ভারতীয় দলে সুযোগ পাওয়ার পর নিজের প্রতিক্রিয়া জানালেন যশস্বী জয়সওয়াল

Yashasvi Jaiswal
Yashasvi Jaiswal. (Image Source: Twitter)

২৩শে জুন, শুক্রবার, ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ভারতের দল ঘোষণা করেছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটি টেস্ট ম্যাচ, তিনটি একদিনের ম্যাচ এবং পাঁচটি টি-২০ ম্যাচ খেলবে ভারত। তবে বিসিসিআই শুধুমাত্র টেস্ট এবং ওডিআই-এর জন্যই দল ঘোষণা করেছে। পাঁচটি টি-২০-এর জন্য তারা পরে দল ঘোষণা করবে বলে জানিয়েছে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩ চলাকালীন যশস্বী জয়সওয়ালের ব্যাটিং দেখে অনেক ক্রিকেট বিশেষজ্ঞরাই বলেছিলেন যে এইবার তাকে জাতীয় দলে সুযোগ দেওয়া উচিত। শেষমেশ অপেক্ষার অবসান হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ভারত যে দল ঘোষণা করেছে তাতে যশস্বীর নাম রয়েছে। সম্প্রতি, ভারতীয় দলে সুযোগ পাওয়ার পর যশস্বী জয়সওয়াল নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন।

পিটিআই-কে দেওয়া একটি সাক্ষাৎকারে যশস্বী জয়সওয়াল বলেন, “আমার বাবা (জানতে পেরে) কাঁদতে শুরু করলেন। আমি এখনও আমার মায়ের সাথে দেখা করিনি; আমি কিছু সময় পর তার সাথে দেখা করতে যাব। আমি সকাল থেকে বাইরে ছিলাম, একটি অনুশীলন সেশনের পাশাপাশি অন্য কিছু কাজ ছিল।”

তিনি আরও বলেন, “আমি ভালো অনুভব করছি, আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব। আমি উত্তেজিত কিন্তু একই সাথে আমি সেখানে গিয়ে শুধু নিজেকে প্রকাশ করতে চাই।”

“আমি একটু ঘাবড়ে গিয়েছিলাম” – যশস্বী জয়সওয়াল

আইপিএলের ১৬ তম সংস্করণে রাজস্থান রয়্যালসের (আরআর) এই ওপেনার ১৪টি ম্যাচ খেলে ৬২৫ রান করেছিলেন। তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের (এমআই) বিরুদ্ধে ৬২ বলে ১২৪ রানের একটি দুরন্ত ইনিংস খেলেছিলেন। আইপিএলে এটিই হল তার সর্বোচ্চ রান। এই মরসুমের অরেঞ্জ ক্যাপের তালিকায় তিনি পঞ্চম স্থানে শেষ করেছিলেন।

যশস্বী জয়সওয়াল বলেন, “আমি একটু ঘাবড়ে গিয়েছিলাম, যতক্ষণ না জানবেন দলে আপনার নাম আছে, ততক্ষণ পর্যন্ত আপনার মন আনচান করে। তবে এটা একটা ভালো অনুভূতি।”

তিনি আরও বলেন, “আমার প্রস্তুতি ভালো চলছে এবং সিনিয়র খেলোয়াড়দের সাথে আমাকে অনেক কথা বলতে হয়েছে। কথোপকথন খুব সহজ হয়েছে – আমার কাজ হল মনোযোগ দেওয়া। আমি তাদের কাছ থেকে শিখেছি যে শেষ পর্যন্ত ‘সবকিছু আপনাকেই সামলাতে হবে, আপনি কীভাবে এটিকে এগিয়ে নিয়ে যাবেন সেটা আপনাকেই দেখতে হবে’।”

close whatsapp