গুজরাট টাইটান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়ার প্রশংসা করলেন পল কলিংউড
আপডেট করা - Apr 22, 2023 8:58 pm

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬ তম সংস্করণের ৩০ তম ম্যাচে কেএল রাহুলের নেতৃত্বাধীন দল লখনউ সুপার জায়ান্টাসকে (এলএসজি) ৭ রানে পরাজিত করেছে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন দল গুজরাট টাইটান্স। এই মরসুমে এটি ছিল জিটির চতুর্থ জয়।
প্রাক্তন ইংল্যান্ড অলরাউন্ডার পল কলিংউড হার্দিক পান্ডিয়ার অধিনায়কত্বের প্রশংসা করেছেন। তিনি বলেছেন যে ইংল্যান্ডের কোচ থাকাকালীন হার্দিক পান্ডিয়া তাকে সবথেকে বেশি সমস্যার মধ্যে ফেলেছিলেন। এছাড়াও তিনি বলেছেন যে হার্দিক তার পারফরম্যান্সের মাধ্যমে খেলার মোড় ঘুরিয়ে দিতে পারেন।
স্টার স্পোর্টসকে পল কলিংউড বলেন, “হার্দিক পান্ডিয়া একজন রকস্টার এবং অন্যতম সেরা অলরাউন্ডার। তিনি সামনে থেকে নেতৃত্ব দেন। যখন আমরা ভারতের বিপক্ষে খেলেছিলাম তখন ইংল্যান্ডের কোচ হিসেবে তিনি আমার জন্য সবথেকে বেশি সমস্যার সৃষ্টি করেছিলেন। তিনি এমন একজন খেলোয়াড় যিনি তার পারফরম্যান্সের মাধ্যমে খেলার রূপ পরিবর্তন করতে পারেন এবং সেই কারণেই তিনি যেকোনো প্রতিপক্ষের জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়ান।”
লখনউ সুপার জায়ান্টাসের বিরুদ্ধে ব্যাট হাতে একটি দুর্দান্ত ইনিংস খেলেন হার্দিক পান্ডিয়া
আইপিএলের ১৬ তম সংস্করণের নিজের প্ৰথম ৩টি ম্যাচে ব্যাট হাতে খুব বেশি রান করতে পারেননি হার্দিক পান্ডিয়া। তিনি এমএস ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংসের (সিএসকে) বিরুদ্ধে ১১ বলে ৮ রান, ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালসের (ডিসি) বিরুদ্ধে ৪ বলে ৫ রান, শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন পাঞ্জাব কিংসের (পিবিকেএস) বিরুদ্ধে ১১ বলে ৮ রান করেন। এর পরের ম্যাচে সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন রাজস্থান রয়্যালসের (আরআর) বিরুদ্ধে বড় ইনিংস খেলতে না পারলেও রানে ফেরেন হার্দিক। তিনি সেই ম্যাচে ১৯ বলে ২৮ রান করেন।
লখনউ সুপার জায়ান্টাসের বিরুদ্ধে তিনি ৫০ বলে ৬৬ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। তার ইনিংসে ছিল ২টি চার এবং ৪টি ছয়। একানা ক্রিকেট স্টেডিয়ামের স্লো পিচে তিনি জিটিকে একটি সম্মানজনক স্কোরে পৌঁছতে সাহায্য করেন। একসময় মনে হচ্ছিল যে এলএসজি খুব সহজেই এই ম্যাচটি জিতে যাবে, কিন্তু শেষমেশ তাদের মুখের সামনে থেকে জয় ছিনিয়ে নেয় জিটি। এই মুহূর্তে পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে রয়েছে গুজরাট টাইটান্স। তাদের নেট রান রেট হল +০.২১২। ২৫শে এপ্রিল, মঙ্গলবার, নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নিজেদের পরবর্তী ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের (এমআই) মুখোমুখি হবে।