অস্ট্রেলিয়ার মাটিতে টি২০ বিশ্বকাপ জয়ের ব্যপারে আত্মবিশ্বাসী গ্লেন ফিলিপস

New Zealand team
New Zealand team. (Photo by Kerry Marshall/Getty Images)

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ ক্লিন সুইপ করতে পারেনি নিউ জিল্যান্ড। কিন্তু ২-১-এসিরিজ জয় তাদের হয়ে গিয়েছে। বিশ্বকাপের আগে তাদের ড্রেস রিহার্সাল যে হয়ে গিয়েছে তা নিয়ে কোনও সন্দেহ নেই। আর ক্যারিবিয়ান ব্রিগেডের বিরুদ্ধে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখানোর পরই বড় বার্তা নিউ জিল্যান্ডের তারকা ব্যাটার গ্লেন ফিলিপসের। আগামী ১৬ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় শুরু হতে চলেছে টি টোয়েন্টি বিশ্বকাপ। অজিদের মাটিতে সেই প্রতিযোগিতা জয়ের জন্য তাদের দল প্রস্তুত বলেই জানিয়ে দিয়েছেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দলের স্পিনাররা দুরন্ত পাররম্যান্স দেখিয়েছেন। সেইসঙ্গে ফিল্ডিংয়েও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করেছেন তারা। এমন চিত্র দেখার পরই যেন খানিকটা স্বস্তিতে রয়েছে নিউ জিল্যান্ড ক্রিকেট শিবির। গ্লেন ফিলিপসও এই পারফরম্যান্স দেখে যথেষ্ট খুশি হয়েছেন। সামনেই রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ। সেখানেই স্পিন এবং ফিল্ডিংয়ে তাদের এই ব্যালান্সড পারফরম্যান্সই বিশ্বকাপ জয়ের দিকে খানিকটা এগিয়ে রাখছে বলে মনে করছেন তারা।

২০২১ টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল নিউ জিল্যান্ড

গতবার টি টোয়েন্টি বিশ্বকাপের আসর বসেছিল সংযুক্ত আরব আমিরশাহীর মাটিতে। সেখানেই ফাইনালে পৌঁছেছিল নিউ জিল্যান্ড। কিন্তু শেষরক্ষা করতে পারেনি তারা। অস্ট্রেলিয়ার কাছে হেরেই টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ভেঙেছিল তাদের। এবার সেই অস্ট্রেলিয়ার মাটিতেই বিশ্বকাপের আসর। সেখানে দলের স্পিন আক্রমণ এবং ফিল্ডিংয়ের এই ভারসাম্যটাই যেন আত্মবিশ্বাস বাড়াচ্ছে তাদের। বিশেষ করে গ্লেন ফিলিপস টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের ব্যপারে একেবারে আত্মবিশ্বাসে ভরপুর রয়েছেন।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয়ের পর গ্লেন ফিলিপস জানিয়েছেন, “আমাদের ফিঙ্গার স্পিনাররা সত্যিই খুব ফর্মে রয়েছেন। ঈশ সোধির মতো বোলারের যেকোনও পরিস্থিতিতে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে। তিনি সত্যিই অসাধারণ একজন বোলার। সেইসঙ্গে যেভাবে মিচেল ব্রেসওয়েল এবং স্যান্টনার পারফরম্যান্স দেখিয়েছেন তাতে দলের মধ্যে অনেক বেশী ভারসাম্য তৈরি হয়েছে। তবে অস্ট্রেলিয়ার মাটিতে দীর্ঘ বাউন্ডারি একটা বড় ভূমিকা নেবে”।

অস্ট্রেলিয়ার মাটি বরাবরই পেসারদের জন্য স্বর্গরাজ্য। কিন্তু সেখানেই তাদের দলের স্পিনাররা যে সফল হতে পারবেন সে ব্যপারে যথেষ্ট আশাবাদী নিউ জিল্যান্ড ব্যাটার গ্লেন ফিলিপস। ওয়েস্ট ইন্ডিজের পিচও পেসারদেরই বেশী সাহায্য করে। সেখানেই নিউ জিল্যান্ডের স্পিনাররা সুবিধা পেয়েছেন। এখানেই যে তারা বিশ্বকাপের প্রিভিউটা সেরে নিয়েছেন তা গ্লেন ফিলিপসের কথাতেই বেশ স্পষ্ট।

অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বকাপ শুরু আর মাত্র দু মাস বাকি রয়েছে। সেখানে যে কিউই বাহিনী সাফল্য পাওয়ার ব্যপারে মরিয়া হয়ে রয়েছেন তা এখন বেশ স্পষ্ট।

close whatsapp