“একদা এমআই, সর্বদা এমআই” – আইপিএল থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত জানালেন কাইরন পোলার্ড
আইপিএলের অধ্যায়ে একটি সাফল্যমণ্ডিত কেরিয়ারের সমাপ্তি
আপডেট করা - Nov 15, 2022 3:11 pm

ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ অলরাউন্ডার কাইরন পোলার্ড ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে অবসরের কথা ঘোষণা করেছেন। আইপিএলের পোলার্ডের যাত্রা শুরু হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে এবং সেই জার্সিকে বিদায় জানানোর পাশাপাশি আইপিএল থেকেও সরে দাঁড়ালেন পোলার্ড। তাঁর সাম্প্রতিক ফর্ম ভালো যাচ্ছিল না এবং জল্পনা ছিল নিলামের আগে তাঁকে এমআই ছেড়ে দিতে পারে। তবে পোলার্ড তাঁর বিবৃতিতে জানিয়েছেন তিনি প্রতিপক্ষ হিসাবে কখনই মুম্বাইয়ের মুখোমুখি হতে চান না বলে নগদ সমৃদ্ধ লিগকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন।
ক্রিকেটার হিসেবে বিদায় জানালেও মুম্বাই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে তাঁর সম্পর্ক ছিন্ন হচ্ছে না। আসন্ন মরসুমের জন্য পোলার্ডকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। পোলার্ড ২০১০ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে চুক্তিবদ্ধ হন এবং তারপর থেকে কুড়ি ওভারের ফর্ম্যাটের সেরা খেলোয়াড়দের একজন হয়ে উঠেছেন। দীর্ঘ ১৩ বছরের সম্পৃক্ততায় পোলার্ড ফ্র্যাঞ্চাইজির হয়ে ৫টি আইপিএল এবং ২টি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জিতেছেন।
“আমি আরও কয়েক বছর খেলা চালিয়ে যেতে চেয়েছিলাম বলে এই সিদ্ধান্তটি নেওয়া সহজ ছিল না, তবে মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনার পরে আমি আইপিএল কেরিয়ার শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। যে ফ্র্যাঞ্চাইজি এত কিছু অর্জন করেছে, তাকে পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হবে এবং আমি যদি এমআইয়ের হয়ে না খেলি তবে এমআইয়ের বিরুদ্ধেও খেলতে পারব না। একদা এমআই, সর্বদা এমআই,” পোলার্ড তাঁর বিবৃতিতে জানিয়েছেন।
“যদিও, এটি এমআই-কে একটি আবেগপূর্ণ বিদায় নয়, কারণ আমি আইপিএলে ব্যাটিং কোচের ভূমিকা গ্রহণের পাশাপাশি এমআই এমিরেটসের হয়ে খেলতে সম্মত হয়েছি। আমি ভীষণভাবে গর্বিত, সম্মানিত বিগত ১৩ বছরে আইপিএলের সবচেয়ে সফল দলের সঙ্গে যুক্ত হতে পেরে। খেলোয়াড় হিসেবে আইপিএলে খেলার অভিজ্ঞতা মিস করলেও বিশ্বের কিছু সেরা খেলোয়াড়দের সঙ্গে প্যাশনেট ফ্যানদের সামনে খেলতে পারার অভিজ্ঞতার কথা ভেবে তৃপ্ত,” টুইটারে পোস্ট করা নোটে পোলার্ড আরও লিখেছেন।
কাইরন পোলার্ডের আবেগপূর্ণ বার্তা
💙#OneFamily @KieronPollard55 pic.twitter.com/K5BVlTDeN0
— Mumbai Indians (@mipaltan) November 15, 2022
মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে ত্রিনিদাদের অলরাউন্ডার মোট ১৮৯টি ম্যাচ খেলেছেন। বিস্ফোরক ব্যাটার ১৭১ ইনিংসে ৩৪১২ রান করেছেন ৮৭* সর্বোচ্চ স্কোরসহ। ১৪৭৩২-এর অনবদ্য স্ট্রাইক রেট রাখার পাশাপাশি মোট ১৬টি হাফ সেঞ্চুরিও করেছেন পোলার্ড। বল হাতে খুব বেশী সুযোগ না পেলেও স্বল্প সুযোগে ৬৯ উইকেট ৮.৭৯ ইকোনমি রেটে।
একজন খেলোয়াড় হিসাবে তাঁর গৌরবময় যাত্রার জন্য পোলার্ডের প্রশংসা করেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের মালিক মিসেস নীতা আম্বানি এবং ব্যাটিং কোচ হিসাবে তাঁর নতুন যাত্রার জন্য তাঁকে শুভকামনা জানিয়েছেন।
নীতা আম্বানি বলেছেন, “আমার জন্য, পোলার্ড উদাহরণ যার জন্য মুম্বাই ইন্ডিয়ান্স পরিচিত – খেলেঙ্গে দিল খুল কে! তৃতীয় মরসুম থেকে, আমরা আনন্দ, ঘাম এবং অশ্রু ভাগ করেছি – সেই শক্তিশালী আবেগগুলি যা মাঠে এবং মাঠের বাইরে আজীবন বন্ধন তৈরি করে। সে এমআই-এর সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং আমাদের চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি এবং সমস্ত ৫টি আইপিএল জয়ী দলের অংশ হয়েছে। এমআইয়ের ব্যাটিং কোচ হিসেবে তরুণ খেলোয়াড়দের পরামর্শ দেবে। আমি তার অনেক মঙ্গল কামনা করি!”