স্লগ ওভারে অতিরিক্ত রান দেওয়াটাই চিন্তায় রাখছে নিকোলাস পুরানকে
আপডেট করা - Aug 1, 2022 4:24 pm

একদিনের পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজেও জয় দিয়ে যাত্রা শুরু করেছে ভারতীয় দল। প্রথম ম্যাচেও ক্যারিবিয়ান ব্রিগেডকে বিরাট ব্যাবধানে হারিয়েছিল ভারতীয় দল। সেই ম্যাচে স্লগ ওভারে ক্যারিবিয়ান বোলাররা তাদের চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন। দ্বিতীয় টি টোয়েন্টিতে নামার আগে সেটাই চিন্তায় রাখছে নিকোলাস পুরানকে। বোলারদের শেষের দিকে অত্যধিক রান দেওয়াতেই ম্যাচ তাদের হাতের বাইরে চলে যাচ্ছে। আর সেদিকেই এখন নজর দিতে চাইছে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরান।
ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচে বোলিংয়ের শুরুটা বেশ ভালভাবেই করেছিল ওয়েস্ট ইন্ডিজ। রোহিত শর্মাকে বাদ দিলে ভারতীয় দলের টপ অর্ডারকে শেষ করে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজের বোলিং পারফরম্যান্স। কিন্তু শেষের দিকেই ম্যাচের রং বদলে দিয়েছিল ভারত। দীনেশ কার্তিকের দুর্ধর্ষ পারফরম্যান্সের জন্য শেষ কয়েক ওভারে নাজেহাল হয়ে গিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের বোলাররা। একসময় ভারতের রান ১৫০ হবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন সকলে।
শেষ চার ওভারে ওয়েস্ট ইন্ডিজের বোলাররা ৫২ রান দিয়েছিলেন
সেই জায়গা থেকেই দীনেশ কার্তিকের ১৯ বলে ৪১ রানের ইনিংসটা বদলে দিয়েছিল সবকিছু। সেখানেই শেষ চার ওভারে ৫২ রান দিয়েছিল ওয়েস্ট ইবন্ডিজ বোলাররা। আর সেটাই যে তাদের হাত থেকে ম্যাচ বের করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল তা বলার অপেক্ষা রাখে না। এমনকী ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরানও সেটা মেনে নিতে দ্বিধা করেননি। দ্বিতীয় ম্যাচে নামার আগে সেদিকেই নজর দেওয়ার ইঙ্গিত নিকোলাস পুরানের গলায়।
এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “এই জায়গাটা ঠিক করার দিকেই আমরা দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এই দিকটাই একটা এমন জায়গা যেখানে প্রতিকটা দল আমাদেরকে বারবার আঘাত করে চলেছে। দলগতভাবে আমরা সবকিছুই যথেষ্ট ভালভাবে বুঝতে পারছি। সেই জায়গাটা ঠিক করার সঙ্গে যাতে ডেথ ওভারে আরও উন্নতি করতে পারি সেই চেষ্টাতেই রয়েছি সকলে”।
একদিনের সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ করে দিয়েছে ভারত। এবার টি টোয়েন্টিতেও সেই লক্ষ্যেই এগোনে শুরু হয়ে গিয়েছে টিম ইন্ডিয়ার। ক্যারিবিয়ান ব্রিগেডের দুর্বলতাটা কোন জায়গায় রয়েছে তা অন্যান্য দেশের মতো ভারতীয় দলও যে বুঝে গিয়েছে, তা এখন স্পষ্ট নিকোলাস পুরানের কাছে। দ্বিতীয় ম্যাচে নামার আগে সেই জায়গাটাই ঠিক করার বার্তা ওয়েস্ট ইন্ডিজ অধিনায়কের মুখে। ক্যারিবিয়ান ব্রিগেড ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটাই এখন দেখার।