেও, তাঁকে সঙ্গ দিতে পারেননি কেউই। ময়াঙ্ক আগরওয়াল সাজঘরে ফেরেন ২৬ রানে।
ব্যর্থ ভারতের মিডল অর্ডার। আবারও রান পেলেন না রাহানে ও পুজারা।
এদিন তাদের প্রয়োজন সবচেয়ে বেশী থাকলেও প্রোটিয়া বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি দলের সবচেয়ে অভিজ্ঞ দুই ব্যাটসম্যান চেতেশ্বর পুজারা এবং অজিঙ্ক রাহানে। অলিভিয়ারের বলে পুজারা ফেরেন ৩ রানে এবং রাহানে বছরের প্রথম ম্যাচেই ০ করেন। মধ্যাহ্নভোজের আগেই ৫৩ রানের মধ্যে ৩ উইকেট খুইয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত।
লড়াইটা প্রথম থেকে একাই চালিয়ে যাচ্ছিলেন লোকেশ রাহুল। কিন্তু শেষপর্যন্ত ৫০ রানে থামতে হয় তাঁকেও। সেইসঙ্গে ভারতেরও রানের গতি একেবারেই কমে যায়। শেষ মুহূর্তে রবিচন্দ্র অশ্বিন না থাকলে হয়ত ২০০ রানের গন্ডী টপকানো একেবারেই সম্ভব হত না। ৫০ বলে অশ্বিনের ৪৬ রানের ইনিংসটাই ভারতকে খানিকটা সম্মানজনক জায়গায় আনে। মাত্র ৪ রানের জন্য অর্ধশতরানটা হাতছাড়া হয় অশ্বিনের।
প্রথম ম্যাচের মতো জোহানেসবার্গেও চাপটা আবারও সেই বোলারদের মাথাতেই। জোহানেসবার্গে সিরিজ জিততে হলে প্রথম ইনিংসে দুরন্ত বোলিং করতে হবে সামি, সিরাজ এবং বুমরাদের। প্রথমদিন অবশ্য এক উইকেচের বেশি তুলতে পারেননি ভারতীয় বোলাররা। এডেন মার্করামকে ৭ রানে ফেরান মহম্মদ সামি। দিনের শেষে দক্ষিণ আফ্রিকার রান ১ উইকেটে ৩৫। ক্রিজে রয়েছেন ডিন এলগার ও কিগান পিটারসন।