“আমার ওডিআইয়ের পরিসংখ্যান খুবই খারাপ এবং এটা মেনে নিতে লজ্জার কিছু নেই” – সূর্যকুমার যাদব
আপডেট করা - Aug 9, 2023 1:48 pm

সূর্যকুমার যাদব যে টি-২০ ক্রিকেটে বিশ্বের সেরা ব্যাটারদের মধ্যে একজন সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। তিনি তার অনন্য ব্যাটিং শৈলীর মাধ্যমে সারা বিশ্বের দর্শকদের মুগ্ধ করেছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্স (এমআই) এবং আন্তর্জাতিক টি-২০ ফরম্যাটে ভারতীয় দল উভয়ের হয়েই অসাধারণ ব্যাটিং পারফরম্যান্সের প্রদর্শন করেছেন তিনি।
তবে, ওডিআই ক্রিকেটে এই ৩২ বছর বয়সী ব্যাটার এখনও পর্যন্ত খুব একটা ভালো পারফরম্যান্সের প্রদর্শন করতে পারেননি। সূর্যকুমার যাদব ভারতের হয়ে এখনও পর্যন্ত ২৬টি একদিনের ম্যাচ খেলেছেন এবং মাত্র ৫১১ রান সংগ্রহ করতে পেরেছেন। তার গড় হল ২৪.৩৩। ২০২৩ সালে তিনি ১০টি ওডিআই খেলেছেন এবং মাত্র ১৪ রান করতে সক্ষম হয়েছেন।
সম্প্রতি, ওডিআই ক্রিকেটে নিজের পারফরম্যান্সের ব্যাপারে মুখ খুলেছেন সূর্যকুমার যাদব। এই ৩২ বছর বয়সী খেলোয়াড় স্বীকার করেছেন যে একদিনের ক্রিকেটে তার পারফরম্যান্স খুবই খারাপ। এছাড়াও তিনি বলেছেন যে এই ফরম্যাটে তার পরিকল্পনা কি হওয়া উচিত সেই ব্যাপারে তিনি কেএল রাহুল এবং অধিনায়ক রোহিত শর্মার সাথে আলোচনা করেছেন।
ইন্ডিয়ান এক্সপ্রেস সূর্যকুমার যাদবের বক্তব্যকে উদ্ধৃত করেছে, “আমার ওডিআইয়ের পরিসংখ্যান খুবই খারাপ এবং এটা মেনে নিতে লজ্জার কিছু নেই। সৎ থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। রোহিত এবং রাহুল আমাকে বলেছেন যে এটি এমন একটি ফরম্যাট যা আপনি খুব বেশি খেলেননি এবং আপনাকে সেই ব্যাপারে ভাবতে হবে। আমরা চাই আপনি ৪৫ থেকে ৫০ বল খেলুন (যদি আপনি শেষ ১৫ থেকে ১৮ ওভার ব্যাটিং করেন) এবং আপনি সেই অনুযায়ী খেলবেন, এখন এই দায়িত্বটিকে একটি সুযোগে পরিণত করা এবং দলের সাফল্যে অবদান রাখাটা আমার হাতে রয়েছে।”
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচে একটি দুর্দান্ত ইনিংস খেলেছেন সূর্যকুমার যাদব
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে প্ৰথম দুটি ম্যাচে পরাজিত হওয়ার পর তৃতীয় ম্যাচে জয়ে ফিরেছে ভারত। এই ম্যাচে সূর্যকুমার যাদব একটি দুর্ধর্ষ ইনিংস খেলেন। তিনি মাত্র ৪৪ বলে ৮৩ রান করেন। তার ইনিংসে ছিল ১০টি চার এবং ৪টি ছয়।
ওয়েস্ট ইন্ডিজ প্ৰথমে ব্যাটিং করে স্কোরবোর্ডে ২০ ওভারে ৫ উইকেটে ১৫৯ রান তুলেছিল। ভারত ১৭.৫ ওভারে ৩ উইকেটে ১৬৪ রানে পৌঁছে ম্যাচটি জিতে নিয়েছিল।