আইপিএলে আবারও অল রাউন্ডারের ভূমিকাতেই দেখা যাবে তাঁকে, বার্তা হার্দিক পান্ডিয়ার

Hardik Pandya
Hardik Pandya. (Photo by Francois Nel/Getty Images)

আইপিএলের নতুন মরসুমে এবার নতুন ভূমিকায় দেখা যাবে হার্দিক পান্ডিয়াকে। আহমেদাবাদের অধিনায়কের দায়িত্ব এখন হার্দিকের কাঁধে। সেই দায়িত্ব নিতে তিনি যেমন প্রস্তুত, তেমনই আইপিএলের মঞ্চে ফের দেখা যাবে সেই অল রাউন্ডার হার্দিক পান্ডিয়াকে। ফিট হয়ে বার্তা ভারতীয় দলের রকস্টার পান্ডিয়ার। এখন শুধুই মাঠে ফেরার অপেক্ষায় রয়েছেন তিনি। আর হার্দিকের এই বার্তা যে ভারতীয় ক্রিকেট মহলে খানিকটা হলেও স্বস্তি এনে দিচ্ছে তা বলাই বাহুল্য।

গত দু বছর ধরে ক্রিকেটের বাইশ গজে হার্দিকের সময়টা একেবারেই ভাল যায়নি। বিশেষ করে অল রাউন্ডার হিসাবে তাঁকে দেখাই যায়নি। আর সেটাই ক্রমশ তাঁর বিরুদ্ধে বিতর্কে উষ্কানি দিয়েছে। প্রাক্তন থেকে বিশেষজ্ঞরা হার্দিকের বিরুদ্ধে নানান কথা বলেছেন। আইপিএলের মঞ্চে ফের সেই বিধ্বংসী ফর্মে ফিরে তারই জবাবটা হয়ত এবার দিতে চাইছেন হার্দিক পান্ডিয়া।

ব্যাকস্টেজ উইথ বোরিয়া অনুষ্ঠানে হার্দিক তাঁর ফিটনেস প্রসঙ্গে জানান, “আমার প্রস্তুতি জোরকদমে চলছে। সবকিছু যেভাবে এগোচ্ছে তাতে আসন্ন আইপিএলে ফের অল রাউন্ডারের ভূমিকাতেই দেখা যাবে আমায়। তবে কোনও কিছু যদি খারাপ হয় তাতে আমার কোনও হাত নেই। তবে আমি নিজেকে প্রস্তুত মনে করছি। এবং মানসিকভাবেও শক্তিশালী রয়েছি। এরপর সব তো সময়ই বলবে”।

টি টোয়েন্টি বিশ্বকাপে শেষবার ভারতীয় দলের জার্সিতে দেখা গিয়েছিল হার্দিক পান্ডিয়াকে। কিন্তু সেখানেও চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। আর বিশ্বকাপের পরই ফিটনেসের জন্য নির্বাচকদের থেকে সময় চেয়ে নিয়েছিলেন তিনি। যেজন্য দক্ষিণ আফ্রিকা ও নিউ জিল্যান্ড সিরিজে ভারতীয় দলে দেখা যায়নি হার্দিক পান্ডিয়াকে। আর সেইসঙ্গেই হার্দিকের দলে ফেরা নিয়ে শুরু হয়ে গিয়েছিল জল্পনা।

কোমড়ে চোট এরপরই অস্ত্রোপচার। সেই থেকেই অলরাউন্ডার হার্দিকের পারফরম্যান্সের গ্রাফ নামতে শুরু করে। আইপিএলের ম়়ঞ্চে যে ছবিটা সবার আগে দেখা যায়। গতবারের আইপিএলের শুরু থেকেই বল হাতে হার্দিক পান্ডিয়াকে দেখা যায়নি। বলা বাহুল্য প্রথম দিকের বেশ কয়েকটি ম্যাচে খেলানোই হয়নি তাঁকে। এরপর দলে ফিরলেও একটিও ম্যাচে হার্দিক বল করেননি।

একই চিত্র দেখা গিয়েছিল ভারতীয় দলের জার্সিতেও। গত পাঁচ বছরে ভারতীয় দলের সেরা অল রাউন্ডারের তকমা ছিল তাঁর গায়ে। কিন্তু অস্ত্রোপচারের পর থেরেই ভূমিকাটা যেন খানিকটা বদলে গিয়েছিল হার্দিক পান্ডিয়ার। দলে ফিরলেও, খুব একটা বল করতে দেখা যেত না তাঁকে। এরপর বিশ্বকাপের দলে তাঁকে দেখার পর থেকেই প্রাক্তন থেকে বিশেষজ্ঞরা হার্দিকের ফর্ম নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন। সেই সময় অবশ্য নির্বাচকরা বলেছিলেন হার্দিককে নাকি অল রাউন্ডার হিসাবেই দলে নেওয়া হয়েছিল।

যদিও বিশ্বকাপের প্রথম ম্যাচে বল করতে দেখা যায়নি হার্দিককে। গোটা টি টোয়েন্টি বিশ্বকাপে মাত্র কয়েক ওভার বল করেছিলেন হার্দিক। এরপরই বিশ্বকাপ বিপর্যয়। তাতেই উঠেছিল সমালোচনার ঝড়। হার্দিক অবশ্য নিজেকে আরও ফিট করার জন্য তখনই সময় চেয়ে নিয়েছিলেন। এরইমাঝে আইপিএলে বিশাল প্রস্তাব। নতুন দল আহমেদাবাদের অধিনায়ক হয়েছেন হার্দিক পান্ডিয়া।

একসময় তাঁর অল রাউন্ড পারফরম্যান্সে মুম্বি ইন্ডিয়ান্স বহু ম্যাচ জিতেছে। এবার নতুন দলে নতুন দায়িত্ব। মাঠে নামার আগেই ভক্তদের জন্য বার্তা হার্দিক পান্ডিয়ার। আবারও তাঁকে সেই পুরনো অল রাউন্ডার হিসাবেই দেখা যাবে আইপিএলের মঞ্চে।

 

 

close whatsapp