তৃতীয় টেস্টে ১১টি উইকেট পাওয়ার পর নিজের মতামত জানালেন নাথান লিয়ন
আপডেট করা - Apr 3, 2023 4:19 pm

বর্ডার-গাভাস্কার ট্রফি ২০২৩-এর তৃতীয় টেস্টে জয়লাভ করেছে অস্ট্রেলিয়া। আর এই জয়ের পেছনে যার সবচেয়ে বড়ো হাত রয়েছে তিনি হলেন নাথান লিয়ন। ভারতের প্রথম ইনিংসে ৩৫ রানে ৩ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ৬৪ রানে ৮ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন তিনি। অশ্বিন এবং জাদেজার মতো অভিজ্ঞ স্পিনারের বিপক্ষে থেকে তাদেরকে ছাপিয়ে যাওয়া খুবই শক্ত কাজ। আর সেটাই করে দেখিয়েছেন নাথান লিয়ন।
নাথান লিয়ন বিশ্বাস করেন যে তিনি নিজের স্টক বলের সাহায্যে দীর্ঘ সময়কাল জুড়ে বিশ্বের বড়ো বড়ো ব্যাটসম্যানদের চ্যালেঞ্জ করতে পারেন। ভারতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটারদের উইকেট নিতে পেরে তিনি নিজেকে ভাগ্যবান বলে মনে করেছেন। ক্রিকেটের এই উচ্চস্তরে তিনি নিজেকে চ্যালেঞ্জ করতে ভালোবাসেন বলেও জানিয়েছেন।
ম্যাচসেরার পুরস্কার নেওয়ার সময় তিনি বলেন, “এই টেস্ট সিরিজটি অসাধারণভাবে এগোচ্ছে। এখানে এসে এবং দল হিসেবে এতো ভালো খেলতে পারার জন্য আমি গর্বিত। দলের সব খেলোয়াড়দের জেতার পর উচ্ছসিত হতে দেখে খুব ভালো লাগছে।”
নিজের বোলিংয়ের রহস্য ফাঁস করলেন নাথান লিয়ন
ম্যাচ সেরার পুরস্কার নেওয়ার সময় এতগুলি উইকেট নেওয়ার ব্যাপারে তিনি বলেন, “বোলিংয়ের সব কৌশল বা সব ধরন আমার জানা নেই কিন্তু আমি নিজের স্টক বলের উপর খুবই ভরসা করি এবং এটিই বিশ্ব ক্রিকেটে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, যদি তুমি নিজের সেরা বলটির উপর ভরসা করো তাহলে অনেক সময়কাল ধরে তুমি বড়ো বড়ো খেলোয়াড়দের চ্যালেঞ্জ করতে পারবে। আমার মনে হয় না ভারতীয় ব্যাটসম্যানদের আউট করার সব কৌশল আমি জানি, আমি খুবই ভাগ্যবান যে বিরাট, পূজারা এবং বাকি বড়ো বড়ো ব্যাটসম্যানদের আউট করতে পেরেছি, আমি ক্রিকেটের এই উচ্চস্তরে নিজেকে চ্যালেঞ্জ করতে এবং তার থেকে রোমাঞ্চ পেতে খুবই পছন্দ করি।”
এই ম্যাচ জেতার সাথে সাথে প্রথমবারের জন্য অস্ট্রেলিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডাব্লুউটিসি) ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করলো। ৭ই জুন থেকে ১১ই জুন ইংল্যান্ডের ওভালে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। চোটের কারণে দল অনেক সমস্যায় জর্জরিত থাকার পরেও এই সিরিজের তৃতীয় টেস্টটি জিততে পারাটা অস্ট্রেলিয়ার জন্য অনেক বড়ো পাওনা। এখন অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য হল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন্সশিপের ফাইনাল। তার আগে দলকে অবশ্যই পুরোপুরিভাবে ফিট চাইবে অস্ট্রেলিয়া।